অনেকেরই সকালের নাশতায় কলা খাওয়ার অভ্যাস আছে। কেউ আবার দিনের অন্য সময়ে কলা খান। কলা স্বাদ ও পুষ্টিতে ভরপুর একটি ফল। কিন্তু বাজার থেকে কেনা কলা রাসায়নিক দিয়ে পাকিয়ে বিক্রি করা হচ্ছে বলে অনেকদিন ধরেই অভিযোগ রয়েছে। এরকম কলা খেলে শরীরে নানারকম ক্ষতি হতে পারে। কলা রাসায়নিক দিয়ে পাকানো কি না তা চেনার কয়েকটি লক্ষণ জানানো হয়েছে ‘টিভিনাইনে’র এক প্রতিবেদনে। যেমন-
খোসায় কোনও কালচে ছোপ নেই
প্রাকৃতিকভাবে পাকলে কলার খোসায় ছোট ছোট বাদামি ছোপ দেখা যেতে পারে। তবে সব প্রাকৃতিকভাবে পাকা কলাতেই ছোপ থাকবে, এমন কোনো কথা নেই।
অস্বাভাবিক উজ্জ্বল হলুদ রং
কলার খোসা যদি পুরোটাই একই রকম উজ্জ্বল হলুদ হয়, অথচ কোনও প্রাকৃতিক দাগ বা রঙের তারতম্য না থাকে, তা হলে তা রাসায়নিকভাবে পাকানো হতে পারে।
কলার বোঁটা সবুজ, অথচ ফল হলুদ
কলার বোঁটা সবুজ বা কাঁচা রয়ে গেছে, অথচ গোটা কলা হলুদ রয়েছে, এমন হলে কৃত্রিমভাবে পাকানো হতে পারে।
বাইরে পাকা, ভিতরে কাঁচা
খোসা হলুদ হলেও কলার ভিতরের অংশ শক্ত, স্বাদে কষভাব বা কাঁচা ভাব থাকলে সতর্ক হওয়া জরুরি।
স্বাভাবিক মিষ্টি গন্ধ নেই
পাকা কলার সাধারণত মিষ্টি গন্ধ থাকে। সেই গন্ধ না থাকলে কলায় রাসায়নিক মেশানো থাকতে পারে।
সব কলা একই সময়ে একই রকম পাকা
একটি গোটা থোকের সব কলা যদি অস্বাভাবিকভাবে একই রং থাকে,তাহলে তা কৃত্রিমভাবে পাকানো হতে পারে।
রাসায়নিক পাকানো কলা খাওয়ার ঝুঁকি
এ ধরনের কলা খেলে পেটের সমস্যা হতে পারে। বমি, পেটব্যথা ও ডায়রিয়ার মতো উপসর্গও দেখা দিতে পারে। স্নায়ুতন্ত্রের সমস্যা হতে পারে। দূষিত কার্বাইডের সংস্পর্শে এলে মাথাব্যথা, মাথা ঘোরা-সহ অন্যান্য সমস্যা দেখা দিতে পারে।
সূত্র: সমকাল