স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩১ আগস্ট শিশুটি ৭৯ নম্বর পূর্ব ছোট মিঠাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে আলতাফ হোসেন তাকে নিজের দোকানে ডেকে নেন। সেখানে তাকে কেক ও চকলেট খেতে দেওয়া হয়। একপর্যায়ে শিশুটির স্পর্শকাতর স্থানে হাত দেওয়ার অভিযোগ ওঠে দোকানদারের বিরুদ্ধে।
পরে বাড়িতে ফিরে শিশুটি বিষয়টি তার মা ও দাদিকে জানায়। এরপর শিশুটির বাবা বিষয়টি স্থানীয় ইউপি সদস্য কামাল শরীফ, গ্রাম পুলিশ আল আমিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানান।
পরে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার জন্য কালীর হাট বাজার থেকে প্রায় এক কিলোমিটার পূর্বে মঠবাড়িয়া-বড় মাছুয়া সড়কের পাশে কাজীবাড়িতে একটি সালিশ বৈঠকের আয়োজন করা হয়। এ সময় স্থানীয় গণমাধ্যমকর্মী ও পুলিশ সদস্যদের উপস্থিতি টের পেয়ে সালিশকারীদের কয়েকজন এবং অভিযুক্ত আলতাফ হোসেন সেখান থেকে চলে যান বলে জানা গেছে।
এ বিষয়ে মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, শিশুটিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শিশুটির পরিবারের সদস্যরাও থানায় রয়েছেন। বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।