নিহত সৌরভ ইসলাম নরসিংদীর রায়পুরা উপজেলার মুছাপুর ইউনিয়নের মুছাপুর গ্রামের আমির ইসলাম ও রেনু বেগম দম্পতির একমাত্র সন্তান। তিনি জেদ্দার ‘আলসাইম’ নামক প্রতিষ্ঠানের অধীনে একটি ব্যাংকে অফিস সহকারী (টি-বয়) হিসেবে কর্মরত ছিলেন। মাত্র এক বছর আগে ছুটি কাটিয়ে তিনি পুনরায় সৌদি আরবে কর্মস্থলে ফিরে যান।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে সৌরভ জেদ্দায় তার আবাসন ভবনের ছাদে ছিলেন। ওই সময় ইয়েমেন থেকে ছোড়া একটি মিসাইল জেদ্দার দিকে ধেয়ে আসার সতর্কবার্তা (অ্যালার্ট) মোবাইলে দেখে আতঙ্কে দ্রুত ছাদ থেকে নিচে নামার চেষ্টা করেন তিনি। সিঁড়ি দিয়ে দ্রুত নামার সময় তার কিংবা তারের সাথে পা পেঁচিয়ে পড়ে যান এবং মাথায় প্রচণ্ড আঘাত পান। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সকালে সহকর্মীরা তাকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে সৌদি পুলিশ এসে লাশ উদ্ধার করে।
মা রেনু বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ছেলেকে শেষবারের মতো দেখতে চাই, নিজের হাতে তাকে দাফন করতে চাই।
সৌরভের বাবা আমির ইসলাম সরকারের কাছে দ্রুত ছেলের লাশ দেশে আনার আবেদন জানিয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা জানান, ঘটনাটি জেনেছি। নিহতের স্বজনরা যোগাযোগ করলে লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনার বিষয়ে প্রয়োজনীয় সব ধরনের সরকারি সহযোগিতা করা হবে।