গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—শৈলকূপা উপজেলার রয়েড়া গ্রামের মো. গহর আলীর ছেলে মো. খাইরুল ইসলাম (৪৮), রয়েড়া বাজার এলাকার মো. শফি মন্ডলের ছেলে মো. রাজন মন্ডল (২০) এবং দামুকদিয়া গ্রামের মো. আজাদ শেখের ১৬ বছর বয়সী ছেলে। আইনগত কারণে শিশুটির পরিচয় প্রকাশ করা হয়নি।
পুলিশ সূত্রে জানা যায়, ঝিনাইদহের পুলিশ সুপারের নির্দেশনায় এবং শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবিরের তত্ত্বাবধানে এলাকায় অপরাধ দমন ও ডাকাতি প্রতিরোধে নিয়মিত নৈশকালীন টহল জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পার্বতীপুর গ্রামে বিশেষ অভিযান চালায় পুলিশের একটি টহল দল।
এ সময় ডাকাতির প্রস্তুতি নেওয়ার অভিযোগে তিনজনকে আটক করা হয়। পরে উপস্থিত পথচারী ও নিরপেক্ষ সাক্ষীদের সামনে তাদের দেহ তল্লাশি করে একটি রামদা, একটি চাইনিজ কুড়াল, একটি কেঁচি ও একটি পেরেক উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া রামদাটির কাঠের বাটসহ দৈর্ঘ্য ৩৩ ইঞ্চি, চাইনিজ কুড়ালটির লোহার পাইপের বাটসহ দৈর্ঘ্য ১৬ ইঞ্চি, কেঁচি ৫ ইঞ্চি এবং পেরেকটির দৈর্ঘ্য ৭ দশমিক ৫ ইঞ্চি বলে জানিয়েছে পুলিশ।
শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রগুলো বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে। অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”
পুলিশ জানায়, এ ঘটনায় শৈলকূপা থানায় সংশ্লিষ্ট আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। আটক ১৬ বছর বয়সী শিশুর ক্ষেত্রে প্রযোজ্য আইন ও আইনগত বিধান অনুসরণ করা হচ্ছে।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, জনস্বার্থে ও আইনশৃঙ্খলা রক্ষায় অপরাধবিরোধী অভিযান আরও জোরদার করা হবে।