আজ সোমবার দুপুর পর্যন্ত গাংনী বাজারে এ অভিযান পরিচালনা করেন মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ মামুনুল হাসান।
অভিযানে নান্না বিরানি হাউজকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। খাবার তৈরিতে কেওড়া জল ব্যবহারের অভিযোগে প্রতিষ্ঠানটিতে অভিযান চালিয়ে ৬০০টির বেশি বোতল কেওড়া জল পাওয়া যায়। পরে জব্দ করা এসব কেওড়া জল ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।
এ ছাড়া মেসার্স সোহাগ মেডিসিন কর্নারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটি থেকে প্রায় চার বস্তা ওষুধ জব্দ করা হয়েছে। অভিযানে জানানো হয়, এসব ওষুধ বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিরা চিকিৎসকদের বিনামূল্যে সরবরাহ করেন। বিনামূল্যে সরবরাহ করা ওষুধ বিভিন্ন দোকানে বিক্রির চেষ্টা করা হচ্ছিল বলে অভিযোগ রয়েছে।
অন্যদিকে, নিরাপদ খাদ্য অধিদপ্তরের লাইসেন্স না থাকায় কার্নিভাল রেস্টুরেন্টকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ মামুনুল হাসান বলেন, ভোক্তাদের অধিকার সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিয়মিতভাবে বাজার তদারকি করা হচ্ছে। অভিযানে অনিয়মের প্রমাণ পাওয়ায় আইন অনুযায়ী তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে এবং অননুমোদিত কেওড়া জল ও বিক্রির উদ্দেশ্যে রাখা বিনামূল্যের ওষুধ জব্দ করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন নিরাপদ খাদ্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) রিয়াজ মাহমুদ, ক্যাবের গাংনী উপজেলা সাধারণ সম্পাদক মাহাবুব আলম, মেহেরপুর জেলা পুলিশের একটি দল এবং র্যাব-১২-এর একটি দল।