বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

রাজনীতি

পাসপোর্টের জট, মৃত্যুদণ্ডের রায়: শেখ হাসিনার বাংলাদেশে ফেরার পথ কোন দিকে?

পাসপোর্টের জট, মৃত্যুদণ্ডের রায়: শেখ হাসিনার বাংলাদেশে ফেরার পথ কোন দিকে?

দিল্লিতে নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা। ডিসেম্বরেই দেশে ফেরার ঘোষণা দিয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী। কিন্তু ফেরার ইচ্ছা প্রকাশ করলেই কি খুলবে ঢাকার পথ? হাতে নেই কার্যকর পাসপোর্ট, তার উপর মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায়। বাংলাদেশের আদালতে একাধিক মামলার বিচারও চলছে তার অনুপস্থিতিতে। ফলে শেখ হাসিনার প্রত্যাবর্তন এখন আর নিছক ভ্রমণ বা অভিবাসনের প্রশ্ন নয়; এর সঙ্গে জড়িয়ে রয়েছে আইনি প্রক্রিয়া, ভারত-বাংলাদেশ সম্পর্ক এবং দুই দেশের রাজনৈতিক সিদ্ধান্ত।

সম্প্রতি লন্ডনভিত্তিক আইনজীবী সংস্থা ম্যাট্রিক্স চেম্বার্সের মাধ্যমে দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের কাছে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে আবেদন করার খবর সামনে আসতেই বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

তবে বাংলাদেশের আইনজীবীদের বক্তব্য, বর্তমান পরিস্থিতিতে পাসপোর্ট পাওয়ার আইনি সুযোগ কার্যত নেই শেখ হাসিনার। তাঁর সামনে সম্ভাব্য পথ দু’টি—ট্রাভেল পাস নিয়ে স্বেচ্ছায় দেশে ফেরা অথবা ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির আওতায় ফেরত আসা।

পাসপোর্ট নয়, ট্রাভেল পাস কি বিকল্প?

বাংলাদেশের সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিমের ব্যাখ্যা, দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হিসেবে শেখ হাসিনা সাধারণ নিয়মে পাসপোর্ট পাওয়ার যোগ্য নন। তাঁর বিরুদ্ধে আদালতের রায় রয়েছে এবং গ্রেফতারি পরোয়ানাও জারি হয়েছে। ফলে দেশে ফিরলে বিমানবন্দরেই তাঁকে গ্রেফতার হতে হবে।

আইনজীবীর মতে, প্রত্যর্পণ চুক্তির আওতায় তাঁকে দেশে ফেরানো সম্ভব। আবার ট্রাভেল পাস নিয়েও তিনি ফিরতে পারেন। তবে যে পথেই আসুন, গ্রেফতার এড়ানোর সুযোগ নেই। আপিল করে জামিন না পাওয়া পর্যন্ত আইনি সুবিধা পাওয়ার ক্ষেত্রেও বাধা রয়েছে বলে মত তাঁর।

বিদেশে পাসপোর্টবিহীন কোনও নাগরিকের দেশে ফেরার ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের দূতাবাস বা হাই কমিশন সাধারণত ট্রাভেল পাস দিতে পারে। কিন্তু কোনও ব্যক্তি দণ্ডপ্রাপ্ত কিংবা বিচার এড়িয়ে পলাতক হলে সেই প্রক্রিয়াও জটিল হয়ে ওঠে। বাংলাদেশের পাসপোর্ট আইনেও এ বিষয়ে বিধিনিষেধ রয়েছে।

বাংলাদেশের আইনে কী বলা আছে?

বাংলাদেশ পাসপোর্ট অর্ডার, ১৯৭৩-এর ছয় নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, নির্দিষ্ট পরিস্থিতিতে পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট দিতে অস্বীকার করতে পারে কর্তৃপক্ষ। কোনও ব্যক্তি ফৌজদারি মামলার বিচার এড়িয়ে পালিয়ে থাকলে, পালানোর আশঙ্কা থাকলে কিংবা আদালতের দেশত্যাগে নিষেধাজ্ঞা থাকলে তাঁর আবেদন প্রত্যাখ্যান করা সম্ভব।

একই অনুচ্ছেদে আবেদনের আগের পাঁচ বছরের মধ্যে নৈতিক স্খলনজনিত অপরাধে অন্তত দু’বছরের কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তির পাসপোর্ট না দেওয়ার বিধানও রয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি আমিনুল ইসলামের বক্তব্য, মানবতাবিরোধী অপরাধ নৈতিক স্খলনজনিত অপরাধের অন্তর্ভুক্ত। ফলে শেখ হাসিনার ক্ষেত্রে পাসপোর্ট দেওয়ার সুযোগ নেই। তাঁর বিরুদ্ধে বিভিন্ন মামলায় দেশত্যাগে নিষেধাজ্ঞাও রয়েছে।

পুলিশ সদর দফতরের হিসাব অনুযায়ী, শেখ হাসিনার বিরুদ্ধে মোট ৬৭৩টি মামলা রয়েছে। এর মধ্যে হত্যার অভিযোগে ৪৫৭টি। জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০২৫ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁর অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডের রায় দেয়। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী, ওই আন্দোলনে প্রায় ১,৪০০ মানুষের মৃত্যু হয়েছিল। তবে হত্যার নির্দেশ দেওয়ার অভিযোগ অস্বীকার করে আসছেন শেখ হাসিনা।

বাংলাদেশের সংবিধানের ৩৬ অনুচ্ছেদে নাগরিকের দেশে ফেরা ও দেশত্যাগের অধিকার স্বীকৃত। কিন্তু জনস্বার্থে আইনের মাধ্যমে যুক্তিসঙ্গত বিধিনিষেধ আরোপের সুযোগও রয়েছে। প্রধান কৌঁসুলির মতে, দণ্ডপ্রাপ্ত ও বিচার এড়িয়ে পলাতক ব্যক্তির ক্ষেত্রে এই অধিকারকে একক ভাবে প্রয়োগ করা যায় না।

দিল্লির সিদ্ধান্তেই কি নির্ভর করছে প্রত্যাবর্তন?

পাসপোর্টের আবেদন নিয়ে বাংলাদেশের অভ্যন্তরেও অবস্থান স্পষ্ট। দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের মুখপাত্র সাইদুর রহমান জানিয়েছেন, ম্যাট্রিক্স চেম্বার্সের চিঠি পাওয়ার পর সেটি পররাষ্ট্র মন্ত্রকে পাঠানো হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিষয়টির সত্যতা ও আইনি দিক খতিয়ে দেখার কথা বলেছেন। অন্যদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, বাংলাদেশ পাসপোর্ট দেওয়ার বদলে ভারতকে শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ করছে।

ভারতের বিদেশ মন্ত্রকও প্রত্যর্পণের বিষয়টি আইনিভাবে নিষ্পত্তির কথা জানিয়েছে। ২০১৩ সালে দু’দেশের মধ্যে স্বাক্ষরিত প্রত্যর্পণ চুক্তির নজির রয়েছে। ২০১৫ সালের ১২ নভেম্বর নারায়ণগঞ্জের সাত খুন মামলার আসামি নূর হোসেনকে ভারত থেকে ফিরিয়ে আনে বাংলাদেশ। তার আগের দিন অনুপ চেটিয়াকে ভারতের হাতে তুলে দিয়েছিল ঢাকা।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের মতে, শেখ হাসিনার প্রত্যাবর্তন শেষ পর্যন্ত নির্ভর করবে ভারত ও বাংলাদেশের দুই সরকারের সিদ্ধান্তের উপর। ১৯৮১ সালের পরিস্থিতির সঙ্গে বর্তমান বাস্তবতারও মৌলিক পার্থক্য রয়েছে।

অতীতেও দু’বার পাসপোর্ট জটিলতা

শেখ হাসিনার দেশে ফেরার পথে পাসপোর্টের প্রশ্ন অবশ্য নতুন নয়। ১৯৭৫ সালের ১৫ অগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-সহ পরিবারের অধিকাংশ সদস্য নিহত হওয়ার সময় ছোট বোন শেখ রেহানার সঙ্গে জার্মানিতে ছিলেন তিনি। পরে দু’জনে ভারতে নির্বাসিত জীবন কাটান। ১৯৮১ সালের ১৭ মে দেশে ফেরেন শেখ হাসিনা। তবে সে সময় তিনি পাসপোর্ট নিয়ে ফিরেছিলেন, না কি ট্রাভেল ডকুমেন্টে, তা নিয়ে নিশ্চিত তথ্য নেই। সংশ্লিষ্ট একাধিক ব্যক্তি ও রাজনৈতিক নেতাও বিষয়টি নিশ্চিত করতে পারেননি।

দ্বিতীয়বার ২০০৭ সালে। চিকিৎসার জন্য আমেরিকায় যাওয়ার পর সেনা সমর্থিত মঈন-ফখরুদ্দিন সরকার তাঁর দেশে ফেরায় নিষেধাজ্ঞা জারি করেছিল। ১৮ এপ্রিলের সেই নিষেধাজ্ঞা ২৪ এপ্রিল প্রত্যাহার করা হয়। নানা বাধা পেরিয়ে ৭ মে দেশে ফেরেন শেখ হাসিনা। পরে তাঁকে গ্রেফতার করা হয়।

অন্যদিকে ট্রাভেল পাস নিয়ে দেশে ফেরার সাম্প্রতিক নজিরও রয়েছে। দীর্ঘ ১৮ বছর লন্ডনে থাকার পর ২০২৫ সালের ২৫ ডিসেম্বর ট্রাভেল পাস নিয়ে দেশে ফেরেন তারেক রহমান। ২০২৪ সালের ১১ অগস্ট একই ধরনের নথি নিয়ে দেশে ফিরেছিলেন বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ।

আরও

ছাত্রদল ভবিষ্যৎ রাজনীতির ‘সাপ্লাই লাইন’: আবদুস সালাম

রাজনীতি

ছাত্রদল ভবিষ্যৎ রাজনীতির ‘সাপ্লাই লাইন’: আবদুস সালাম

ছাত্রদল ভবিষ্যৎ রাজনীতির ‘সাপ্লাই লাইন’ বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক, বিএনপি চেয়ারম...

২০২৬-১০-০৯ ১৯:১৮

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ

রাজনীতি

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ

কুষ্টিয়ার লালন শাহের আখড়াবাড়িতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনা ঘটেছ...

২০২৬-১০-০৪ ২২:২৬

দলে অপরাধী ও অনুপ্রবেশকারীদের ঠাঁই নেই: ‘জিরো টলারেন্স’ নীতিতে বিএনপি

রাজনীতি

দলে অপরাধী ও অনুপ্রবেশকারীদের ঠাঁই নেই: ‘জিরো টলারেন্স’ নীতিতে বিএনপি

জুলাইয়ের ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের পর রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসে রাজনীতিতে গুণগত পরিবর্তনের যে প্রতিশ্রুতি বাংলাদেশ জ...

২০২৬-১০-০৩ ২০:৫৪

আখতারুজ্জামান দলের 'নেতা' কি না অবস্থান স্পষ্ট করল জামায়াত

রাজনীতি

আখতারুজ্জামান দলের 'নেতা' কি না অবস্থান স্পষ্ট করল জামায়াত

মেজর (অব.) আখতারুজ্জামান জামায়াতে ইসলামীর কোনো নেতা নন, তিনি দলের প্রাথমিক সদস্য বলে দাবি করেছেন জামায়াতের নায়েবে আমির ও...

২০২৬-১০-০৩ ১৮:০৮

‘বিএনপি সরকার জনগণের সরকার, নারীর ক্ষমতায়নে বিশ্বাসী’

রাজনীতি

‘বিএনপি সরকার জনগণের সরকার, নারীর ক্ষমতায়নে বিশ্বাসী’

বিএনপি সরকার জনগণের সরকার এবং নারীর ক্ষমতায়নে বিশ্বাসী বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

২০২৬-১০-০৩ ১৫:০২