২১ বছর বয়সী এই পেসারের শুরুটা হয়েছিল স্মরণীয় উইকেট দিয়ে। আন্তর্জাতিক ক্রিকেটে তিনি প্রথম উইকেট তুলে নিলেন জো রুটকে এলবিডব্লিউ করে। ধারাবাহিকভাবে ১৪০–এর ওপর গতি দিয়েও প্রশংসা কুড়িয়েছেন তিনি। চলমান এজবাস্টন টেস্টের প্রথম ইনিংসে রাজা নিয়েছেন ৪ উইকেট। যা পাকিস্তানের পক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ। এরপর করলেন রেকর্ডগড়া ব্যাটিং।
পুরো সিরিজজুড়ে ধারাবাহিক বিপর্যয়ের শিকার পাকিস্তানের ব্যাটিং লাইনআপ। তৃতীয় ও শেষ টেস্টে আরেকবার তাদের ব্যাটিং দুর্ভোগ দেখার অপেক্ষায় থাকা ব্যক্তিদের প্রথমে চমকে দেয় আজান আওয়াইস ও শান মাসুদের ব্যাট। তাদের পথ ধরে হাফসেঞ্চুরি করেছেন অধিনায়ক বাবর আজমও। তবে মূল বিস্ময়টা তুলে রেখেছিলেন ম্যাচটিতে অভিষেক হওয়া পেসার রাজাউল্লাহ। তার রেকর্ড ৯ ছক্কার ইনিংসেই মূলত ইংলিশদের লিড পেরোল পাকিস্তান।
রাজাউল্লাহকে নিয়ে বেশ চমকপ্রদ একটি তথ্য হাজির করেছেন দেশটির ক্রিকেট ডাটা ও পরিসংখ্যান বিশ্লেষক মাজহার আরশাদ। তার তথ্যমতে– গত ১৫ বছরে পাকিস্তানের কোনো ব্যাটার পুরো টেস্ট ক্যারিয়ারে পেসারদের বিপক্ষে ৮টি ছক্কা মারতে পারেননি। আর রাজাউল্লাহ এক ইনিংসে ইংলিশ পেসারদের ৮টি ছক্কা হাঁকালেন। এর মধ্যে গাস অ্যাটকিনসন ও জফরা আর্চারের এক ওভারে দু’বার করে এমন অভিজ্ঞতা দিলেন তিনি।
পাকিস্তানের সর্বকালের অন্যতম সেরা ব্যাটার বাবর আজমও আন্তর্জাতিক টেস্ট ক্যারিয়ারে পেস বলে একমাত্র ছয় মেরেছেন (আর্চারের বলে) এই ইনিংসে। পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে রাজা ৯ এবং মোহাম্মদ আব্বাস মেরেছেন ২ ছক্কা। ১৪৯ বছরের টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথমবার শেষ তিন ব্যাটার মিলিয়ে ইনিংসে ১১ ছক্কা হাঁকানোর নজির দেখল এজবাস্টন।