বইটির সবচেয়ে আলোচিত দাবি, প্রথম ট্রাম্প প্রশাসনের সময় কুশনারকে সৌদি ও আমিরাতি সরকারের কাছ থেকে প্রায় ২ বিলিয়ন ডলার দেওয়া হয়েছিল। এর মধ্যে ৭৫০ মিলিয়ন ডলার আমিরাতের একটি দাতব্য সংস্থা ওয়াতানি আল এমারাট ফাউন্ডেশনের মাধ্যমে ফার্স্ট আবু ধাবি ব্যাংকে রাখা ছিল বলে লেখক দাবি করেছেন। আপাতদৃষ্টিতে অর্থটি আমিরাতের নাগরিক কর্মসূচিতে সহায়তার জন্য দেওয়া হলেও, লেখকের দাবি অনুযায়ী, তা শেষ পর্যন্ত অস্ত্র কেনা ও গোপন সামরিক অভিযানে ব্যবহৃত হয়েছিল।
কুশনার এসব অভিযোগ জোরালোভাবে অস্বীকার করেছেন। তবে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন বছরে ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলে কুশনারের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো তদন্ত করা উচিত।
গত মাসে প্রকাশিত ম্যাথিউ কোলের বই ‘‘প্রিন্সেস অ্যান্ড থিভস: জ্যারেড কুশনার অ্যান্ড মোহাম্মদ বিন জায়েদ'স সিক্রেট প্লট টু রিমেইক দ্য মিডল ইস্ট’’ মধ্যপ্রাচ্যের ক্ষমতাকেন্দ্রিক রাজনীতি, গোপন যোগাযোগ ও বিভিন্ন লেনদেনের বিবরণ তুলে ধরেছে। বইটি সংযুক্ত আরব আমিরাতের শাসক আল নাহিয়ান পরিবারের রাজনৈতিক সংস্কৃতি ও ক্ষমতার চর্চা সম্পর্কেও একটি চিত্র তুলে ধরার চেষ্টা করেছে।
তবে বইটির সব অভিযোগ স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। লেখক সূত্রের পরিচয় প্রকাশ করেননি। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই জানিয়েছে, তারা বইটির সব দাবি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। এসব অভিযোগের বিষয়ে সংযুক্ত আরব আমিরাত ও সৌদি রাজপরিবারও কোনো মন্তব্য করেনি।
ভাইকে ব্ল্যাকমেইল করার অভিযোগ
ম্যাথিউ কোলের বইয়ে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের ক্ষমতায় ওঠার পথ নিয়ে একটি বিতর্কিত ঘটনা বর্ণনা করা হয়েছে। লেখকের দাবি, ১৯৯০-এর দশকে মোহাম্মদ বিন জায়েদ দক্ষিণ ইউরোপের একটি হোটেলকক্ষে তাঁর ভাই ও সিংহাসনের প্রতিদ্বন্দ্বী খলিফা বিন জায়েদের যৌন সম্পর্কের দৃশ্য ধারণ করতে দুজন সিরীয়কে নিয়োগ করেছিলেন।
কোলের দাবি, ওই ভিডিও ব্যবহার করে খলিফাকে বিব্রত করার উদ্দেশ্যে মোহাম্মদ বিন জায়েদ রুশ সহযোগীদের মাধ্যমে ভিডিওটি তাঁদের বাবা ও সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠাতা জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের কাছে পৌঁছে দেন।
লেখক বলেন, ‘‘জায়েদ বিন সুলতান বুঝতে পেরেছিলেন, তাঁর ছেলে মোহাম্মদ ভাইকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করছেন।’’ কিন্তু তিনি এতে ক্ষুব্ধ না হয়ে ছেলের কৌশলকে চতুরতা হিসেবে দেখেছিলেন এবং বিষয়টি নিয়ে আমোদও পেয়েছিলেন বলে বইয়ে দাবি করা হয়েছে।
কোলের ভাষ্য অনুযায়ী, আল নাহিয়ান পরিবারের ভেতরে এই ঘটনা মোহাম্মদ বিন জায়েদের ক্ষমতা দখলের উচ্চাকাঙ্ক্ষার প্রাথমিক লক্ষণ হিসেবে বিবেচিত হতে শুরু করে।
খলিফা বিন জায়েদের এক স্ত্রী ও আট সন্তান ছিল। লেখকের মতে, ১৯৯০-এর দশকে উপসাগরীয় রাজপরিবারগুলোর মধ্যে এমন পারিবারিক কাঠামো তুলনামূলকভাবে বিরল ছিল। তবে বর্তমানে তা বেশি দেখা যায়।
খলিফা বিন জায়েদের যৌন অভিমুখিতা নিয়ে কোলের প্রতিবেদন অন্য কোনো সূত্রে যাচাই করা হয়নি। যদিও উপসাগরীয় রাজপরিবারের সদস্যদের ব্যক্তিগত জীবন ও যৌন অভিমুখিতাকে রাজনৈতিক চাপ বা ব্ল্যাকমেইলের হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ বিভিন্ন সাম্প্রতিক বইয়েও উঠে এসেছে।
কোল আরও দাবি করেছেন, মোহাম্মদ বিন জায়েদ সাবেক সৌদি যুবরাজ মোহাম্মদ বিন নায়েফের প্রতিও বিদ্বেষী ছিলেন। পরে মোহাম্মদ বিন সালমান তাঁকে ক্ষমতার বলয় থেকে সরিয়ে দেন। লেখকের দাবি, মোহাম্মদ বিন জায়েদ মোহাম্মদ বিন নায়েফের কথিত যৌন অভিমুখিতাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রে তাঁর বিরুদ্ধে তদবিরও করেছিলেন।
মোহাম্মদ বিন নায়েফের ব্যক্তিগত জীবন নিয়ে নিউইয়র্ক টাইমসের সাংবাদিক বেন হাববার্ডের ‘‘এমবিএস: দ্য রাইজ টু পাওয়ার অফ মোহাম্মদ বিন সালমান’’ এবং সাংবাদিক ব্র্যাডলি হোপ ও জাস্টিন শেকের ‘‘ব্লাড অ্যান্ড অয়েল: মোহাম্মদ বিন সালমান'স রুথলেস কোয়েস্ট ফর গ্লোবাল পাওয়ার’’ বইয়েও উল্লেখ রয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
ভাইকে দুর্বল করার জন্য চিকিৎসা দেওয়ার অভিযোগ
২০০৪ সালে বাবা জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের মৃত্যুর পর খলিফা বিন জায়েদ সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট হন। তবে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপ্রধান হলেও দেশটির ক্ষমতার কেন্দ্রে ক্রমশ তাঁর ভাই মোহাম্মদ বিন জায়েদের প্রভাব বাড়তে থাকে। তিনি তখন আবুধাবির যুবরাজ এবং আমিরাতের সবচেয়ে ধনী আমিরাতের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন।
গণমাধ্যমে দীর্ঘদিন ধরে খলিফার ক্ষমতা ছেড়ে দেওয়ার বিষয়টি স্বেচ্ছায় নেওয়া সিদ্ধান্ত হিসেবে তুলে ধরা হয়েছে। ২০১৪ সালে তাঁর স্ট্রোকের পর দায়িত্ব পালনের সক্ষমতা আরও সীমিত হয়ে পড়ে।
কিন্তু ম্যাথিউ কোল বইয়ে এই বর্ণনার ভিন্ন একটি চিত্র তুলে ধরেছেন। তাঁর দাবি, খলিফা বিন জায়েদ এর আগেই মদ্যপানে আসক্ত ছিলেন এবং অজ্ঞাত মানসিক অসুস্থতায় ভুগছিলেন। কোলের দাবি, ২০০৩ সালে মোহাম্মদ বিন জায়েদ আবুধাবির উপ-যুবরাজ হওয়ার সময় থেকেই তাঁর ভাইকে চিকিৎসা দেওয়া হচ্ছিল। সেই চিকিৎসার কারণে খলিফা স্বাভাবিকভাবে কাজ করতে পারতেন না বলে লেখক দাবি করেছেন।
কোল লিখেছেন, ‘‘চিকিৎসার ফলে খলিফা অচেতন হয়ে পড়তেন এবং এতে তাঁর স্নায়ু ক্ষতিগ্রস্ত হয়েছিল।’’
লেখকের দাবি, ‘‘মোহাম্মদ বিন জায়েদ এই চিকিৎসাকে তাঁর ভাইকে দুর্বল করার উপায় হিসেবে দেখতেন। একজন আমেরিকান নার্সের সহায়তায় তাঁর ওপর চিকিৎসা চাপিয়ে দেওয়া হতো বলেও বইয়ে উল্লেখ করা হয়েছে। ওই নার্সের সঙ্গে মোহাম্মদ বিন জায়েদের পারিবারিক সম্পর্ক ছিল বলে লেখক দাবি করেছেন।’’
বইটিতে আরও দাবি করা হয়েছে, মোহাম্মদ বিন জায়েদ ওই নার্সের ভাইঝি লিসার সঙ্গে যৌন সম্পর্কে জড়িয়েছিলেন। সেই সম্পর্কের ফলে তাঁর একটি অবৈধ সন্তান জন্ম নেয়, যেটি দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় হয়েছে বলে লেখক উল্লেখ করেছেন।
আমিরাতের যুদ্ধবিমানে ইসরায়েলি প্রযুক্তি
সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েলের সম্পর্ক প্রকাশ্যে স্বাভাবিক হওয়ার অনেক আগেই দুই দেশের মধ্যে নিরাপত্তা সহযোগিতা গড়ে উঠেছিল বলে বইটিতে দাবি করা হয়েছে। ২০২০ সালের সেপ্টেম্বরে মার্কিন-সমর্থিত আব্রাহাম অ্যাকর্ডসের মাধ্যমে সম্পর্ক স্বাভাবিক করার ঘোষণা দিলেও দুই দেশের যোগাযোগ তার বহু আগে থেকেই ছিল।
ম্যাথিউ কোলের বর্ণনায়, ইসরায়েলের সঙ্গে সম্পর্কের বিষয়ে মোহাম্মদ বিন জায়েদের অবস্থান তাঁর বাবার তুলনায় অনেক বেশি আগ্রহী ও ইতিবাচক ছিল। তাঁর বাবা ফিলিস্তিনিদের প্রতি সহানুভূতির কারণে ইসরায়েলকে গ্রহণ করতে অনিচ্ছুক ছিলেন বলে লেখক উল্লেখ করেছেন। বিপরীতে, মোহাম্মদ বিন জায়েদ অন্তত ১৯৯০-এর দশক থেকেই ইসরায়েলের প্রযুক্তি ও সামরিক সক্ষমতার প্রশংসা করতেন বলে কোল দাবি করেছেন।
১৯৯৮ সালে ‘‘এভিয়েশন উইক’’ পত্রিকায় ইসরায়েলি সফটওয়্যার ব্যবহার করে যুক্তরাষ্ট্রের তৈরি নতুন এফ-১৬ যুদ্ধবিমান সম্পর্কে একটি প্রতিবেদন পড়ার পর মোহাম্মদ বিন জায়েদ বিমানগুলো কেনার জন্য তাঁর বাবাকে তদবির করেন বলে বইয়ে উল্লেখ করা হয়েছে।
সে সময় তিনি সংযুক্ত আরব আমিরাতের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ ছিলেন। তাঁর উদ্যোগে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিমান কেনার আলোচনা এগিয়ে যায় বলে লেখক দাবি করেছেন।
বইটির বর্ণনা অনুযায়ী, আমিরাত ৮০টি এফ-১৬ যুদ্ধবিমান কেনার সিদ্ধান্ত নেয় এবং সেগুলোতে ইসরায়েলি সফটওয়্যার ব্যবহারের বিষয়ে সম্মত হয়। এ নিয়ে ক্লিনটন প্রশাসনের উদ্যোগে গোপন ইসরায়েলি-আমিরাতি আলোচনা হয়েছিল। ওই আলোচনার উদ্দেশ্য ছিল, আমিরাতের কাছে যুদ্ধবিমান বিক্রির ফলে ইসরায়েলের সামরিক শ্রেষ্ঠত্ব ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা দূর করা।
ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের বিরোধিতা এবং কবি হত্যার অভিযোগ
ইসরায়েলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক স্বাভাবিকীকরণের সিদ্ধান্ত দেশটির অভ্যন্তরেও বিরোধিতার জন্ম দিয়েছিল বলে বইটিতে উল্লেখ করা হয়েছে। কোল দাবি করেছেন, ২০১৯ সালে আমিরাতি কবি হাবিব আল সায়েগকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের বিরোধিতা করে কলাম লেখার কারণে নির্যাতন করে হত্যা করা হয়।
হাবিব আল সায়েগ আমিরাতের একজন পরিচিত কবি ও লেখক ছিলেন। তিনি দেশটির অভিজাত মহলের একজন প্রভাবশালী সদস্য হিসেবে পরিচিত ছিলেন। আল খালিজ পত্রিকার সম্পাদক এবং আরব লেখক সংঘের মহাসচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন। কোলের বর্ণনা অনুযায়ী, তিনি কাতারের বিরুদ্ধে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের অবরোধকেও সমর্থন করেছিলেন।
তবে ইসরায়েলের সঙ্গে আমিরাতের সম্পর্ক ক্রমশ ঘনিষ্ঠ হওয়ার বিষয়ে তিনি উদ্বেগ প্রকাশ করতে শুরু করেন। চুপ থাকার সতর্কবার্তা পেয়েও ২০১৯ সালের আগস্টে তিনি ‘‘ইসরায়েল আমাদের আসল শত্রু এবং একটি বিপজ্জনক প্রকল্প’’ শিরোনামে একটি কলাম লেখেন বলে বইটিতে উল্লেখ করা হয়েছে।
কোলের দাবি, কলামটি প্রকাশের পর মোহাম্মদ বিন জায়েদের নির্দেশে নিরাপত্তা কর্মকর্তারা সায়েগকে তাঁর বাড়ি থেকে তুলে নিয়ে যান। এরপর তাঁকে নির্যাতন করা হয়। লেখকের বর্ণনা অনুযায়ী, নির্যাতনের সময় তাঁর দাঁত তুলে ফেলা হয় এবং ধারালো ধাতব অংশযুক্ত বেল্টের মতো একটি বস্তু দিয়ে তাঁকে মারধর করা হয়।
কোল লিখেছেন, ‘‘সায়েগকে তিন দিন ধরে নির্যাতন করা হয়েছিল। তাঁর মৃত্যুর পর মোহাম্মদ বিন জায়েদের ঘনিষ্ঠ একজন সহযোগী তাঁর মরদেহকে প্রায় অচেনা বলে বর্ণনা করেছিলেন।’’
বইটির দাবি অনুযায়ী, সায়েগের বিরোধিতা একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক চুক্তির পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল। ওই চুক্তি নিয়ে মোহাম্মদ বিন জায়েদ, জ্যারেড কুশনার ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান আলোচনা করছিলেন।
চুক্তিটির পরিকল্পনায় উপসাগরীয় দেশগুলোর ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের বিনিময়ে ফিলিস্তিনিদের রাজনৈতিক অবস্থানকে কার্যত পাশ কাটানোর উদ্যোগ ছিল বলে লেখক দাবি করেছেন। তবে সৌদি আরব শেষ পর্যন্ত ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের বিষয়ে আগ্রহ হারিয়ে ফেলে।
কোলের দাবি, পরিকল্পনার একটি অংশ ছিল অধিকৃত পশ্চিম তীরে বসবাসকারী প্রায় ৩০ লাখ ফিলিস্তিনির অধিকাংশকে জর্ডানে আশ্রয় দেওয়া। এতে ওই অঞ্চলের জনসংখ্যা ৯০ শতাংশ কমে যাওয়ার পরিকল্পনা ছিল বলে বইটিতে উল্লেখ করা হয়েছে। এরপর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একটি খণ্ডিত ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেবেন বলে পরিকল্পনায় ছিল। সেই রাষ্ট্রের জন্য নেগেভ মরুভূমির কিছু জমি এবং জর্ডানের ভূখণ্ডও অন্তর্ভুক্ত করার প্রস্তাব ছিল বলে কোল লিখেছেন।
কুশনার ও টম ব্যারাকের ক্ষমতার দ্বন্দ্ব
বইটিতে শুধু উপসাগরীয় শাসকদের ব্যক্তিগত জীবন ও রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা নয়, ট্রাম্প প্রশাসনের ভেতরে মধ্যপ্রাচ্যনীতি নিয়ে প্রভাব বিস্তারের প্রতিযোগিতাও উঠে এসেছে। জ্যারেড কুশনারের পাশাপাশি টম ব্যারাকের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন লেখক।
লেবানিজ-আমেরিকান বংশোদ্ভূত সাবেক প্রাইভেট ইক্যুইটি বিনিয়োগকারী টম ব্যারাক বর্তমানে তুরস্কে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এবং ইরাক ও সিরিয়ায় দূত হিসেবে দায়িত্ব পালন করছেন বলে বইটিতে উল্লেখ করা হয়েছে।
প্রথম ট্রাম্প প্রশাসনে ক্ষমতা গ্রহণের আগেই ট্রাম্পের সঙ্গে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের শাসকদের যোগাযোগ স্থাপনে উদ্যোগী হওয়ায় ব্যারাক সমালোচিত হয়েছিলেন। কোলের বইয়ে এসব সম্পর্কের বিস্তারিত তুলে ধরা হয়েছে। একই সঙ্গে লেখক ইঙ্গিত দিয়েছেন, প্রশাসনে কুশনারের প্রভাব বাড়তে থাকায় ব্যারাক হতাশ হয়ে পড়েছিলেন।
কোলের মতে, ব্যারাক মধ্যপ্রাচ্যের জন্য একটি মার্শাল প্ল্যান তৈরি করতে চেয়েছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপ পুনর্গঠনে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সহায়তার পরিকল্পনার আদলে মধ্যপ্রাচ্যের উন্নয়নে আবুধাবি ও রিয়াদের অর্থায়নে একটি উদ্যোগ নেওয়ার কথা ছিল তাঁর।
কিন্তু কুশনার ব্যারাককে মধ্যপ্রাচ্যের কেবল ‘মিশরীয় অংশ’ সামলানোর অনুমতি দিয়েছিলেন বলে বইটিতে দাবি করা হয়েছে। এরপর ব্যারাক সংযুক্ত আরব আমিরাতের কাছে তদবির করেন, যাতে কুশনারকে মধ্যপ্রাচ্যের দূত হিসেবে দায়িত্ব দেওয়ার বিষয়ে দেশটি আগ্রহ প্রকাশ করে।
মোহাম্মদ বিন সালমান ও মোহাম্মদ বিন জায়েদের প্রসঙ্গ টেনে কোল লিখেছেন, ব্যারাকের কাছে বার্তাটি স্পষ্ট ছিল—কুশনারই এমবিএস ও এমবিজেডের সঙ্গে হোয়াইট হাউসের সম্পর্ক বজায় রাখবেন।
২০১৭ সালের জুনে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত কাতারের বিরুদ্ধে অবরোধ আরোপ করলে কুশনার ও ব্যারাকের দ্বন্দ্ব আরও প্রকাশ্যে আসে বলে বইটিতে বর্ণনা করা হয়েছে। সে সময় রিয়াদ ও আবুধাবি একই অবস্থানে থাকলেও সাম্প্রতিক সময়ে ইয়েমেন, ইরান যুদ্ধ ও লোহিত সাগরকে কেন্দ্র করে তাদের সম্পর্কের অবনতি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক থাকা সত্ত্বেও ব্যারাক কাতারের সঙ্গে সম্পর্ক বজায় রাখার চেষ্টা করেছিলেন বলে কোল দাবি করেছেন। বইটির বর্ণনা অনুযায়ী, কাতারের বিরুদ্ধে অবরোধের সমর্থনে সৌদি ও আমিরাতি তদবির যখন কুশনারের কাছে পৌঁছায়, তখন ব্যারাক সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের সঙ্গে যোগ দিয়ে ট্রাম্পকে অবরোধে যুক্ত না হওয়ার জন্য চাপ দেন।
ব্যক্তিগত সম্পর্ক, অর্থ ও কূটনীতির জটিল সমীকরণ
ম্যাথিউ কোলের বইয়ে উঠে আসা অভিযোগগুলো মধ্যপ্রাচ্যের রাজনীতিতে ব্যক্তিগত সম্পর্ক, ক্ষমতার উত্তরাধিকার, অর্থনৈতিক স্বার্থ এবং কূটনৈতিক সিদ্ধান্তের মধ্যে জটিল সংযোগের একটি চিত্র তুলে ধরে। তবে এসব অভিযোগের বড় অংশই লেখকের গোপন সূত্রের বক্তব্যের ওপর নির্ভরশীল এবং স্বাধীনভাবে যাচাই করা হয়নি।
বইটির বর্ণনায় কুশনার, মোহাম্মদ বিন জায়েদ ও মোহাম্মদ বিন সালমানের সম্পর্ক শুধু রাজনৈতিক যোগাযোগের মধ্যে সীমাবদ্ধ ছিল না; বরং ক্ষমতার হিসাব, অর্থনৈতিক স্বার্থ এবং আঞ্চলিক কৌশল নির্ধারণেও ব্যক্তিগত যোগাযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল বলে দাবি করা হয়েছে।
অন্যদিকে, টম ব্যারাকের সঙ্গে কুশনারের দ্বন্দ্বের বিবরণ ট্রাম্প প্রশাসনের মধ্যপ্রাচ্যনীতি নির্ধারণে একাধিক প্রভাবশালী ব্যক্তির প্রতিযোগিতার ইঙ্গিত দেয়। কাতারের বিরুদ্ধে অবরোধ, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণ এবং ফিলিস্তিনিদের ভবিষ্যৎ নিয়ে বিভিন্ন পরিকল্পনা সেই প্রতিযোগিতার সঙ্গে যুক্ত ছিল বলে বইটিতে তুলে ধরা হয়েছে।