টেসলার নামে বিমানবন্দর
স্লোভেনিয়ার রাজধানী লিউব্লিয়ানা থেকে সার্বিয়ার বেলগ্রেডে পৌঁছালাম এয়ার সার্বিয়ার বিমানে। দুই শহরের আকাশপথের দূরত্ব প্রায় ৪৮০ কিলোমিটার। সময় লাগে দেড় ঘণ্টার মতো। বেলগ্রেডে নেমেই চোখে পড়ল নিকোলা টেসলা আন্তর্জাতিক বিমানবন্দর।
বিমানবন্দরের নামের মধ্যেই লুকিয়ে আছে সার্বিয়ার ইতিহাস ও বিজ্ঞানের প্রতি শ্রদ্ধা। বিশ্বখ্যাত আবিষ্কারক নিকোলা টেসলার জন্ম ১৮৫৬ সালে, বর্তমান ক্রোয়েশিয়ার ভূখণ্ডে। বিদ্যুতের পরিবর্তী প্রবাহ বা এসি ব্যবস্থার উন্নয়নে তাঁর অবদান আধুনিক পৃথিবীর প্রযুক্তিগত অগ্রযাত্রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। টেসলার জন্মের ১৫০ বছর পূর্তি উপলক্ষে ২০০৬ সালে বিমানবন্দরটির নাম পরিবর্তন করে রাখা হয় নিকোলা টেসলা বিমানবন্দর।
বেলগ্রেডের কেন্দ্র থেকে প্রায় ১৮ কিলোমিটার দূরে অবস্থিত বিমানবন্দরটি সার্বিয়ার সবচেয়ে বড় আন্তর্জাতিক বিমানবন্দর এবং দেশটির জাতীয় বিমান সংস্থা এয়ার সার্বিয়ার প্রধান কেন্দ্র। আধুনিক বিমান চলাচলের সঙ্গে বিজ্ঞানীর নামের এই সংযোগ একধরনের ঐতিহাসিক তাৎপর্য তৈরি করে।
দানিউব-সাভার শহর বেলগ্রেড
বেলগ্রেডের সঙ্গে আমার পরিচয় অবশ্য নতুন নয়। কয়েক বছর আগে বুলগেরিয়ায় পেশাগত কাজে যাওয়ার পথে কয়েক ঘণ্টার বিরতিতে শহরটি ঘুরে দেখার সুযোগ হয়েছিল। একসময় মার্শাল টিটোর যুগোস্লাভিয়ার রাজধানী ছিল যে শহর, আজ সেটিই স্বাধীন সার্বিয়ার প্রাণকেন্দ্র।
দানিউব ও সাভা নদীর মিলনস্থলে গড়ে ওঠা বেলগ্রেডের নগরজীবনে ইতিহাসের ছাপ স্পষ্ট। শহরের রিপাবলিক স্কয়ারে রয়েছে জাতীয় জাদুঘর ও জাতীয় থিয়েটার। সেখান থেকে ছড়িয়ে পড়েছে কনেজ মিহাইলোভা—শহরের পরিচিত পথচারী সড়ক। দুই পাশে পুরোনো স্থাপনা, বইয়ের দোকান, ক্যাফে, রেস্তোরাঁ আর নানা ধরনের বিপণি। মানুষের ব্যস্ত চলাচলের মধ্যেও শহরটির ঐতিহ্য যেন নিজের জায়গা ধরে রেখেছে।
কালেমেগদান দুর্গ বেলগ্রেডের অন্যতম আকর্ষণ। দুর্গের উঁচু প্রান্ত থেকে দেখা যায় দানিউব ও সাভার মিলনস্থল। শতাব্দীর পর শতাব্দী ধরে এই দুই নদী শহরটির বাণিজ্য, যোগাযোগ ও প্রতিরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। নদীর দিকে তাকালে বোঝা যায়, কেন এই শহর ইতিহাসের নানা বাঁক ও সাম্রাজ্যের উত্থান-পতনের সাক্ষী হয়ে আছে।
জুরিখের সুশৃঙ্খল প্রবেশদ্বার
বেলগ্রেড থেকে প্রায় দুই ঘণ্টার ফ্লাইটে পৌঁছালাম সুইজারল্যান্ডের জুরিখে। পেশাগত কাজে দেড় দশকের বেশি সময় ধরে দেশটির বিভিন্ন শহরে যাতায়াতের সুবাদে জুরিখ বিমানবন্দর আমার বেশ পরিচিত। সুইস ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের প্রধান কেন্দ্র এই বিমানবন্দর।
সুইজারল্যান্ডে পরিচ্ছন্নতা, সময়নিষ্ঠা ও সুশৃঙ্খল ব্যবস্থাপনা যেন দৈনন্দিন জীবনের অংশ। বিমানবন্দরেও তার ব্যতিক্রম নেই। যাত্রীদের চলাচলের জন্য স্পষ্ট নির্দেশনা, পরিবহনের সমন্বিত ব্যবস্থা এবং নিচতলায় রেলস্টেশন—সব মিলিয়ে বিমানবন্দরটি শুধু আকাশপথের প্রবেশদ্বার নয়, দেশের অভ্যন্তরীণ যোগাযোগেরও গুরুত্বপূর্ণ কেন্দ্র।
ট্রেনের জানালায় সুইজারল্যান্ড
জুরিখ থেকে বাসেল যাওয়ার জন্য ট্রেনে উঠলাম। দূরত্ব খুব বেশি নয়, কিন্তু জানালার বাইরের দৃশ্যের কারণে যাত্রাটুকু হয়ে উঠল উপভোগ্য। শহরের ব্যস্ততা পেছনে ফেলে ট্রেন এগিয়ে চলল সবুজের ভেতর দিয়ে। কোথাও বিস্তীর্ণ তৃণভূমি, কোথাও ছোট ছোট পরিচ্ছন্ন জনপদ। ঢালু ছাদের বাড়ি, খামারবাড়ি, মাঠে চরতে থাকা গবাদিপশু আর গাছপালায় ঘেরা টিলা—সব মিলিয়ে ছবির মতো এক ভূদৃশ্য।
আল্পস পর্বতমালার সৌন্দর্য সুইজারল্যান্ডকে বিশ্বজুড়ে পরিচিত করেছে। কিন্তু দেশটির গ্রামাঞ্চলও কম আকর্ষণীয় নয়। সাধারণ কৃষিজমি, ছোট রেলস্টেশন কিংবা ফুলে সাজানো বাড়ির বারান্দাতেও রয়েছে একধরনের প্রশান্তি। জুরিখ থেকে বাসেলের পথে লেনৎসবুর্গ ও আরাউয়ের মতো পুরোনো জনপদ পেরিয়ে ট্রেন এগিয়ে যায় বাসেল-ল্যান্ডশাফট অঞ্চলের দিকে। প্রকৃতি ও মানুষের বসতি এখানে যেন পরস্পরের সঙ্গে সমঝোতা করে পাশাপাশি বেড়ে উঠেছে।
তিন দেশের সংস্কৃতির মিলনস্থল বাসেল
সুইজারল্যান্ডের উত্তর-পশ্চিমে রাইন নদীর তীরে বাসেল। জুরিখ ও জেনেভার পর দেশটির তৃতীয় বৃহত্তম শহর। এর বিশেষত্ব হলো, সুইজারল্যান্ড, জার্মানি ও ফ্রান্সের সীমান্ত এখানে খুব কাছাকাছি। ফলে শহরটির জীবনযাত্রা ও সংস্কৃতিতে তিন দেশের প্রভাব দেখা যায়।
বাসেলের পুরোনো শহর হেঁটে ঘোরার জন্য দারুণ। মার্কটপ্লাৎসের লাল টাউন হল ভবনটি সহজেই নজর কাড়ে। কাছেই মধ্যযুগীয় নগরপ্রাচীরের স্মৃতি বহন করছে স্পালেনটর। আর শহরের আকাশরেখায় আলাদা পরিচয় তৈরি করেছে বাসেল ক্যাথেড্রাল। লালচে পাথরের দেয়াল, সুউচ্চ দুটি টাওয়ার ও রঙিন ছাদ—স্থাপনাটিতে রোমানেস্ক ও গথিক স্থাপত্যের মেলবন্ধন দেখা যায়।
ক্যাথেড্রালের পেছনের ফালৎস প্রাঙ্গণ থেকে রাইন নদীর বিস্তৃত দৃশ্য চোখে পড়ে। নদীর দুই পাশে সারি সারি ভবন, সেতু আর শহরের ব্যস্ততা। বাসেলকে বুঝতে হলে রাইনকে বুঝতে হয়। নদীটি শুধু শহরের সৌন্দর্য বাড়ায়নি, এর বাণিজ্য ও ইতিহাসের সঙ্গেও গভীরভাবে জড়িয়ে আছে।
রাইনের ওপর বাসেলে রয়েছে পাঁচটি সেতু। এর মধ্যে মিটলেরে ব্র্যুকে বিশেষভাবে পরিচিত। ১২২৬ সালে এখানে নির্মিত প্রথম স্থায়ী সেতুটি শহরের ইতিহাসে গুরুত্বপূর্ণ। বর্তমান সেতুটি তৈরি হয়েছে ১৯০৫ সালে। সেতুর দুই পাশে নদীতীরের রেস্তোরাঁ ও হাঁটার পথ স্থানীয়দের কাছে বেশ জনপ্রিয়।
নদীর সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্কও একটু আলাদা। কোনো নদীর সঙ্গে প্রথম দেখা হলে সম্ভব হলে তার জল ছুঁয়ে দেখার ইচ্ছা হয়। রাইনও তার ব্যতিক্রম নয়। বন্ধু ও সহকর্মীদের সতর্কতা মেনে সাবধানে নদীর পানিতে নেমে দুহাত ভরে জল ছুঁয়ে দেখেছিলাম। এর আগে ২০০৫ সালে জার্মানির ডুসেলডর্ফে রাইনকে দেখেছিলাম, কিন্তু সেবার জল স্পর্শের সুযোগ হয়নি।
নদীর নামে এক বাঙালি কন্যা
রাইন নদীর পানি ছুঁয়ে ছবি ও অনুভূতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছিলাম। সেখানে মন্তব্য করেছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক পরিচিত ছোট বোন সৈয়দা রেহানা রাইন। বর্তমানে তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক।
তাঁর নামের গল্পটি আমাকে বিশেষভাবে নাড়া দিয়েছিল। বাংলাদেশের এক গ্রামীণ পরিবেশে থেকেও তাঁর বাবা মেয়ের নাম রেখেছিলেন ইউরোপের বিখ্যাত নদী রাইনের নামে। দূরদৃষ্টি ও কল্পনার সীমানা যে ভৌগোলিক সীমারেখায় আটকে থাকে না, এই নাম যেন তারই প্রমাণ। নামের নদীটির মতোই রেহানাও নিজের পথ তৈরি করেছেন বিজ্ঞান ও গবেষণার জগতে।
রাইনপারে শবে কদরের রাত
২০২৫ সালে রমজানের শেষ দিকে পেশাগত কাজে বাসেলে কয়েক দিন থাকার সুযোগ হয়েছিল। শবে কদরের রাতটি কেটেছিল সেখানেই। সহকর্মীদের সঙ্গে নৈশভোজের পরিকল্পনা থাকলেও সেদিন সন্ধ্যায় মসজিদে ইফতার করার ইচ্ছা হলো।
হোটেল থেকে প্রায় দুই কিলোমিটার দূরে ক্যাসার্ন মসজিদে পৌঁছাতে একটি সেতু পেরিয়ে রাইন নদীর অন্য পারে যেতে হয়েছিল। তুর্কি মুসলিম অভিবাসীদের উদ্যোগে প্রতিষ্ঠিত প্রায় চার দশকের পুরোনো এই মসজিদে সেদিন ইফতারের আয়োজন ছিল। খেজুর, রুটি ও দুধ দিয়ে ইফতার শেষে মাগরিবের নামাজ। এরপর রাতের খাবার, তুর্কি চা এবং শবে কদর উপলক্ষে ইমামের বয়ান ও মোনাজাত।
মসজিদে কয়েকজন বাংলাদেশির সঙ্গেও পরিচয় হলো। তাঁদের কারও জীবনসংগ্রাম, কারও প্রবাসে টিকে থাকার গল্প। সবার প্রত্যাশায় যেন একটি জায়গায় মিল—ভালো কাজ, পরিবারের সঙ্গে থাকার সুযোগ এবং একটু স্বস্তির জীবন।
সেদিন রাতে মসজিদ থেকে হোটেলে ফেরার পথে রাইন নদীকে অন্য রূপে দেখেছিলাম। দিনের আলোয় যে নদী শহরের সৌন্দর্য বাড়ায়, রাতের আলো-আঁধারিতে তার দৃশ্য আরও গভীর হয়ে ওঠে। দূরদেশের মসজিদে এক পবিত্র রাত, নদীর তীর ধরে হাঁটা আর অচেনা মানুষের সঙ্গে পরিচয়—সব মিলিয়ে ভ্রমণের স্মৃতিতে আলাদা জায়গা করে নিয়েছে সেই সন্ধ্যা।
বাসেল থেকে ফ্রাঙ্কফুর্ট
বাসেল থেকে জার্মানির ফ্রাঙ্কফুর্টে যাওয়ার জন্য ট্রেনের টিকিট আগেই কাটা ছিল। তবে টিকিট কাটার সময় একটি ভুল হয়েছিল। বিকেল পাঁচটার বদলে ভুল করে ভোর পাঁচটার টিকিট কাটা হয়েছিল। যাত্রার দিন বিষয়টি বুঝতে পারলেও ততক্ষণে সকালের ট্রেনের সময় পেরিয়ে গেছে। শেষ পর্যন্ত নতুন টিকিট কাটতে হলো।
রাইন নদীর তীরের বাসেল থেকে মেইন নদীর তীরের ফ্রাঙ্কফুর্ট—ট্রেনে প্রায় তিন ঘণ্টার পথ। বিকেলের যাত্রায় জানালার পাশে বসে সূর্যাস্ত দেখেছি, সঙ্গে ছিল ইফতারের জন্য কেনা ফলের জুস ও রুটি। চলন্ত ট্রেনের জানালায় পশ্চিম আকাশের শেষ আলো মিলিয়ে যাওয়ার সঙ্গে ইফতারের সেই মুহূর্তটিও হয়ে উঠেছিল স্মরণীয়।
ফ্রাঙ্কফুর্টের সঙ্গে পরিচয় বহু বছরের। শহরের প্রধান রেলস্টেশনের আশপাশে উপমহাদেশীয় খাবারের রেস্তোরাঁ রয়েছে। দীর্ঘ যাত্রার পর রেস্তোরাঁ লাহোরে নেহারি খেয়ে মনে হলো, দূরদেশেও পরিচিত স্বাদ কখনো কখনো ঘরের অনুভূতি ফিরিয়ে আনে।
বেলগ্রেডের ইতিহাস, জুরিখের শৃঙ্খলা, সুইস গ্রামের প্রশান্তি, বাসেলের রাইন আর ফ্রাঙ্কফুর্টের মেইন—প্রতিটি জায়গার অভিজ্ঞতা আলাদা। ভ্রমণ শেষে মনে হয়, শহর চেনা মানে শুধু তার রাস্তা বা স্থাপনা দেখা নয়; নদী, মানুষের জীবন, বিশ্বাস আর স্মৃতির ভেতর দিয়ে একটি জনপদকে অনুভব করাই আসল ভ্রমণ।