সোমবার, ৯ নভেম্বর ২০২৬ ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

অন্যান্য

মোটরসাইকেলের সামনে নম্বর প্লেট: কী হবে ৩১ ডিসেম্বরের পর?

মোটরসাইকেলের সামনে নম্বর প্লেট: কী হবে ৩১ ডিসেম্বরের পর?

রাস্তায় একটি মোটরসাইকেল ছুটে যাচ্ছে। সামনে থেকে এর চালককে দেখা যায়। সেই সঙ্গে দেখা যায় তার মোটরসাইকেলের রং ও মডেলটিও। তবে কোনো কারণে বাহনটির নিবন্ধন নম্বর জানতে হলে এতদিন পেছনে থাকা নম্বর প্লেটটি দেখতে হতো। এবার সামনেও নম্বর প্লেট লাগানোর নিয়ম করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

প্রথমে ১৫ নভেম্বর পর্যন্ত সময় দেওয়া হলেও পরে তা বাড়িয়ে ৩১ ডিসেম্বর করা হয়েছে। তবে প্লেটের মাপ নিয়ে আপত্তি ওঠায় সরকার আকার ও নকশা পরিবর্তনের সুযোগও রেখেছে।

অনেকেই ১৫ নভেম্বরের কথা মাথায় রেখে আগেই মোটরসাইকেলের সামনে নম্বর প্লেট লাগিয়েছিল। তবে ২৯ অক্টোবর সময় বাড়ানোর ঘোষণার পর অনেকে বিষয়টি নিয়ে গড়িমসি করছেন।

মোটরসাইকেল মালিকদের নিজেদের উদ্যোগে সামনে-পেছনে নম্বর প্লেট লাগানোর এই নিয়ম নিয়ে নানা আলোচনাই চলছে। কিন্তু নম্বর প্লেট কী? এই নম্বর কীভাবে নির্ধারণ করা হয়? কেন দুই দিকেই নম্বর থাকা প্রয়োজন?


নম্বর প্লেট ও রেজিস্ট্রেশন নম্বর
সড়কে চলাচলকারী প্রতিটি মোটরযানের আলাদা পরিচিতি থাকে। আর এ কারণেই নম্বর প্লেট দরকার। বিআরটিএ কোনো মোটরসাইকেল নিবন্ধনের সময় সেটিকে একটা নির্দিষ্ট নম্বর দেয়। এই নম্বরই মোটরসাইকেলটির সরকারি পরিচয়।

এ দেশে সড়কে চলাচলকারী যানবাহনের নিবন্ধন নম্বর নির্ধারণ করে বিআরটিএ। সাধারণত নম্বরের কয়েকটি অংশ থাকে। যেমন, ‘ঢাকা মেট্রো-ল-১১-১২৩৪’।

এখানে ‘ঢাকা মেট্রো’ দিয়ে নিবন্ধনের এলাকা বোঝানো হয়। ‘ল’ বর্ণটি দিয়ে বোঝায় মোটরসাইকেলটি কোন শ্রেণির। পরের সংখ্যাগুলো নিবন্ধনের সিরিজ ও ক্রমিক নম্বরের অংশ।

মোটরসাইকেলের ইঞ্জিন ক্ষমতা অনুযায়ী নিবন্ধন নম্বরের বাংলা বর্ণ নির্ধারণ করে বিআরটিএ। সাধারণত ‘হ’ বর্ণটি ১২৫ সিসি পর্যন্ত ইঞ্জিনের মোটরসাইকেল এবং ‘ল’ বর্ণটি ১২৫ সিসির বেশি ক্ষমতার মোটরসাইকেলের ক্ষেত্রে ব্যবহৃত হয়।

নম্বর প্লেট থাকা কেন বাধ্যতামূলক?
সড়ক পরিবহন আইন, ২০১৮-এর মোটরযান রেজিস্ট্রেশন অধ্যায়ে বলা হয়েছে, রেজিস্ট্রেশন সনদ ছাড়া কোনো মোটরযান সড়ক, মহাসড়ক বা পাবলিক প্লেসে চালানো যায় না। মোটরযানে নিবন্ধন নম্বরপ্লেট সংযোজন ও প্রদর্শন করাও বাধ্যতামূলক।

দুর্ঘটনা, চুরি, অপরাধ কিংবা ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনায় সংশ্লিষ্ট যানবাহন ও মালিকের পরিচয় খুঁজে বের করতে নম্বর প্লেট কাজে লাগে।

সামনে ও পেছনে দুই জায়গায় নম্বর প্লেট কেন?
এতদিন মোটরসাইকেলের পেছনে বিআরটিএ অনুমোদিত ডিজিটাল নম্বর প্লেট লাগানো বাধ্যতামূলক ছিল। এবার সামনে নম্বর প্রদর্শনের নির্দেশনা দিয়েছে বিআরটিএ।

এক গণবিজ্ঞপ্তিতে সংস্থাটি বলেছে, সড়ক পরিবহন আইন, ২০১৮ ও সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ অনুযায়ী মোটরসাইকেলের পেছনে কর্তৃপক্ষের অনুমোদিত আরএফআইডিসহ উন্নতমানের রেট্রো-রিফ্লেক্টিভ ধাতব প্লেটে নিবন্ধন নম্বর প্রদর্শনের বিধান রয়েছে।

সামনে নম্বর প্লেট থাকলে সিসিটিভি ক্যামেরা ও স্বয়ংক্রিয় নম্বর শনাক্তকরণ প্রযুক্তির মাধ্যমে মোটরসাইকেল শনাক্ত করা সহজ হবে বলে জানায় বিআরটিএ।


ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও ট্রাফিক বিভাগের উপকমিশনার (ডিসি) মো. রফিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, ডিএমপির বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সিসিটিভি ক্যামেরা ছাড়াও সম্প্রতি এআই ক্যামেরা বসানো হয়েছে। এসব ক্যামেরা মূলত গাড়ির সামনের দিক থেকে নম্বর প্লেট শনাক্ত করে। তাই সামনে নম্বর প্লেট না থাকলে ক্যামেরায় মোটরসাইকেল শনাক্ত করা সম্ভব হবে না।

তিনি বলেন, ‘বিআরটিএর সঙ্গে আলোচনার ভিত্তিতেই সামনের নম্বর প্লেটের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্যামেরাগুলোর অবস্থান ও খরচের বিষয়টিও বিবেচনায় রাখতে হয়েছে। অনর্থক ক্যামেরার সংখ্যা বাড়ানো সম্ভব নয়। আবার ক্যামেরা নিচের দিকে স্থাপন করলে কোনো কারণে সেটি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে।’

পেছনের নম্বর প্লেট শনাক্ত করার জন্য ক্যামেরা স্থাপনের ক্ষেত্রেও কিছু সমস্যা রয়েছে বলে জানান তিনি। তার ভাষ্য, মোটরসাইকেলের পেছনেই অন্য গাড়ি থাকতে পারে। এতে ক্যামেরা অনেক সময় নম্বর প্লেটের স্পষ্ট ছবি নাও পেতে পারে। এছাড়া পেছন থেকে নম্বর প্লেট শনাক্ত করার ব্যবস্থা করতে গেলে তা আরও ব্যয়বহুল হবে।

সামনের নম্বর প্লেটের আরেকটি সুবিধার কথা উল্লেখ করেন রফিকুল ইসলাম। সেটি হলো কোনো মোটরসাইকেলের বিরুদ্ধে অপরাধের রেকর্ড পেলে, নম্বর প্লেট সামনে থাকলে সেটিকে আগে থেকেই শনাক্ত করা সহজ হয়। অপরাধ দমনের ক্ষেত্রেও এটি ভালো উদ্যোগ হবে বলে মনে করেন তিনি।

এআই ক্যামেরা কীভাবে শনাক্ত করবে?
এর আগে গত ২০ মে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ এক সংবাদ সম্মেলনে জানান, ঢাকার বিভিন্ন ট্রাফিক পয়েন্টে থাকা সিসিটিভি ক্যামেরার সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি যুক্ত করে যানবাহন নজরদারির ব্যবস্থা চালু করেছে ডিএমপি।

এই প্রযুক্তির মাধ্যমে বৈধ যানবাহন ট্রাফিক আইন ভঙ্গ করলে সিসিটিভি ক্যামেরায় ধারণ করা নম্বর প্লেট শনাক্ত করে মামলা দেওয়ার সুযোগ রয়েছে।

তবে সামনে নম্বর প্লেট না থাকলে এআই ক্যামেরা দিয়ে মোটরসাইকেল শনাক্ত করা যাবে না। সে ক্ষেত্রে ট্রাফিক পুলিশকে ম্যানুয়ালি ব্যবস্থা নিতে হবে বলে জানান ডিসি রফিকুল ইসলাম।

তিনি বলেন, এআই ক্যামেরা নম্বর শনাক্ত করে প্রয়োজনীয় তথ্য সামনে হাজির করে। এতে পুলিশের জনবল কম লাগে। তবে এআই ক্যামেরায় নম্বর শনাক্ত করা না গেলেও ডিএমপির অন্য সিসিটিভি ক্যামেরার ফুটেজ জুম করে নম্বর বের করা সম্ভব। কোনো জায়গায় মোটরসাইকেল পার্ক করা থাকলেও ভিডিও দেখে নম্বর শনাক্ত করা যায়।

ডিজিটাল নম্বর প্লেট কী এবং কীভাবে কাজ করে?
বাংলাদেশে প্রচলিত ডিজিটাল নম্বর প্লেট দেখতে সাধারণ নম্বর প্লেটের মতো হলেও এতে রেডিও ফ্রিকোয়েন্সি শনাক্তকরণ প্রযুক্তি বা আরএফআইডি ট্যাগ থাকে। এই ট্যাগে মোটরযানের নিবন্ধনসহ বিভিন্ন তথ্য সংরক্ষিত থাকে।

কোনো যানবাহন আরএফআইডি পাঠকযন্ত্রের কাছ দিয়ে গেলে সেটির ট্যাগ থেকে তথ্য সংগ্রহ করা যায়। পরে সেই তথ্য কেন্দ্রীয় তথ্যভাণ্ডারের সঙ্গে মিলিয়ে যানবাহন শনাক্ত করা সম্ভব।

সেতুর টোল আদায়, যানবাহনের তথ্য যাচাই এবং চুরি হওয়া যানবাহন শনাক্ত করার কাজে এই প্রযুক্তি ব্যবহার করা যায়।

তবে আরএফআইডি প্রযুক্তি জিপিএসের মতো নয়। শুধু ডিজিটাল নম্বর প্লেট থাকলেই মোবাইল ফোনের মতো যেকোনো জায়গা থেকে মোটরসাইকেলের সরাসরি অবস্থান দেখা যায় না। এর জন্য নির্দিষ্ট পাঠকযন্ত্র ও তথ্য ব্যবস্থাপনা প্রয়োজন।

সামনের নম্বর প্লেটের নতুন নিয়ম কী?
বিআরটিএ প্রথমে নির্দেশনা দিয়েছিল, স্কুটারের সামনের নম্বর প্লেটের মাপ ২০০ বাই ১০০ মিলিমিটার এবং অন্য মোটরসাইকেলের ক্ষেত্রে ২৮৫ বাই ৫০ মিলিমিটার নির্ধারণ করা হয়েছিল। অক্ষর ও সংখ্যার উচ্চতা হতে হবে কমপক্ষে ২০ মিলিমিটার।

প্লেটের পটভূমি সাদা, অক্ষর ও সংখ্যা কালো এবং উপকরণ স্টেইনলেস স্টিল বা অ্যালুমিনিয়াম রাখার কথাও বলা হয়।

পরে প্লেটের আকার ও বিন্যাস নিয়ে আপত্তির পর গত ১ নভেম্বর গেজেট প্রকাশ করে সরকার। সংশোধিত বিধিমালায় মোটরসাইকেলের নকশা অনুযায়ী সামনের নম্বর প্লেটের আকার, অক্ষরের উচ্চতা ও বিন্যাস পরিবর্তনের সুযোগ রাখা হয়েছে। প্রয়োজনে এক লাইনে নম্বর লেখার অনুমতিও দিতে পারবে বিআরটিএ।

সময়সীমা শেষ হলে কী হবে?
বিআরটিএর গণবিজ্ঞপ্তি অনুযায়ী, মোটরসাইকেলের সামনে নম্বর প্লেট প্রদর্শনের সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। এরপরও যারা নম্বর প্লেট লাগাবেন না, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান রফিকুল ইসলাম।

তিনি বলেন, ‘৩১ ডিসেম্বরের পর কোনো মোটরসাইকেলের সামনে নম্বর প্লেট না থাকলে ট্রাফিক পুলিশ তাকে আটক করে জানতে চাইবে, নির্ধারিত সময় পাওয়ার পরও কেন তিনি নির্দেশনা পালন করেননি।’

ট্রাফিক পুলিশের পক্ষ থেকে আলাদা করে সতর্ক করার বিষয়ে তিনি বলেন, সরকার প্রজ্ঞাপনের মাধ্যমে জনগণকে বার্তা দিয়েছে। এর বাইরে ট্রাফিক পুলিশের আলাদা কিছু করার নেই।

সূত্র: ডেইলি স্টার

আরও

কাপ্তাই জাতীয় উদ্যানে খাদ্য সংকটে হাতি

অন্যান্য

কাপ্তাই জাতীয় উদ্যানে খাদ্য সংকটে হাতি

রাঙ্গামাটির কাপ্তাই জাতীয় উদ্যানের প্রাকৃতিক আবাসস্থলে কমছে এশীয় হাতির খাদ্য। রোগবালাইয়ে বাঁশ ও ঝোপঝাড়ের পরিমাণ কমে যাওয়...

২০২৬-১১-০৮ ২০:১১

আলোক নিবাস: বাংলাদেশের সুবিধাবঞ্চিত ক্যান্সার রোগীদের জন্য আশ্রয়স্থল

অন্যান্য

আলোক নিবাস: বাংলাদেশের সুবিধাবঞ্চিত ক্যান্সার রোগীদের জন্য আশ্রয়স্থল

গার্মেন্টস ব্যবসায়ী হিসেবে নাজমুস আহমেদ আলবাব যখন সাফল্যের শিখরে, ঠিক তখনই তার শরীরে ধরা পড়ে ব্লাড ক্যানসার। অন্য কোনো ক...

২০২৬-১১-০৭ ১১:২৭

ভয়ের পরিবেশ যেন সাংবাদিকদের নিত্যসঙ্গী

অন্যান্য

ভয়ের পরিবেশ যেন সাংবাদিকদের নিত্যসঙ্গী

গত বছরের ৩০ নভেম্বর। আন্তসীমান্ত মাদক ও অস্ত্র চোরাচালান নিয়ে প্রতিবেদন করার জন্য পরিচিত একটি আইপি টেলিভিশন চ্যানেলের সা...

২০২৬-১১-০২ ১২:৪৩

ইতিহাসের সবচেয়ে বড় ক্রিপ্টো ডাকাতি, ৬৩০ কোটি ডলার চুরির দাবি বাইন্যান্সের

অন্যান্য

নেপথ্যে উত্তর কোরিয়া ইতিহাসের সবচেয়ে বড় ক্রিপ্টো ডাকাতি, ৬৩০ কোটি ডলার চুরির দাবি বাইন্যান্সের

বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্স জানিয়েছে, হ্যাকাররা তাদের ওয়ালেট থেকে প্রায় ৬৩০ কোটি ডলার মূল্যের...

২০২৬-১১-০১ ১৮:১২

দিল্লির ভিসা-দেয়ালে আটকে ইউরোপের  শ্রমবাজার, সুযোগ নিচ্ছে অন্যরা

অন্যান্য

দিল্লির ভিসা-দেয়ালে আটকে ইউরোপের শ্রমবাজার, সুযোগ নিচ্ছে অন্যরা

গ্রিসের একটি প্রতিষ্ঠানে চাকরি পেয়েছিলেন ইমন মিয়া। নিয়োগকর্তার কাছ থেকে ওয়ার্ক পারমিটও মিলেছিল। বিদেশে যাওয়ার প্রস্তুতিও...

২০২৬-১১-০১ ১২:৩৭

সরকারি পদ আর বিক্রির পণ্য নয়, চাই স্বচ্ছ পদায়নব্যবস্থা

অন্যান্য

সরকারি পদ আর বিক্রির পণ্য নয়, চাই স্বচ্ছ পদায়নব্যবস্থা

সরকারি চাকরিতে কে কোথায় নিয়োগ পাবেন, কোন কর্মকর্তা কোন পদে পদায়িত হবেন কিংবা কার ভাগ্যে জুটবে লাভজনক কর্মস্থল—এসব সিদ...

২০২৬-১০-২৪ ১৫:৫৭