বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে মাধবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা কর্মকর্তা কবির হোসেন, শিক্ষক ইস্কান্দর মির্জা, মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা প্রমুখ। সভায় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।
সভায় এমপি ফয়সল বলেন, বর্তমানে মাদক, জুয়া ও মোবাইল আসক্তি সমাজে বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে। এসব আসক্তি শিক্ষার্থীদের স্বাভাবিক জীবন ও পড়াশোনায় নেতিবাচক প্রভাব ফেলছে। তাই ছোটবেলা থেকেই শিশুদের এসব ক্ষতিকর বিষয় থেকে দূরে রাখতে হবে। তাদের খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও শিক্ষামূলক কার্যক্রমে সম্পৃক্ত করতে হবে।
তিনি বলেন, শিক্ষকরাই মানুষ গড়ার কারিগর। একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ গঠনে শিক্ষকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের শিক্ষা দিলেই হবে না, তাদের নৈতিক মূল্যবোধ, শৃঙ্খলা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে। এর মাধ্যমে তারা ভবিষ্যতে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠবে।
তিনি আরও বলেন, বাংলাদেশকে এগিয়ে নিতে হলে প্রাথমিক শিক্ষাকে আরও কার্যকর ও মানসম্মত করতে হবে। বর্তমান সরকার শিক্ষা খাতে বড় বাজেট রেখেছে। প্রাথমিক শিক্ষাকে সার্বজনীন করার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য মিড-ডে মিল চালু করা হয়েছে। এর মাধ্যমে বিদ্যালয়ে থাকা শিশুরা দুপুরের খাবার পাচ্ছে। প্রকল্পটি সুষ্ঠুভাবে বাস্তবায়নে শিক্ষকদের নজরদারি ও আন্তরিকতা প্রয়োজন।
এমপি ফয়সল বলেন, মিড-ডে মিল প্রকল্পে কোনো ধরনের অনিয়ম বা কারচুপি যাতে না হয়, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। শিক্ষার্থীদের খেলাধুলার সরঞ্জামসহ বিদ্যালয়ের যেকোনো সমস্যা হলে সরকারি পর্যায়ে সহযোগিতা করা হবে। বিদ্যালয়ের ভবন, রাস্তাঘাটসহ অবকাঠামোগত সমস্যা সমাধানেও সরকার কাজ করছে।