ইউরোপের নাগরিকদের এখন এই প্রশ্নের মুখোমুখি করছে তাদের সরকারগুলো। ঘরে অন্তত ৭২ ঘণ্টার খাবার, পানীয় জল, ওষুধ ও জরুরি সরঞ্জাম মজুত রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। কোনো কোনো দেশ আবার সাত থেকে দশ দিনের প্রস্তুতি নিতে বলছে। ফলে ইউরোপের সুপারমার্কেটগুলোয় বদলে যাচ্ছে কেনাকাটার তালিকা। সাধারণ বাজারের পাশাপাশি মানুষ কিনছেন টিনজাত খাবার, শুকনা ফল, বোতলজাত পানি, ব্যাটারি, টর্চলাইট ও রেডিও।
একসময় এমন প্রস্তুতিকে ভবিষ্যৎ বিপর্যয়ের আতঙ্কে থাকা মানুষের বাড়াবাড়ি হিসেবে দেখা হতো। এখন সেই প্রস্তুতিকেই রাষ্ট্রীয়ভাবে উৎসাহিত করছে ইউরোপের সরকারগুলো। প্রশ্ন উঠেছে, ইউরোপ কি নতুন কোনো যুদ্ধের আশঙ্কা করছে? নাকি আধুনিক সভ্যতার নাজুক অবকাঠামো যেকোনো সময় ভেঙে পড়তে পারে—এই উপলব্ধি থেকেই এমন উদ্যোগ?
৭২ ঘণ্টা নিজের দায়িত্ব নিজেকেই নিতে হবে
গত ৩ নভেম্বর ব্রাসেলসে নবম ইউরোপীয় সিভিল প্রটেকশন ফোরামে নাগরিকদের জন্য নতুন সংকট-প্রস্তুতি নির্দেশিকা তুলে ধরেন ইউরোপীয় কমিশনার হাদজা লাহবিব। নির্দেশনায় প্রতিটি পরিবারকে জরুরি খাবার, পানি, প্রয়োজনীয় ওষুধ, নগদ অর্থ এবং পারিবারিক জরুরি পরিকল্পনা প্রস্তুত রাখতে বলা হয়েছে।
ইউরোপীয় কমিশনের হিসাব, বড় কোনো দুর্যোগ বা সংকটের প্রথম ৭২ ঘণ্টা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এ সময়ে উদ্ধারকারী দল, পুলিশ ও স্বাস্থ্যকর্মীদের অগ্রাধিকার দিতে হয় সবচেয়ে ঝুঁকিতে থাকা মানুষদের। ফলে শুরুতেই প্রত্যেক পরিবারের কাছে সরকারি সহায়তা পৌঁছানো সম্ভব হয় না। এই সময়টুকু নিজেদের সামর্থ্যে পার করার প্রস্তুতি থাকলে বিপর্যয় মোকাবিলা অনেক সহজ হয়।
যুক্তরাজ্যও একই পথে হেঁটেছে। গত ২২ অক্টোবর দেশটিতে শুরু হয়েছে ‘বি রেডি’ নামের সচেতনতামূলক প্রচার। ব্রিটিশ সরকার প্রত্যেক নাগরিকের জন্য তিন দিনের খাবার ও অন্তত ৯ লিটার পানীয় জল মজুত রাখার পরামর্শ দিয়েছে। অর্থাৎ প্রতিদিন তিন লিটার করে পানি।
সরকারের তালিকায় রয়েছে টিনজাত মাংস, শাকসবজি, ফলমূল, ওটস, বাদাম, বিস্কুট, শিশুদের গুঁড়া দুধ এবং পোষা প্রাণীর খাবার। পাশাপাশি বিদ্যুৎ না থাকলে ব্যবহারের জন্য ব্যাটারিচালিত বা হাত দিয়ে চার্জ দেওয়া যায় এমন টর্চ ও রেডিও, অতিরিক্ত ব্যাটারি, প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম এবং গুরুত্বপূর্ণ কাগজপত্রের ফটোকপি পানিরোধী ব্যাগে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম বলেছেন, মানুষকে আতঙ্কিত করা এ উদ্যোগের উদ্দেশ্য নয়। বরং অপ্রত্যাশিত পরিস্থিতিতে নিজেদের সামলে নেওয়ার সক্ষমতা তৈরি করাই লক্ষ্য। তাঁর মতে, বিদ্যুৎ, ইন্টারনেট ও ডিজিটাল লেনদেনের ওপর আধুনিক মানুষের নির্ভরতা এতটাই বেশি যে এগুলোর যেকোনো একটি ব্যবস্থা ভেঙে পড়লেও স্বাভাবিক জীবন থমকে যেতে পারে।
যুদ্ধের চেয়েও বড় ভয় ছায়াযুদ্ধের
ইউরোপের এমন প্রস্তুতির পেছনে ইউক্রেন যুদ্ধের প্রভাব অস্বীকার করার উপায় নেই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের মাটিতে সবচেয়ে বড় ও রক্তক্ষয়ী সংঘাতের একটি হয়ে উঠেছে রাশিয়ার ইউক্রেন আক্রমণ। তবে ইউরোপীয় নীতিনির্ধারকদের উদ্বেগ শুধু সীমান্তে সেনা সমাবেশ কিংবা সরাসরি সামরিক হামলা নিয়ে নয়। তাঁদের বড় চিন্তার নাম ‘হাইব্রিড যুদ্ধ’।
এ ধরনের যুদ্ধে গোলাবারুদের পরিবর্তে লক্ষ্যবস্তু হতে পারে একটি দেশের বিদ্যুৎকেন্দ্র, গ্যাস সরবরাহব্যবস্থা, ইন্টারনেট নেটওয়ার্ক, ব্যাংকিং ব্যবস্থা কিংবা খাদ্য পরিবহনের অবকাঠামো। একটি বড় সাইবার হামলা কিংবা পরিকল্পিত নাশকতা মুহূর্তে অচল করে দিতে পারে কোটি মানুষের দৈনন্দিন জীবন।
যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী ওয়েস স্ট্রিটিং সতর্ক করে বলেছেন, রাশিয়া বা অন্য শত্রুভাবাপন্ন শক্তির মদদে অবকাঠামোতে হামলা এবং রাষ্ট্রীয় মদদপুষ্ট সন্ত্রাসবাদের ঝুঁকি এখন আর কল্পনার বিষয় নয়। এসব হুমকি ক্রমেই ইউরোপের নাগরিকদের কাছাকাছি চলে আসছে।
ইউরোপীয় সমুদ্রসীমায় সমুদ্রতলের গ্যাস পাইপলাইন ও ইন্টারনেট কেব্লের আশপাশে রুশ গোয়েন্দা জাহাজের সন্দেহজনক তৎপরতা নিয়েও উদ্বেগ রয়েছে। এসব গুরুত্বপূর্ণ সংযোগ ক্ষতিগ্রস্ত হলে ইন্টারনেট ও টেলিযোগাযোগব্যবস্থায় বড় বিপর্যয় দেখা দিতে পারে। ইউরোপের বিভিন্ন প্রতিরক্ষা কারখানা ও গুদামে রহস্যজনক অগ্নিকাণ্ড এবং জার্মানির লাইপজিগ বিমানবন্দরে ইউক্রেনীয় কার্গো বিমানের কাছে বিস্ফোরকবোঝাই ড্রোন উদ্ধারের ঘটনাও নিরাপত্তা বিশ্লেষকদের ভাবিয়ে তুলেছে।
একটি বিদ্যুৎ-বিভ্রাটই দেখিয়েছে বিপদের চেহারা
ইউরোপের এই প্রস্তুতির পেছনে রয়েছে সাম্প্রতিক অভিজ্ঞতাও। ২০২৫ সালের এপ্রিলে স্পেন ও পর্তুগালে ভয়াবহ বিদ্যুৎ-বিভ্রাটে প্রায় সাড়ে পাঁচ কোটি মানুষ বিপাকে পড়েছিলেন। ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় বন্ধ হয়ে যায় এটিএম, কার্ডে লেনদেন, মোবাইল নেটওয়ার্ক এবং সুপারমার্কেটের বিলিং ব্যবস্থা।
সেদিন স্পষ্ট হয়ে গিয়েছিল, আধুনিক জীবনে বিদ্যুতের অনুপস্থিতি কেবল অন্ধকারের সমস্যা নয়। এর সঙ্গে থেমে যেতে পারে অর্থনীতি, যোগাযোগ, কেনাকাটা ও জরুরি সেবা। হাতে নগদ টাকা কিংবা ঘরে খাবার না থাকলে কয়েক ঘণ্টার বিপর্যয়ও একটি পরিবারের জন্য বড় সংকটে পরিণত হতে পারে।
এর সঙ্গে যুক্ত হয়েছে জলবায়ু পরিবর্তনের প্রভাব। ইউরোপে বন্যা, তীব্র তাপপ্রবাহসহ চরম আবহাওয়ার ঘটনা বাড়ছে। ফলে যুদ্ধ ছাড়াও প্রাকৃতিক দুর্যোগ যে কোনো সময় সরবরাহব্যবস্থা ও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করতে পারে।
দেশভেদে প্রস্তুতির হিসাব আলাদা
ইউরোপের সব দেশ অবশ্য একই সময়ের প্রস্তুতি নিতে বলছে না। নিউজউইকের মানচিত্রভিত্তিক বিশ্লেষণ অনুযায়ী, অন্তত ১৭টি দেশ নাগরিকদের খাবার ও পানি মজুত রাখার আনুষ্ঠানিক পরামর্শ দিয়েছে।
এ ক্ষেত্রে সবচেয়ে দীর্ঘ প্রস্তুতির কথা বলেছে জার্মানি। দেশটির ফেডারেল অফিস অব সিভিল প্রটেকশন অ্যান্ড ডিজাস্টার অ্যাসিস্ট্যান্স নাগরিকদের অন্তত ১০ দিনের খাবার এবং প্রতিদিন জনপ্রতি দুই লিটার হিসাবে ১০ দিনের পানি সংরক্ষণের পরামর্শ দিয়েছে। খাবারের তালিকায় রয়েছে শস্যদানা, ডাল, টিনজাত খাবার ও শুকনা ফল। পাশাপাশি জরুরি ওষুধ এবং ঘর গরম রাখার বিকল্প ব্যবস্থার কথাও বলা হয়েছে।
সুইডেন, নরওয়ে ও ফিনল্যান্ডে এ ধরনের প্রস্তুতির ইতিহাস আরও পুরোনো। রাশিয়ার ভৌগোলিক নৈকট্য এবং অতীতের নিরাপত্তা অভিজ্ঞতার কারণে দেশগুলো নাগরিকদের অন্তত এক সপ্তাহ বাইরের সহায়তা ছাড়াই চলার প্রস্তুতি রাখতে বলছে।
সুইডেন দুই বছর আগেই প্রতিটি বাড়িতে ‘ইন কেস অব ক্রাইসিস অর ওয়ার’ শিরোনামের একটি নির্দেশিকা পাঠিয়েছিল। এতে যুদ্ধ কিংবা জাতীয় সংকটের সময় কীভাবে আত্মরক্ষা করতে হবে, কোথায় আশ্রয় নিতে হবে এবং কী কী সরঞ্জাম ঘরে রাখতে হবে, তার বিস্তারিত নির্দেশনা রয়েছে।
এস্তোনিয়াতেও এক সপ্তাহের প্রস্তুতির কথা বলা হয়েছে। অন্যদিকে পোল্যান্ড, চেক প্রজাতন্ত্র ও রোমানিয়ায় গুরুত্ব পাচ্ছে ৭২ ঘণ্টার জরুরি প্রস্তুতি। ফ্রান্সও নাগরিকদের জন্য তিন দিনের একটি জরুরি সারভাইভাল কিট তৈরির আহ্বান জানিয়েছে।
বাড়ির বেজমেন্টে ছোট্ট জরুরি গুদাম
সরকারি নির্দেশনা যে কেবল কাগজে-কলমে সীমাবদ্ধ নেই, তার উদাহরণও পাওয়া যাচ্ছে সাধারণ মানুষের মধ্যে।
সুইডেনের স্টকহোমের বাসিন্দা আন্দ্রেয়াস ওয়েনারবার্গ নিজের বাড়ির বেজমেন্টে তৈরি করেছেন জরুরি রসদের জায়গা। সেখানে রেখেছেন ১০ লিটার বিশুদ্ধ পানি, হাত দিয়ে চার্জ দেওয়া যায় এমন রেডিও, টিনজাত বিনস, পাস্তা ও নগদ অর্থ। তাঁর কাছে এটি আতঙ্কের প্রস্তুতি নয়, বরং বিপদের সময় সরকারি উদ্ধারকর্মীদের ওপর চাপ কমানোর নাগরিক দায়িত্ব।
নেদারল্যান্ডসের বাসিন্দা মাইকেল স্টুটের প্রস্তুতি আরও বিস্তৃত। বন্যা ও সম্ভাব্য নিরাপত্তাঝুঁকি বিবেচনায় তিনি ঘরে রেখেছেন ১২০ লিটার পানি, একটি ছোট জেনারেটর এবং ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হলে যোগাযোগের জন্য স্টারলিংক মিনি ডিভাইস। মজুত করা খাবারের মেয়াদ মনে রাখতেও নিজেই একটি মোবাইল অ্যাপ তৈরি করেছেন।
তবে সবার প্রস্তুতি এমন ব্যয়বহুল নয়। কেউ ধীরে ধীরে প্রয়োজনীয় জিনিস কিনছেন, কেউ আবার বাড়িতে আগে থেকেই থাকা খাবার ও সরঞ্জাম দিয়েই শুরু করেছেন। মূল কথা, জরুরি মুহূর্তে অন্তত কয়েক দিন যেন অন্যের সহায়তার অপেক্ষায় থাকতে না হয়।
প্রস্তুতির দায়িত্ব কি এবার নাগরিকের ঘাড়ে?
সরকারের এই উদ্যোগ অবশ্য বিতর্কের বাইরে নেই। বিশেষ করে যুক্তরাজ্যে বিরোধী দল কনজারভেটিভ পার্টির নেতা কেমি ব্যাডেনক প্রশ্ন তুলেছেন, নাগরিকদের খাবার মজুতের পরামর্শ দিলেই কি রাষ্ট্রের নিরাপত্তার দায়িত্ব শেষ হয়ে যায়? সীমান্ত সুরক্ষা, আকাশ প্রতিরক্ষা, সাইবার হামলা প্রতিরোধ এবং হাইব্রিড যুদ্ধ মোকাবিলায় সরকারের নিজস্ব প্রস্তুতি কতটা—সেই প্রশ্নও তুলেছেন তিনি।
যুক্তরাজ্যের ন্যাশনাল অডিট অফিসের এক প্রতিবেদনে খাদ্য সরবরাহব্যবস্থার দুর্বলতা নিয়েও সতর্ক করা হয়েছে। দেশটির সুপারমার্কেটগুলো মূলত ‘জাস্ট-ইন-টাইম’ পদ্ধতিতে পরিচালিত হয়। অর্থাৎ দীর্ঘ সময়ের জন্য গুদামে পণ্য জমিয়ে না রেখে প্রতিদিনের চাহিদা অনুযায়ী সরবরাহ করা হয়। পরিবহন, বিদ্যুৎ কিংবা ডিজিটাল লেনদেনব্যবস্থা কয়েক দিনের জন্য বন্ধ হয়ে গেলেই বাজারে পণ্যের সংকট দেখা দিতে পারে।
এর মধ্যে আরেকটি উদ্বেগ অর্থনৈতিক বৈষম্য। জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় অনেক নিম্ন আয়ের পরিবারের পক্ষেই নিয়মিত বাজারের বাইরে বাড়তি খাবার বা জরুরি সরঞ্জাম কেনা কঠিন। ৭২ ঘণ্টা কিংবা ১০ দিনের রসদ মজুতের নির্দেশনা তাদের জন্য বাড়তি আর্থিক চাপ তৈরি করতে পারে। আবার সরকারি সতর্কবার্তাকে ভুলভাবে বুঝে মানুষ একসঙ্গে অতিরিক্ত পণ্য কিনতে শুরু করলে কৃত্রিম সংকটও তৈরি হতে পারে।
সব মিলিয়ে ইউরোপের খাবার মজুতের এই প্রবণতাকে আসন্ন বিশ্বযুদ্ধের নিশ্চিত সংকেত বলার সুযোগ নেই। বরং এটি এমন এক সময়ের প্রতিচ্ছবি, যখন যুদ্ধ, সাইবার হামলা, নাশকতা ও জলবায়ু বিপর্যয় একই সঙ্গে নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠেছে।
দীর্ঘদিন ধরে শান্তি ও নিরবচ্ছিন্ন সরবরাহব্যবস্থার ওপর নির্ভর করে চলা ইউরোপ এখন বুঝতে পারছে, আধুনিক সভ্যতার সবচেয়ে বড় দুর্বলতা তার পারস্পরিক নির্ভরশীলতা। বিদ্যুৎ, ইন্টারনেট কিংবা পরিবহন—একটি ব্যবস্থায় বিপর্যয় ঘটলেই তার প্রভাব ছড়িয়ে পড়ে সর্বত্র।
তাই ইউরোপের ঘরে ঘরে এখন শুধু খাবার জমছে না; জমছে অনিশ্চিত সময়ের বিরুদ্ধে টিকে থাকার প্রস্তুতিও। কারণ, বিপদ কখন আসবে, তা কেউ জানে না। কিন্তু বিপদ এলে প্রথম কয়েক দিন কীভাবে টিকে থাকতে হবে, সেই উত্তরটা অন্তত হাতের কাছে রাখতে চাইছে ইউরোপের মানুষ।