২০২৬ আসরের আগে কার্লো আনচেলত্তিকে এনেও বিশ্বকাপে নিজেদের ভাগ্য বদলাতে পারেনি ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা শেষ ষোলোতে হেরে বিদায় নেয়। এরপরই জাতীয় দলে বড় পরিবর্তনের আভাস মিলেছিল। বিশ্বকাপ পরবর্তী প্রথম আন্তর্জাতিক উইন্ডোর জন্য স্কোয়াড ঘোষণা করে সেটিকে সত্যি প্রমাণ করলেন আনচেলত্তি। কিন্তু তা পছন্দ হয়নি অভিজ্ঞ ডিফেন্ডার থিয়েগো সিলভার। ব্রাজিল কোচও পরে তার সমালোচনার জবাব দিয়েছেন।
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দেশটির হয়ে ১১৩ ম্যাচ খেলা এই ডিফেন্ডারের মতে, জাতীয় দলে পুনর্গঠনে তাড়াহুড়ো করা উচিত নয়। সিলভা বলেন, ‘ব্রাজিল জাতীয় দলের ক্ষেত্রে কিছু বিষয়ে কাজ ধীরে ধীরে করতে হয়। চাইলেই সবাইকে বাদ দিয়ে নতুন খেলোয়াড় আনতে পারেন না। ধাপে ধাপে এটা করতে হবে। ব্রাজিলিয়ান জাতীয় দলের খেলোয়াড় হতে পারা অনেক কঠিন, এটা ক্লাব ফুটবলের চেয়ে একেবারে আলাদা।’
কোচ আনচেলত্তিকে নিয়ে তার ভাষ্য, ‘সে (আনচেলত্তি) ইউরোপিয়ান ফুটবল থেকে এসেছে, যেখানে পরিবর্তন করা অনেক সহজ। এখানে ব্যাপারটা সেভাবে চলে না। আপনাকে মানিয়ে নিয়ে ফল পেতে হবে। আর সম্ভব হলে ভালো খেলতে হবে। আমি এই ধরনের পরিবর্তন পছন্দ করি না। তার সঙ্গে একমত নই। কিন্তু দায়িত্বে তো সে আছে।’