শনিবার (২১ নভেম্বর) রাত ১০টা নাগাদ টেকনাফ সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আদর্শ গ্রাম এলাকায় এই অভিযান চালানো হয়।
কক্সবাজারের রামু সেক্টরের অধীন ২ বিজিবির সদস্যরা গোপন সূত্রে খবর পেয়ে এলাকায় তল্লাশিচৌকি বসান। সেখানেই সন্দেহভাজন যানবাহন তল্লাশি করে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে খবর, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে একটি বিদেশি পিস্তল এবং একটি দেশীয় অস্ত্র। পাশাপাশি আইইডি তৈরিতে ব্যবহৃত স্টিলের তৈরি বডি, বৈদ্যুতিক তার, উন্নতমানের টুলস বক্স-সহ বিপুল পরিমাণ সরঞ্জামও বাজেয়াপ্ত করা হয়েছে। বিস্ফোরক পাচার ও পরিবহণে ব্যবহৃত হয়েছে বলে সন্দেহ, এমন দুটি অটোরিকশা এবং একটি মোটরসাইকেলও আটক করেছে বাহিনী।
এই ঘটনায় ধৃত দু’জনের নাম মো. ইব্রাহিম এবং মেহেদী হাসান। ইব্রাহিম টেকনাফ সদর ইউনিয়নের লেঙ্গুলবিল এলাকার বাসিন্দা। অন্য জনের বাড়ি নতুন পল্লানপাড়ায়। দু’জনই অটোরিকশাচালক বলে জানিয়েছে বিজিবি।
বিজিবির প্রাথমিক তদন্তে উঠে এসেছে, একটি সংঘবদ্ধ চক্র প্রতিবেশী মিয়ানমার থেকে চোরাপথে অস্ত্র ও বিস্ফোরক সংগ্রহ করে টেকনাফে নিয়ে এসেছিল। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে বড় ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানোর পরিকল্পনা থেকেই এই মজুত তৈরি করা হয়েছিল বলে সন্দেহ তদন্তকারীদের। উদ্ধার হওয়া আইইডি এবং বোমা তৈরির সরঞ্জাম কোথায়, কী ভাবে এবং কারা ব্যবহারের পরিকল্পনা করেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।
রবিবার (২২ নভেম্বর) সকালে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজারের রামু বিজিবি সেক্টরের কমান্ডার কর্নেল মো. আনোয়ার উল আলম। তিনি জানান, উদ্ধার হওয়া অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম এবং আটক ব্যক্তিদের বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে।
সীমান্তবর্তী টেকনাফে মিয়ানমার থেকে অস্ত্র ও বিস্ফোরক পাচারের এই ঘটনা নতুন করে নিরাপত্তা উদ্বেগ তৈরি করেছে। তবে এই বিপুল অস্ত্রভান্ডারের নেপথ্যে কারা রয়েছে, চক্রটির সঙ্গে আরও কেউ যুক্ত কি না এবং পরিকল্পিত নাশকতার লক্ষ্য কী ছিল, তা এখনও স্পষ্ট নয়। তদন্তের মাধ্যমে সেই তথ্য সামনে আনার চেষ্টা করছে বিজিবি।