শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৪টার দিকে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার চকনদী গ্রামের বাড়ি থেকে হাতির পিঠে বরযাত্রা শুরু করেন সাকিব। তাঁর সঙ্গে ছিলেন দুলাভাই। পরিবারের অন্য সদস্যরা মাইক্রোবাসে রওনা হন। বিকেল সাড়ে ৫টার দিকে তাঁরা ধাপেরহাট ইউনিয়নের হিংগারপাড়া গ্রামে কনের বাড়িতে পৌঁছান।
সাকিব চকনদী গ্রামের সাইদ আলীর ছেলে। তিনি একটি বেসরকারি সংস্থায় চাকরি করেন। কনে সুরাইয়া আক্তার হিংগারপাড়া গ্রামের খোকন মিয়ার বড় মেয়ে।
পরিবারের সদস্যরা জানান, একমাত্র ছেলের বিয়েকে স্মরণীয় করে রাখতে এবং মা-বাবার দীর্ঘদিনের শখ পূরণ করতে হাতির পিঠে বরযাত্রার আয়োজন করা হয়। স্থানীয়দের দাবি, তাঁদের এলাকায় এমন বরযাত্রা এই প্রথম।
কনে সুরাইয়া আক্তার বলেন, ‘আমার বর হাতির পিঠে চড়ে বিয়ে করতে আসছে। সবাই দেখলেও আমি স্বচক্ষে দেখতে পেলাম না। তবে আমি খুবই আনন্দিত।’