গাইবান্ধার সাদুল্লাপুরে কুকুরের কামড়ে সিনথিয়া (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গলায় গভীর ক্ষত নিয়ে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। একই কুকুরের কামড়ে আহত হয়েছেন রাকিব হোসেন (২৬) নামে এক যুবক।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেন সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ রওজাতুন জান্নাত।
নিহত শিশু সিনথিয়া সাদুল্লাপুর উপজেলার উত্তর হাটবামুনী গ্রামের সনজু মিয়ার মেয়ে। আহত রাকিব একই এলাকার আকবার আলীর ছেলে। তিনি হোটেল শ্রমিক হিসেবে কাজ করেন।
প্রাণিসম্পদ বিভাগ ও নিহতের পরিবার সূত্র জানায়, সোমবার বিকেলে প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিল সিনথিয়া। পথে একটি কুকুর তাকে ধাওয়া করে এবং একপর্যায়ে গলায় কামড় দেয়। এতে শিশুটির শ্বাসনালীতে গভীর ক্ষত হয়। একই সময় কুকুরটি রাকিবের হাতেও কামড় দেয়।
পরে স্বজন ও স্থানীয়রা ২ জনকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিনথিয়াকে মৃত ঘোষণা করেন। রাকিবকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে স্থানীয়রা কুকুরটিকে পিটিয়ে মেরে ফেলেন।
সাদুল্লাপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. তানভীক জাহান ঢাকা পোস্টকে বলেন, কুকুরের কামড়ে সাত বছর বয়সী শিশু সিনথিয়ার মৃত্যু হয়েছে। একই কুকুরের কামড়ে আরও এক যুবক আহত হয়েছেন। কুকুরটিকে মেরে ফেলা হয়েছে।
তিনি জানান, শিশুটির গলায় কামড়ে শ্বাসনালীতে গভীর ক্ষত হয়েছিল। হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।