শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

অন্যান্য

নীরব তাঁত, বিষণ্ন টাঙ্গাইল

নীরব তাঁত, বিষণ্ন টাঙ্গাইল

‘চমচম, টমটম ও শাড়ি—এই তিনে টাঙ্গাইল বাড়ি।’ এই পরিচয়ের সঙ্গে মিশে আছে এক জনপদের শত বছরের ঐতিহ্য। একসময় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘরে ঘরে শোনা যেত তাঁতের খটখট শব্দ। সেই শব্দের সঙ্গে জড়িয়ে ছিল হাজারো পরিবারের হাসি-কান্না, জীবিকা আর স্বপ্ন। অথচ সময়ের ব্যবধানে সেই চেনা শব্দ ক্রমেই স্তব্ধ হচ্ছে। বন্ধ হয়ে যাচ্ছে তাঁত, পেশা ছাড়ছেন কারিগরেরা, আর উত্তরসূরিদের অনেকেই আর ফিরতে চাইছেন না বাপ-দাদার ঐতিহ্যে।

টাঙ্গাইলের তাঁতপল্লিতে এখন কান পাতলে আগের মতো ছন্দময় শব্দ শোনা যায় না। যে তাঁত একসময় একটি পরিবারের পরিচয় বহন করত, সেটি পড়ে আছে অব্যবহৃত অবস্থায়। কোথাও যন্ত্রের গতি থেমে গেছে, কোথাও বিক্রি হয়ে গেছে তাঁত। জীবিকার তাগিদে কেউ হয়েছেন ব্যবসায়ী, কেউ চাকরি নিয়েছেন, আবার কেউ বেছে নিয়েছেন সম্পূর্ণ ভিন্ন পেশা।

টাঙ্গাইল সদর, কালিহাতী ও দেলদুয়ার—এই তিন উপজেলায় তাঁতের শাড়ি উৎপাদন বেশি। এসব এলাকার তাঁতশিল্প একসময় ছিল স্থানীয় অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি। পরিবারের বড়দের কাছ থেকেই ছোটরা শিখত সুতা বোনা, নকশা তোলা আর শাড়ি তৈরির কারুকাজ। প্রজন্ম থেকে প্রজন্মে চলে আসত সেই দক্ষতা। এখন সেই ধারাবাহিকতাই ভেঙে পড়ছে।

তাঁতের শব্দ থামছে, কমছে কারিগর

তাঁতশিল্পের এই সংকটের পেছনে রয়েছে একাধিক কারণ। সুতা, রং ও রাসায়নিকের দাম বেড়েছে। বেড়েছে জীবনযাত্রার ব্যয়। কিন্তু সেই অনুপাতে বাড়েনি তাঁতিদের মজুরি কিংবা উৎপাদিত কাপড়ের দাম। অন্যদিকে বাজারে মেশিনে তৈরি কাপড়ের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকাও কঠিন হয়ে উঠেছে। বিদেশে রপ্তানি বন্ধ থাকায় বাজার সম্প্রসারণের সুযোগও সীমিত।

স্থানীয় তাঁতিদের ভাষ্য, সারাদিন পরিশ্রম করে যে মজুরি পাওয়া যায়, তাতে বর্তমান বাজারদরে সংসার চালানো কঠিন। ফলে নতুন প্রজন্ম এ পেশায় আসতে আগ্রহী হচ্ছে না। শুধু তাই নয়, পুরোনো কারিগরদের অনেকে পেশা ছেড়ে চলে যাওয়ায় দক্ষ শ্রমিকের সংকটও বাড়ছে।

বাজারের রুচিতেও এসেছে পরিবর্তন। স্থানীয় তাঁতিদের মতে, থ্রি-পিসসহ নানা ধরনের পোশাকের জনপ্রিয়তা বাড়ায় নারীদের মধ্যে তাঁতের শাড়ির চাহিদা আগের মতো নেই। ফলে বিক্রি কমছে, আর বিক্রি কমলে উৎপাদন চালিয়ে যাওয়ার আগ্রহও হারাচ্ছেন তাঁতিরা।

পাথরাইলের পাঁচ হাজার তাঁত এখন চারশতে

টাঙ্গাইলের ঐতিহ্যবাহী তাঁতপল্লি পাথরাইলের চিত্র সংকটের গভীরতা বুঝতে যথেষ্ট। তাঁত ব্যবসায়ীদের দেওয়া তথ্য অনুযায়ী, একসময় এই এলাকায় প্রায় পাঁচ হাজার তাঁত ছিল। বর্তমানে সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে মাত্র চারশতে। অর্থাৎ একসময় যে জনপদ তাঁতের শব্দে মুখর থাকত, সেখানে অধিকাংশ তাঁতই এখন বন্ধ।

দীর্ঘ তিন দশক ধরে তাঁতের শাড়ি তৈরি করছেন কারিগর রশীদ মিয়া। তাঁর চোখের সামনেই বদলে গেছে পেশাটির চেনা চিত্র। একসময় যে কাজে অনেক মানুষের কর্মসংস্থান ছিল, এখন সেখানে নতুন কারিগর খুঁজে পাওয়া কঠিন।

রশীদ মিয়া বলেন, ‘৩০ বছর ধরে তাঁতের শাড়ি তৈরি করি। অনেকেই এই পেশা ছেড়ে চলে গেছে। নতুন করে তাঁতের কারিগর তৈরি হচ্ছে না। আগের মতো তাঁতের শাড়ি বিক্রি হয় না। যার ফলে অনেকেই এই পেশা ছেড়ে অন্য পেশায় চলে যাচ্ছে। যে টাকা মজুরি পাই, এ টাকা দিয়ে আমাদের সংসার চালানো কষ্ট হয়ে যায়। মজুরি কম হওয়ায় নতুন করে কেউ আসছেন না।’

তাঁতের পেশায় এসে এখন আক্ষেপ করছেন আরেক কারিগর আকবর। তাঁর মতে, পরিশ্রমের তুলনায় আয় এতটাই কম যে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। নিজের অভিজ্ঞতা থেকে ছেলেদের এই পেশায় আনতে চান না তিনি।

আকবর বলেন, ‘এ পেশায় এসে এখন ঠিকমতো সংসার চলছে না। আমি এ পেশায় এসে ভুল করেছি। যে পরিশ্রম করে টাকা পাই, তা দিয়ে সংসার চালানো কষ্টকর। আমি আমার ছেলেদের এই পেশায় আনব না। এই পেশা ছেড়ে অনেকে রিকশা চালাচ্ছে, অন্য পেশায় চলে গেছে। পারিশ্রমিক কম হওয়ায় অনেকেই এ পেশা থেকে আগ্রহ হারাচ্ছে।’

একজন কারিগরের এই আক্ষেপ আসলে পুরো শিল্পের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলে দেয়। যে পেশায় বাবা নিজের সন্তানকে আনতে চান না, সেখানে নতুন প্রজন্মের হাত ধরে ঐতিহ্য বাঁচিয়ে রাখার আশা কতটা বাস্তবসম্মত?

সংকটের কথা স্বীকার করছে তাঁত বোর্ডও

টাঙ্গাইলের তাঁতশিল্পের সংকটের বিষয়টি স্বীকার করছেন বাংলাদেশ তাঁত বোর্ডের কর্মকর্তারাও। বোর্ডের বেসিক সেন্টার টাঙ্গাইলের লিয়াজোঁ কর্মকর্তা জায়দুর রহমানের মতে, শ্রমিক সংকট এবং উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য না পাওয়া—এই দুই কারণে তাঁতশিল্প ক্রমেই সংকুচিত হচ্ছে।

তিনি বলেন, সুতা, রং ও রাসায়নিকের দাম যেভাবে বাড়ছে, সে তুলনায় তাঁতিদের উৎপাদিত শাড়ি, লুঙ্গি ও গামছার দাম বাড়ছে না। এতে পণ্যের চাহিদা ও বিক্রিতে নেতিবাচক প্রভাব পড়ছে। ফলে তাঁতিরা সংকটের মধ্যে পড়ছেন এবং অনেকে পেশা পরিবর্তন করছেন।

তবে এই শিল্পকে টিকিয়ে রাখতে বাংলাদেশ তাঁত বোর্ড কাজ করছে বলে জানিয়েছেন তিনি। তাঁতিদের কারিগরি ও আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি পণ্যের নকশায় বৈচিত্র্য আনা এবং বাজার সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হচ্ছে।

জায়দুর রহমান জানান, টাঙ্গাইলে তাঁতিদের প্রশিক্ষণের জন্য একটি কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। সেখানে বুননশিল্প ও বিপণন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পাশাপাশি টাঙ্গাইলের ঐতিহ্য ধরে রাখতে নতুন একটি প্রকল্প মন্ত্রণালয়ে উপস্থাপন করা হয়েছে। তাঁতপল্লি ও তাঁতপণ্যের বিক্রয়কেন্দ্র স্থাপনের প্রক্রিয়াও চলছে।

তাঁত বোর্ডের আশা, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে তাঁতিরা উৎপাদিত পণ্যের ভালো বাজার পাবেন। সেই সঙ্গে নতুন প্রজন্মকেও এ পেশায় আগ্রহী করে তোলা সম্ভব হবে।

ঐতিহ্য বাঁচাতে প্রয়োজন সময়োপযোগী উদ্যোগ

টাঙ্গাইলের তাঁতশিল্প শুধু কাপড় তৈরির একটি পেশা নয়; এটি একটি অঞ্চলের ইতিহাস, সংস্কৃতি ও মানুষের জীবনযাপনের অংশ। একটি শাড়ির নকশায় যেমন থাকে কারিগরের হাতের দক্ষতা, তেমনি থাকে বহু বছরের অভিজ্ঞতা ও পারিবারিক ঐতিহ্য। সেই দক্ষতা একবার হারিয়ে গেলে শুধু অর্থের বিনিময়ে তা ফিরিয়ে আনা সহজ নয়।

তাঁতশিল্পকে বাঁচাতে তাই প্রয়োজন শুধু আবেগ নয়, কার্যকর উদ্যোগও। তাঁতিদের সহজ শর্তে ঋণ, কাঁচামালের ন্যায্যমূল্য, উৎপাদনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মজুরি এবং পণ্যের বাজার সম্প্রসারণ জরুরি। পাশাপাশি আধুনিক প্রযুক্তি ও নতুন নকশার সঙ্গে ঐতিহ্যবাহী বুননশিল্পের সমন্বয় ঘটাতে হবে। দেশীয় বাজারের পাশাপাশি বিদেশে রপ্তানির সুযোগ তৈরি করা গেলে এই শিল্পের সামনে নতুন সম্ভাবনার দরজাও খুলতে পারে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, নতুন প্রজন্মের কাছে তাঁতশিল্পকে সম্মানজনক ও লাভজনক পেশা হিসেবে প্রতিষ্ঠা করা। কারণ প্রবীণ কারিগরেরা একদিন আর তাঁতে বসতে পারবেন না। তাঁদের হাতে গড়ে ওঠা দক্ষতা যদি উত্তরসূরিদের কাছে পৌঁছাতে না পারে, তবে হারিয়ে যাবে শুধু একটি পেশা নয়, হারিয়ে যাবে টাঙ্গাইলের নিজস্ব সাংস্কৃতিক পরিচয়ের একটি বড় অংশ।

একসময় টাঙ্গাইলের ঘরে ঘরে তাঁতের খটখট শব্দে সকাল হতো, সন্ধ্যা নামত। সেই শব্দে মিশে থাকত সংসারের স্বপ্ন, জীবিকার নিশ্চয়তা আর ঐতিহ্যের গর্ব। আজ সেই শব্দ অনেকটাই স্তব্ধ। এখন প্রশ্ন, বন্ধ হয়ে যাওয়া তাঁতগুলো কি আবার সচল হবে? নতুন প্রজন্ম কি ফিরবে পূর্বপুরুষের বুননশিল্পে? নাকি একদিন টাঙ্গাইলের তাঁতশিল্প কেবল স্মৃতির পাতায় আর পুরোনো শাড়ির নকশায় বেঁচে থাকবে?

আরও

জুমার নামাজে দাঁড়ানো অবস্থায় জুতা চুরি হচ্ছে, কী করবেন?

অন্যান্য

জুমার নামাজে দাঁড়ানো অবস্থায় জুতা চুরি হচ্ছে, কী করবেন?

জুমার নামাজ চলছে। মুসল্লিরা সবাই দাঁড়িয়ে কিংবা রুকু-সিজদায় ব্যস্ত। এমন সময় কারও চোখে পড়ল, মসজিদের বাইরে রাখা তাঁর জুতা ন...

২০২৬-১১-১৩ ০৯:২৯

বিষাদ সিন্ধুর স্রষ্টার স্মৃতিকেন্দ্রেই বিষাদের ছাপ

অন্যান্য

বিষাদ সিন্ধুর স্রষ্টার স্মৃতিকেন্দ্রেই বিষাদের ছাপ

বাংলা সাহিত্যের অমর সৃষ্টি ‘বিষাদ সিন্ধু’। কারবালার করুণ ইতিহাসকে অবলম্বন করে লেখা এই উপন্যাসের মধ্য দিয়ে মীর মশাররফ হোস...

২০২৬-১১-১৩ ০৯:২৭

পাকিস্তানকে পাশে রাখার পাশাপাশি ভারতের কমিউনিস্টদেরও যেভাবে তুষ্ট করেছিল উত্তর কোরিয়া

অন্যান্য

পাকিস্তানকে পাশে রাখার পাশাপাশি ভারতের কমিউনিস্টদেরও যেভাবে তুষ্ট করেছিল উত্তর কোরিয়া

১৯৭০ সালের জুন মাস। উত্তর কোরিয়ার নামমাত্র রাষ্ট্রপ্রধান চোয়ে ইয়ং-গন পিয়ংইয়ংয়ের সুনান বিমানবন্দরে অপেক্ষা করছিলেন। ভারতী...

২০২৬-১১-১২ ১৭:০১

সাইন্টোলজি: আত্মিক মুক্তির প্রতিশ্রুতি, নাকি ব্যয়বহুল এক বিতর্কিত ব্যবস্থা?

অন্যান্য

সাইন্টোলজি: আত্মিক মুক্তির প্রতিশ্রুতি, নাকি ব্যয়বহুল এক বিতর্কিত ব্যবস্থা?

মানসিক শান্তি ও আত্মিক মুক্তির খোঁজে মানুষ নানা পথ বেছে নেয়। সেই আকাঙ্ক্ষাকে কেন্দ্র করেই যুক্তরাষ্ট্রে গড়ে উঠেছিল সাইন্...

২০২৬-১১-১২ ১৩:২৪

কাপ্তাই জাতীয় উদ্যানে খাদ্য সংকটে হাতি

অন্যান্য

কাপ্তাই জাতীয় উদ্যানে খাদ্য সংকটে হাতি

রাঙ্গামাটির কাপ্তাই জাতীয় উদ্যানের প্রাকৃতিক আবাসস্থলে কমছে এশীয় হাতির খাদ্য। রোগবালাইয়ে বাঁশ ও ঝোপঝাড়ের পরিমাণ কমে যাওয়...

২০২৬-১১-০৮ ২০:১১