তবে পরিস্থিতি শান্ত থাকলেও শিল্পাঞ্চলের অধিকাংশ পোশাক কারখানার উৎপাদন বন্ধ রয়েছে। শিল্প পুলিশের তথ্য অনুযায়ী, ছুটির দিন ও সাম্প্রতিক শ্রমিক অসন্তোষের কারণে প্রায় ৯০ শতাংশ কারখানায় কাজ বন্ধ ছিল।
গত দুই দিন ধরে গাজীপুরের বিভিন্ন এলাকায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। সরকারের গঠিত মজুরি বোর্ডের নতুন বেতন ঘোষণার পর এই পরিস্থিতির সৃষ্টি হয়। কয়েকটি এলাকায় শ্রমিকেরা বিক্ষোভ করেন, সড়ক অবরোধ করেন এবং কোথাও কোথাও সংঘর্ষে জড়ান। শ্রমিক ও পুলিশের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে।
এসব ঘটনার পর শ্রমিকদের নিরাপত্তা ও সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় বিভিন্ন কারখানা কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের ছুটি ঘোষণা করে। কিছু কারখানায় দেওয়া হয় সাধারণ ছুটি।
শুক্রবার সকালে শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, অধিকাংশ কারখানার ফটক বন্ধ। কয়েকটি কারখানার সামনে নিরাপত্তাকর্মীরা অবস্থান করছেন। তবে কিছু কারখানায় শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, শুক্রবার সকাল ১০টা পর্যন্ত জেলার কোথাও বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। সর্বশেষ তথ্য অনুযায়ী, জেলার প্রায় ৯০ শতাংশ কারখানা বন্ধ ছিল।
শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ, বিজিবি ও অন্যান্য বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে। গুরুত্বপূর্ণ সড়ক, কারখানার সামনে ও বিভিন্ন মোড়ে তাঁরা দায়িত্ব পালন করছেন।