মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দিনব্যাপী পাথরঘাটা সদর ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্সের বাস্তবায়নে ব্রীজ প্রকল্পের আওতায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন পাথরঘাটা সদর ইউনিয়ন পরিষদের (ইউপি)ভারপ্রাপ্ত চেয়ারম্যান সগির আলম। এ ছাড়া উপস্থিত ছিলেন সমাজসেবক এরফান আহমেদ সোয়েন, প্যানেল চেয়ারম্যান শাহ আলম, সুপ্রিম কোর্টের আইনজীবী মনোজ কুমার কীর্তনিয়া, ইউপি সদস্য, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লিডার্সের প্রোগ্রাম কো-অর্ডিনেটর শারমিন আরা লিনা।
সভায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে জলবায়ু পরিবর্তন, পরিবেশ বিপর্যয়, নদীভাঙন, বেড়িবাঁধের ক্ষয়ক্ষতি, জলোচ্ছ্বাসসহ উপজেলার বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়। আলোচনার মাধ্যমে স্থানীয় জনগণের প্রধান সমস্যা চিহ্নিত করে সেগুলো সমাধানে বিভিন্ন সুপারিশ তুলে ধরা হয়।
বক্তারা বলেন, উপকূলীয় উপজেলা হওয়ায় পাথরঘাটার মানুষ প্রতিবছর জলবায়ু পরিবর্তনজনিত নানা দুর্যোগের মুখোমুখি হন। নদীভাঙন, বেড়িবাঁধ ভেঙে যাওয়া, জলোচ্ছ্বাস, লবণাক্ততা ও পরিবেশ দূষণসহ বিভিন্ন সমস্যায় সাধারণ মানুষের জীবন ও জীবিকা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসব সমস্যা চিহ্নিত করে টেকসই সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।
সভায় উত্থাপিত সুপারিশগুলো আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত করার আহ্বান জানানো হয়। পাশাপাশি নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে এসব সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান অংশগ্রহণকারীরা।