রোববার রাতে র্যাবের পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সোমবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ের আয়োজন করা হবে। সেখানে ব্রিফ করবেন র্যাব-১০-এর কর্মকর্তারা।
এর আগে শনিবার রাতে সাভারের আমিনবাজারের বড়দেশি এলাকায় দুই ছেলের পোশাক কারখানায় ঢুকে এসআই আলতাব হোসেনকে পিটিয়ে হত্যা করা হয়। এ সময় তাঁর ছোট ছেলেকেও মারধর করে গুরুতর আহত করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রীর করা মামলায় এর আগে একজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ।
নিহত মো. আলতাব হোসেন এসবির ঢাকার মালিবাগ কার্যালয়ে উপপরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। তিনি সিরাজগঞ্জের এনায়েতপুর থানার রূপনাই গাছপাড়া গ্রামের বাসিন্দা। পরিবার নিয়ে তিনি আমিনবাজারের বড়দেশি মদিনা সিটি এলাকায় ভাড়া বাসায় থাকতেন। ঘটনার পর তাঁকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত তাঁর ছোট ছেলে আরিফুল ইসলামকে একই হাসপাতালে ভর্তি করা হয়।