গত বুধবার রাতে বাংলাদেশসহ ১৪টি দেশ ও জোটের ওপর তদন্ত প্রতিবেদন প্রকাশ করে ইউএসটিআর। গত মার্চ থেকে বাংলাদেশের তৈরি পোশাক, চামড়া ও সিমেন্ট খাত নিয়ে তদন্ত চালায় সংস্থাটি। বাংলাদেশের পাশাপাশি চীন, ভারত, ইউরোপীয় ইউনিয়ন, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কম্বোডিয়া, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, তাইওয়ান ও জাপানের বিরুদ্ধেও নতুন শুল্কের প্রস্তাব করা হয়েছে।
তবে প্রস্তাবটি এখনো কার্যকর হয়নি। শুনানি ও অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর এ বিষয়ে সিদ্ধান্ত হবে। আগামী ২৫ জানুয়ারি শুনানির আগে নতুন শুল্ক কার্যকর হওয়ার কথা নয়।
এর আগে গত জুলাইয়ে বাংলাদেশি পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। জোরপূর্বক শ্রমে উৎপাদিত পণ্যের ওপর নিষেধাজ্ঞা যথাযথভাবে কার্যকর না করার অভিযোগে ১৯৭৪ সালের ট্রেড অ্যাক্টের ৩০১ ধারায় ওই পদক্ষেপ নেওয়া হয়। বর্তমানে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের গড় আমদানি শুল্ক ২৫ শতাংশ। নতুন প্রস্তাব কার্যকর হলে তা ৩৩ শতাংশ হতে পারে।
রপ্তানিকারকদের আশঙ্কা, শুল্ক বাড়লে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের দাম বেড়ে যাবে। এতে ভোক্তাদের ক্রয়ক্ষমতা কমতে পারে এবং ক্রয়াদেশও কমে যাওয়ার ঝুঁকি রয়েছে। আবার মার্কিন আমদানিকারকেরা বাড়তি শুল্কের বোঝা উৎপাদকদের ওপর চাপিয়ে দিতে পারেন।
তবে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির বিষয়টি নিয়ে অতিরিক্ত উদ্বেগের কারণ দেখছেন না। তাঁর বক্তব্য, যুক্তরাষ্ট্রের বাণিজ্য আইনের ৩০১ ধারায় তদন্ত ও ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া এটি; বুধবার যে শুল্ক দিয়ে বাংলাদেশ পণ্য রপ্তানি করেছে, বৃহস্পতিবারও একই শুল্কেই রপ্তানি হয়েছে। বাংলাদেশ অস্বাভাবিক কম দামে পণ্য বিক্রি করে অন্য দেশের উৎপাদকদের ক্ষতিগ্রস্ত করে না বলেও মন্তব্য করেন তিনি।
বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খানও মনে করেন, আলোচনার সুযোগ এখনো রয়েছে। তাঁর মতে, জানুয়ারির শেষ দিকে শুনানির আগে সরকারের হাতে দেনদরবারের জন্য প্রায় দুই মাস সময় আছে।
ইউএসটিআরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে প্রায় ৮৬০ কোটি ডলারের তৈরি পোশাক আমদানি করা হয়েছিল। ওই বছর যুক্তরাষ্ট্রের মোট তৈরি পোশাক আমদানির প্রায় ৮ শতাংশ এসেছে বাংলাদেশ থেকে। ফলে নতুন শুল্কের প্রস্তাব বাস্তবায়িত হলে দেশের অন্যতম বড় রপ্তানি বাজারে এর প্রভাব পড়তে পারে।