রবিবার (১৯ জুলাই) সকাল ১১টায় তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়সহ উপজেলার নির্বাচিত ৭টি শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। যুক্তরাজ্যের রয়্যাল ন্যাশনাল লাইফবোট ইনস্টিটিউশন (RNLI) এবং প্রিন্সেস শার্লিন অব মোনাকো ফাউন্ডেশন-এর আর্থিক সহযোগিতায়, 'নিরাপদে ভাসা' প্রকল্পের আওতায় এই প্রতিযোগিতার আয়োজন করে সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ, বাংলাদেশ (সিআইপিআরবি)।
অনুষ্ঠানে বয়স ও শ্রেণীভেদে দুটি গ্রুপে বিভক্ত হয়ে মোট ১৪০ জন শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিটি বিদ্যালয় থেকে ২০ জন করে শিক্ষার্থী তাদের সৃজনশীল রঙ-তুলির আঁচড়ে ক্যানভাসে ফুটিয়ে তুলেছে জীবন বাঁচানোর নান্দনিক বার্তা। পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধের উপায়, নিরাপদ জলাশয় ব্যবহারের নিয়মাবলী, শিশু নিরাপত্তা বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক। শিক্ষার্থীদের আঁকা চমৎকার সব ছবি থেকে প্রতিটি বিদ্যালয়ের দুটি গ্রুপের প্রথম স্থান অধিকারী মোট ১৪ জন শিক্ষার্থীর চিত্রকর্ম চূড়ান্ত পর্বের জন্য নির্বাচন করা হয়েছে।
উল্লেখ্য, আগামী ২২ জুলাই ২০২৬ তারিখে উপজেলা পর্যায়ে 'বিশ্ব পানিতে ডুবা প্রতিরোধ দিবস'-এর মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই বিশেষ অনুষ্ঠানে নির্বাচিত ১৪টি চিত্রকর্ম নিয়ে একটি আকর্ষণীয় প্রদর্শনীর আয়োজন করা হবে। সেখানে সম্মানিত বিচারকমণ্ডলীর মূল্যায়নের ভিত্তিতে চূড়ান্তভাবে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণ করে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।