মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরের দিকে সুন্দরগঞ্জ থানা থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এর আগে রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে রাতের মধ্যে উপজেলার সোনারায় ইউনিয়নের পৃথক দুটি বাড়ি থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যার দিকে উপজেলার সোনারায় ইউনিয়নের নেংটিপাড়া এলাকার হিরা মিয়ার স্ত্রী সিদ্দিকা খাতুনকে তাঁর বাড়ির টিনের ঘরের ধরনার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁর মরদেহ উদ্ধার করে। এই ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে থানায় একটি মামলা দায়ের করা হয়।
একই রাতে একই ইউনিয়নের পূর্ব শিবরাম গ্রামের আউয়াল মিয়ার স্ত্রী সাজেদা বেগমের মরদেহও নিজ বাড়ির টিনের ঘরের ধরনার সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁরও মরদেহ উদ্ধার করে। এই দুটি মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাঁদের মৃত্যুর প্রকৃত কারণ জানা যায়নি।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ্ জানান, পৃথক দুটি স্থান থেকে দুই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে সিদ্দিকা খাতুনের মৃত্যুর ঘটনায় থানায় আত্মহত্যায় প্ররোচনার মামলা হয়েছে। মৃত্যুর রহস্য উদঘাটনে পুলিশী তদন্ত অব্যাহত রয়েছে।