গাবতলীর মাজার রোড থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার জন্য এক ই-রিকশাচালক প্রথমে ভাড়া চেয়েছিলেন ৫০০ টাকা। দরদাম করে ৪০০ টাকায় যেতে রাজি হন তিনি। অথচ দূরত্ব ১০ কিলোমিটারের কিছু বেশি। সরকার নির্ধারিত হিসাব অনুযায়ী, এই দূরত্বে সিএনজিচালিত অটোরিকশার ভাড়া হওয়ার কথা প্রায় ১৪০ টাকা, অপেক্ষার সময়ের খরচ বাদে।
ই-রিকশার চালক মো. শাহীন জানান, মালিককে প্রতিদিন এক হাজার টাকা জমা দিতে হয়। সেই খরচ তুলতে বেশি ভাড়া চাইতে হচ্ছে তাঁকে। নতুন ই-রিকশার মালিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, একটি যান কিনতে খরচ পড়ছে প্রায় পাঁচ লাখ টাকা। চালকদের কাছ থেকে প্রতিদিন ৮০০ থেকে এক হাজার টাকা পর্যন্ত জমা নেওয়া হচ্ছে।
নিরাপত্তায় নতুন নকশা
নতুন ই-রিকশার নকশা করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক মো. এহসানের নেতৃত্বে ছয় সদস্যের একটি গবেষক দল। দেশে প্রচলিত ১২ ধরনের ব্যাটারিচালিত রিকশার নিরাপত্তাগত দুর্বলতা পর্যালোচনা করে নকশায় ১৬টি বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে। তিন চাকায় হাইড্রোলিক ডিস্ক ব্রেক, বিকল্প পার্কিং ব্রেক, পেছনের যান দেখার আয়না, মোড় নেওয়ার সংকেতবাতি, সামনের কাচ, ছাউনি ও স্থায়ী হেডলাইট রাখা হয়েছে।
বুয়েটের নির্দেশিকা অনুযায়ী ব্যাটারি ছাড়া একটি ই-রিকশা তৈরিতে খরচ হওয়ার কথা প্রায় দেড় লাখ টাকা। ব্যাটারির মান ও অন্যান্য উপকরণ যোগ হওয়ায় বাজারে দাম দাঁড়িয়েছে আরও বেশি। কয়েকটি প্রতিষ্ঠানের তৈরি ই-রিকশার দাম ৩ লাখ ৭০ হাজার থেকে ৪ লাখ ৩৫ হাজার টাকার মধ্যে। তবে ডিলার পর্যায়ে নিবন্ধনসহ দাম প্রায় পাঁচ লাখে পৌঁছাচ্ছে।
নতুন বিধিমালায় নিবন্ধন, কারিগরি মান, নিরাপত্তা ও চলাচলের শর্ত নির্ধারণ করা হয়েছে। একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে একজন ব্যক্তি এক বা একাধিক সিটি করপোরেশন মিলিয়ে সর্বোচ্চ পাঁচটি ই-রিকশা নিবন্ধন করতে পারবেন। বুয়েটের নির্ধারিত মান, ফিটনেস সনদ ও ট্রাফিক বিভাগের প্রতিস্বাক্ষর ছাড়া নিবন্ধন বা নবায়ন করা যাবে না। প্রতিটি নিবন্ধিত ই-রিকশার জন্য কিউআর কোডযুক্ত নম্বর ও নম্বরপ্লেট দেওয়ার বিধানও রয়েছে।
কিন্তু নীতিমালায় চালকের দৈনিক জমা কিংবা যাত্রীদের কিলোমিটারপ্রতি ভাড়া কত হবে, তা নির্ধারণ করা হয়নি। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, সিটি করপোরেশনের যান্ত্রিক বিভাগ ও ট্রাফিক পুলিশ যৌথভাবে জমা ও ভাড়া নির্ধারণ করবে।
চালকের নাগালের বাইরে মালিকানা
ঢাকার রিকশাচালকদের বড় অংশই অন্যের যান দৈনিক জমায় নিয়ে চালান। তাঁদের অনেকের পক্ষে পাঁচ লাখ টাকার ই-রিকশা কেনা সম্ভব নয়। ফলে নতুন যান এলেও মালিকের কাছ থেকে জমা দিয়ে রিকশা চালানোর পুরোনো ব্যবস্থাই থাকছে। মালিকের নির্ধারিত জমা ও অন্যান্য খরচ মেটাতে গিয়ে চালকের ওপর চাপ বাড়ছে, যার প্রভাব পড়ছে যাত্রীর ভাড়ায়।
নতুন ই-রিকশা আনার অন্যতম উদ্দেশ্য অনিবন্ধিত ও ঝুঁকিপূর্ণ ব্যাটারিচালিত রিকশার বিকল্প তৈরি করা। কিন্তু দাম সাধারণ চালকদের নাগালের বাইরে থাকলে এবং ভাড়া নির্ধারণে কার্যকর ব্যবস্থা না থাকলে সেই উদ্যোগের সুফল কতটা মিলবে, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। নিরাপদ যান চালুর পাশাপাশি যাত্রী ও চালক—দুই পক্ষের স্বার্থ রক্ষায় ভাড়ার নিয়মও স্পষ্ট করা জরুরি।