২০০ বছরের পুরনো কাপ্তাই জাতীয় উদ্যান দেশের অন্যতম প্রাচীন সংরক্ষিত বন। দীর্ঘকাল ধরে এটি এশীয় হাতির আবাসস্থল হিসেবে পরিচিত। বন বিভাগের তথ্য অনুযায়ী, বর্তমানে এই পার্কে ৬-৭টি শাবকসহ প্রায় ৪০-৪৫টি হাতি রয়েছে।
আগে লোকালয়ে হাতির আসার ঘটনা তুলনামূলক কম ছিল। কিন্তু এখন প্রায়ই লোকালয়ে হাতির চলাচল দেখা যাচ্ছে। বিশেষ করে রাতে হাতির আনাগোনায় আতঙ্কে থাকেন এলাকাবাসী।
জীবতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুদত্ত চাকমা দ্য ডেইলি স্টারকে বলেন, ‘রাতে হাতি চলাচল করলে আমাদের ঘুম হয় না। চেয়ারম্যান পাড়ায় রাত ৮টার পর হাতির ভয়ে কেউ বাইরে ঘোরাফেরা করে না। ওই সময় বাইরে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।’
কাপ্তাইয়ের সাবেক রেঞ্জ কর্মকর্তা ওমর ফারুক স্বাধীন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘শুষ্ক মৌসুমে আবাসস্থলে হাতির খাবার কমে যায়। এ ছাড়া, কিছু লোকজন হাতির আবাসস্থল থেকে লতাপাতা সংগ্রহ করে। নিষেধ করার পরও মাঝে মাঝে এরা বন কর্মকর্তাদের চোখ ফাঁকি দিয়ে যায়।’
কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মো. মামুনুর রহমান বলেন, ‘পর্যাপ্ত খাবার পেলে হাতি লোকালয়ে যায় না এবং বাড়িঘর ও মানুষের ওপর আক্রমণ করে না। আমরা হাতির মল দেখে বুঝতে পেরেছি, তারা ঘাস জাতীয় খাবার বেশি খায়। হাতি বিশেষ করে বাঁশ ও বাঁশের পাতা বেশি খেতে পছন্দ করে।’
তিনি জানান, হাতি যে এলাকায় বিচরণ করে, সেখানে ফলের বাগান, বাঁশ বাগান করে হাতির পর্যাপ্ত খাবার জোগান দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক এম এ আজিজ দ্য ডেইলি স্টারকে বলেন, ‘একটি পূর্ণবয়স্ক হাতির প্রতিদিন প্রায় ১৫০ থেকে ২০০ কেজি খাবারের প্রয়োজন হয়। পাশাপাশি তারা প্রায় ১৫০ লিটার পানি পান করে। হাতি বিভিন্ন প্রজাতির উদ্ভিদ থেকে খাদ্য সংগ্রহ করে। খাদ্য হিসেবে ঘাস, লতাপাতা, গাছের বাকল ও ফলমূল খেয়ে থাকে। তাদের খাদ্যগ্রহণে উদ্ভিদ প্রজাতির সংখ্যা ১০০ থেকে ৫০০ পর্যন্ত হতে পারে।’
তিনি বলেন, ‘বনায়নের উদ্যোগ হয়তো সাময়িক স্বস্তি দিতে পারে, তবে প্রাকৃতিক খাদ্যের উৎস রক্ষা করা বেশি গুরুত্বপূর্ণ। হাতির আবাসস্থল থেকে মানুষের খাদ্য সংগ্রহ বন্ধ করাই হতে হবে প্রধান লক্ষ্য। পাশাপাশি বনাঞ্চলের জলাধার ও ছড়াগুলো সচল ও সংরক্ষিত রাখা জরুরি। সংরক্ষিত বনাঞ্চলে পর্যাপ্ত সুরক্ষা নিশ্চিত করা গেলে হাতি প্রাকৃতিকভাবেই খাবার পাবে। সে ক্ষেত্রে আলাদা করে গাছ বা বাগান করার প্রয়োজন হবে না।’
সূত্র: ডেইলি স্টার