জাপানে খাবার ও হাঁটার পরীক্ষা
জাপানে রিতসুমেইকান এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটিতে পড়ছেন সরদার আকিব লতিফ। দেশটিতে যাওয়ার আগে তাঁর কল্পনায় ছিল মাউন্ট ফুজি আর সাকুরা ফুলের সৌন্দর্য। কিন্তু বাস্তব জীবনে দ্রুতই সামনে আসে ভাষা শেখা, পার্টটাইম কাজ, পড়াশোনার চাপ ও আর্থিক হিসাবের চ্যালেঞ্জ। সবচেয়ে বেশি ভুগিয়েছিল খাবার আর যাতায়াত।
জাপানে পৌঁছে প্রথম খাবার হিসেবে তাঁর অভিজ্ঞতা হয়েছিল ‘ওনিগিরি’ দিয়ে। ভাতের ভেতরে মেয়োনেজ মাখানো সেদ্ধ টুনা মাছ। বাঙালি হিসেবে ভাত-মাছের সঙ্গে পরিচিত হলেও ঝাল-মসলাহীন খাবার তাঁর কাছে ছিল একেবারেই নতুন। রান্নার অভ্যাস না থাকলেও দেশি স্বাদের টানে মাসখানেকের মধ্যে মুরগি রান্না শিখে ফেলেন।
যাতায়াতও সহজ ছিল না। পাহাড় ও সমুদ্রঘেরা এলাকার অনেক রাস্তায় হাঁটতে হয়, পাহাড়ি পথে বাসও সব সময় পাওয়া যায় না। নিজের গাড়ি না থাকায় পায়ের ওপরই ভরসা করতে হয়েছে তাঁকে। শেষ পর্যন্ত স্কুটার কিনেছেন, তবে তার আগে হাঁটাহাঁটিতে যে অভিজ্ঞতা হয়েছে, সেটিকে মজা করেই ‘মাস্টার্স’ বলে বর্ণনা করেছেন তিনি।
নেদারল্যান্ডসে বাসা খোঁজার লড়াই
ডেল্ট প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়ছেন আলফি শাহারিয়া হাসান। নতুন দেশে প্রথমদিকে ঘোরাঘুরি, নতুন মানুষের সঙ্গে পরিচয়—সবই ভালো লাগছিল। কিন্তু কিছুদিন পর বাস্তব দায়িত্বগুলো সামনে আসে। বাসা ভাড়া, বাজার করা, সাইকেল ঠিক রাখা, সময়মতো ট্রেন ধরা—সবকিছুই নিজের হাতে সামলাতে হয়।
তাঁর অভিজ্ঞতায়, নেদারল্যান্ডসসহ ইউরোপের বিভিন্ন দেশে বাসা পাওয়া বড় চ্যালেঞ্জ। ভাড়া বেশি, আবার আগাম টাকা দিয়েও প্রতারণার শিকার হওয়ার ঘটনা আছে। তিনি আসার তিন-চার মাস আগে থেকেই বাসা খুঁজছিলেন। শেষ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ডরমিটরিতে জায়গা পাওয়ায় বড় ঝামেলা এড়াতে পেরেছেন।
নেদারল্যান্ডসের কর্মজীবনে কাজ ও ব্যক্তিগত সময়ের ভারসাম্য তাঁকে আকৃষ্ট করেছে। অনেক জায়গায় অফিসের পাশাপাশি বাসা থেকেও কাজের সুযোগ রয়েছে। শিক্ষার্থীদের জন্যও নিজের সময় ও পড়াশোনার মধ্যে সামঞ্জস্য রাখার পরিবেশ সহায়ক।
বিদেশে পড়তে যাওয়ার আগে যে জীবন কল্পনা করা হয়, বাস্তবে তা অনেক সময় আলাদা। নতুন দেশের ভাষা, খাবার কিংবা যাতায়াতের সঙ্গে মানিয়ে নেওয়া যেমন জরুরি, তেমনি অর্থনৈতিক পরিকল্পনা ও দৈনন্দিন কাজ সামলানোর দক্ষতাও দরকার। এসব অভিজ্ঞতা কখনো ক্লান্ত করে, আবার ধীরে ধীরে মানুষকে স্বনির্ভরও করে তোলে। উচ্চশিক্ষার সনদের পাশাপাশি তাই বিদেশের জীবন নিজেই হয়ে ওঠে আরেকটি বড় পাঠশালা।