আজ সোমবার (২৪ আগস্ট) সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে নতুন চেয়ারম্যান ও সদস্যরা যোগদানপত্রে স্বাক্ষর করে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।
এ সময় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম নবাগত চেয়ারম্যান মাম্যাচিং ও নতুন সদস্যদের যোগদানপত্র গ্রহণ করে তাদের আনুষ্ঠানিকভাবে দায়িত্বে বরণ করে নেন।
দায়িত্ব গ্রহণকারী সদস্যরা হলেন, চনুমং, মংক্যনু মারমা, লুসাই মং, মাওসেতুং তংচংগ্যা, দনওয়াই ম্রো, আগস্টিন ত্রিপুরা, অংজাই উই চাক, রিয়াল দাও বম, আবদুল মাবুদ, মশিউর রহমান, মোহাম্মদ জসিম উদ্দীন, ক্যউপ্রু খিয়াং, উম্যাসিং মার্মা ও কাজী নিরুতাজ বেগম।
এ সময় পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মুহাঃ আবুল মনসুর, জনসংযোগ কর্মকর্তা জুড়ি মং, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ পার্বত্য জেলা পরিষদের বিভিন্ন ন্যস্ত বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
দায়িত্ব গ্রহণের পর নবাগত চেয়ারম্যান মাম্যাচিং প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একইসঙ্গে পার্বত্য এলাকার মানুষের জীবনমান উন্নয়ন এবং জেলার সার্বিক উন্নয়নে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
প্রসঙ্গত, গত ২০ আগস্ট রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মোঙ্গল চন্দ্র পালের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান ও ১৪ সদস্যের নাম প্রকাশ করা হয়।