বাংলাদেশের হাড়দ্দাহ গ্রামের শওকত গাজী পাঁচ ভাইয়ের মধ্যে ছোট। তাঁর বড় চার ভাই—দাউদ, আবেদ, মন্টু ও সিরাজুল গাজী—থাকেন ভারতের অংশে। সীমান্তের পিলারই দুই দেশের সীমানা চিহ্নিত করেছে। একই পুকুরের পাশে দুই দেশের মানুষের বসতি, অথচ রাষ্ট্রীয় পরিচয়ের কারণে তাঁদের চলাফেরায় রয়েছে আলাদা নিয়ম।
শওকতের কাছে নিজের দেশ বাংলাদেশই প্রিয়। তাঁর স্ত্রী সাবিনা বিবির ভাষ্য, দুই দেশের নাগরিক হলেও আত্মীয়স্বজনের মধ্যে সম্পর্ক ভালো। স্থানীয় জনপ্রতিনিধিদের তথ্য অনুযায়ী, হাড়দ্দাহর সীমান্তবর্তী অংশে বাংলাদেশের ১৫টি পরিবার এবং পানিতরে ভারতের প্রায় ২২টি পরিবার রয়েছে। দুই পাশের মানুষের মধ্যে দাওয়াত, খাওয়াদাওয়া ও পারিবারিক যোগাযোগের সম্পর্কও আছে।
সীমান্তের এই এলাকায় কাঁটাতার না থাকলেও নিরাপত্তা বাহিনীর নজরদারি রয়েছে। এক দেশ থেকে অন্য দেশে যাতায়াতের ক্ষেত্রে বিজিবিকে জানাতে হয়। ফলে পাশাপাশি বসবাস করলেও ইচ্ছেমতো সীমান্ত পার হওয়ার সুযোগ নেই।
গ্রামের শিশুদের জীবনেও অবশ্য সীমান্তের রেখা সব সময় বাধা হয়ে দাঁড়ায় না। বাংলাদেশের হাড়দ্দাহ ও ভারতের পানিতরের শিশুরা একসঙ্গে খেলাধুলা করে। এক গ্রামের শিশুরা অন্য গ্রামের বন্ধুদের সঙ্গে সময় কাটায়। স্থানীয় একটি দোকানে ভারতের নাগরিকেরাও কেনাকাটা করতে আসেন।
তবে ভোমরা ইউনিয়নের অন্য অংশে চিত্র আলাদা। সেখানে ধানখেতের আইলই দুই দেশের সীমানা। কাছাকাছি বসবাস করলেও দুই পাশের মানুষের মধ্যে নিয়মিত কথাবার্তা বা মেলামেশা নেই।
একই ভূখণ্ডের মানুষ, একই ভাষা ও আত্মীয়তার বন্ধন—তবু মাঝখানে আন্তর্জাতিক সীমারেখা। কোথাও সেই রেখা মানুষের সম্পর্ককে আটকে রাখতে পারেনি, কোথাও আবার পাশাপাশি থেকেও স্বজনদের সঙ্গে দেখা করতে প্রয়োজন হয় রাষ্ট্রীয় অনুমতির। সীমান্তের জীবন তাই শুধু মানচিত্রের রেখা নয়; মানুষের সম্পর্ক, অভ্যাস ও বাস্তবতারও এক জটিল গল্প।