ঠাকুরগাঁও সদর উপজেলার পূর্ব বেগুনবাড়ি গ্রামের কৃষক আনোয়ার হোসেনের বয়স ৬৮ বছর। তাঁর স্মৃতিতে এখনো উজ্জ্বল পুরোনো দিনের নবান্ন। ধান ঘরে উঠলেই বাড়িতে বাড়িতে কত রকমের পিঠা তৈরি হতো! পিঠার ঘ্রাণে ভরে থাকত চারপাশ। এখনো পিঠা হয়, তবে আয়োজন ছোট হয়ে এসেছে। স্বাদ আর আনন্দেও যেন আগের সেই তৃপ্তি নেই।
এ পরিবর্তন কেবল স্মৃতির নস্টালজিয়া নয়; এর পেছনে আছে বদলে যাওয়া গ্রামীণ অর্থনীতি ও জীবনযাপন। একসময় নতুন ধান ঘরে তোলা মানেই কৃষকের ঘরে কিছুটা স্বস্তি। সারা বছরের অপেক্ষার পর গোলায় ফসল উঠলে পরিবারের মুখে হাসি ফুটত। সেই আনন্দে অংশ নিতেন আত্মীয়স্বজন, প্রতিবেশী—এমনকি ধর্ম-বর্ণের ভেদাভেদও তখন বড় হয়ে উঠত না।
নতুন চাল, গরুর দুধ আর খেজুরের রস দিয়ে তৈরি হতো পায়েস, ফিরনি। বাড়িতে বানানো খাবার পাঠানো হতো মসজিদ, মন্দির কিংবা দরগায়। জামাই ও নতুন আত্মীয়দের নিমন্ত্রণ করা হতো। কোথাও কোথাও প্রতিবেশীদের বাড়িতেও পৌঁছে যেত নবান্নের খাবার। একটি পরিবারের ফসল ঘরে তোলার আনন্দ এভাবেই হয়ে উঠত গোটা গ্রামের উৎসব।
কিন্তু এখন সেই আয়োজন অনেকটাই সীমিত। ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের কৃষক প্রদীপ রায়ের বাড়িতে ধান মাড়াইয়ের ব্যস্ততা থাকলেও উৎসবের প্রস্তুতি আগের মতো চোখে পড়ে না। তাঁর স্ত্রী সুমিত্রা রায়ের কথায়, নতুন ধানের পিঠা-পায়েসের রীতি এখনো আছে। কিন্তু কৃষকের হাতে বাড়তি টাকা থাকে না। তাই অনেক বাড়িতে দু-এক ধরনের পিঠা তৈরি করেই শেষ হয় আয়োজন।
নবান্নের প্রস্তুতির সঙ্গে একসময় জড়িয়ে ছিল নারীদের দীর্ঘ পরিশ্রমও। ভোর হলেই বাড়ির উঠানে বসত ঢেঁকি। চাল ভাঙার ছন্দময় শব্দে মুখর হয়ে উঠত গ্রাম। পিঠা তৈরির জন্য চালের গুঁড়া করতে হতো ঘণ্টার পর ঘণ্টা। ঠাকুরগাঁও সদর উপজেলার পাবনাপাড়া এলাকার জলেশ্বরী রানীর স্মৃতিতে সেই দিনগুলো এখনো জীবন্ত। তাঁর মনে আছে, ভোরে ঢেঁকিতে চাল ভাঙতে শুরু করে বাড়ি ফিরতে কখনো দুপুর গড়িয়ে যেত। এখন মেশিনে মুহূর্তেই চালের গুঁড়া পাওয়া যায়, কিন্তু সেই সময়ের স্বাদ আর পরিবেশ দুটোই যেন হারিয়ে গেছে।
ঢেঁকির জায়গা নিয়েছে যন্ত্র, বাড়ির মিষ্টান্নের জায়গা নিয়েছে দোকানের তৈরি খাবার, আর উঠানের আড্ডা ও মিলনমেলার জায়গা দখল করেছে ব্যস্ততা। একসময় গ্রামাঞ্চলে মিষ্টির দোকানও ছিল কম। নবান্ন উপলক্ষে বাড়িতেই তৈরি হতো নানা ধরনের মিষ্টি। পিঠা-পায়েসের পাশাপাশি এসব খাবারও উৎসবের স্বাদ বাড়িয়ে দিত। এখন সেই পারিবারিক আয়োজনের পরিসর ছোট হয়েছে।
নবান্নের আনন্দ কমে যাওয়ার পেছনে অর্থনৈতিক বাস্তবতাও বড় কারণ। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তুহিন ওয়াদুদের মতে, আগে আমন ধান কাটার আগের সময়টায় গ্রামীণ মানুষের অভাব-অনটন বেশি থাকত। কৃষক, দিনমজুর কিংবা জমির মালিক—সবাই নতুন ফসল ঘরে তোলার অপেক্ষায় থাকতেন। ধান উঠলে ঘরে কিছুটা স্বস্তি ফিরত। কিন্তু এখন উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় ফসল ঘরে তুলেও কৃষকের হাতে আগের মতো স্বস্তি থাকে না। ফলে নতুন ধান ঘরে তোলার আনন্দ থাকলেও তা আর আগের মতো বড় উৎসবে রূপ নেয় না।
এখানে বদলে যাচ্ছে শুধু একটি পার্বণের আয়োজন নয়, বদলে যাচ্ছে গ্রামীণ সমাজের এক ধরনের বন্ধনও। নবান্ন মানুষকে এক উঠানে নিয়ে আসত। এক বাড়ির রান্না ভাগ হতো অন্য বাড়িতে, আত্মীয়তার সম্পর্ক নতুন করে উষ্ণ হতো, প্রতিবেশীর সঙ্গে তৈরি হতো আনন্দের উপলক্ষ। এখন উৎসবের সেই সামাজিক চরিত্রও সংকুচিত।
প্রবীণ শিক্ষাবিদ ও লেখক অধ্যাপক মনতোষ কুমার দে মনে করেন, উৎসব হারিয়ে গেলে মানুষের জীবন থেকেও প্রাণের স্পন্দন কমে যায়। তাঁর মতে, নবান্নের মতো ঐতিহ্যবাহী আয়োজনকে ধারণ করা জরুরি। কারণ, এসব উৎসব কেবল অতীতের স্মৃতি নয়; মানুষের মধ্যে আনন্দ, সম্প্রীতি ও বেঁচে থাকার শক্তি জোগায়।
তবু নবান্ন পুরোপুরি হারিয়ে যায়নি। কোথাও নতুন চালের পিঠা হচ্ছে, কোথাও উঠানে ধান শুকানো হচ্ছে, কোনো বাড়িতে এখনো পায়েস রান্না করে স্বজনদের খাওয়ানো হচ্ছে। তবে আগের মতো গ্রামজুড়ে উৎসবের যে আবহ তৈরি হতো, তা আর সহজে চোখে পড়ে না।
হেমন্তের মাঠে এখনো সোনালি ধান দোলে। কৃষকের উঠানে নতুন ফসলও আসে। কিন্তু সেই ফসল ঘিরে যে সম্মিলিত আনন্দ একসময় গ্রামবাংলাকে প্রাণবন্ত করে রাখত, তা ক্রমেই ছোট হয়ে আসছে। নবান্ন তাই আজ শুধু নতুন ধান ঘরে তোলার উৎসব নয়, হারিয়ে যেতে বসা এক গ্রামীণ জীবনের স্মৃতিও।