গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার কেয়াইন ইউনিয়নের মজিদপুর ও বাসাইল ইউনিয়নের ডাকাতিয়াপাড়া গ্রামে এসব অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শিব্বির আহমেদ।
অভিযানে উপজেলার কেয়াইন ইউনিয়নের মজিদপুর এলাকায় যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া আবাসন প্রকল্প পরিচালনার অপরাধে বিক্রমপুর মর্ডান সিটি আবাসন প্রকল্পে অভিযান চালানো হয়। এ সময় প্রয়োজনীয় অনুমোদন না থাকায় রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইনে প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে প্রকল্পটির সাইনবোর্ড অপসারণ করা হয়।
অন্যদিকে, বাসাইল ইউনিয়নের ডাকাতিয়াপাড়া গ্রামে ফাতেমা মেটাল প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। সেখানে অবৈধভাবে পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর উপায়ে সারের কাঁচামাল উৎপাদনের অভিযোগে মোহাম্মদ কবির (৪২) নামে এক ব্যক্তিকে বায়ুদূষণ নিয়ন্ত্রণ আইনে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শিব্বির আহমেদ বলেন, অনুমোদন ছাড়া আবাসন প্রকল্প পরিচালনা এবং পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর উপায়ে সারের কাঁচামাল উৎপাদনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।