রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
ইসি আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ইতোমধ্যে ভোটার তালিকা হালনাগাদ ও ভোটকেন্দ্র নির্ধারণের কাজ শেষ হয়েছে। প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তার প্যানেল প্রস্তুতের কাজ চলছে। আগামী সপ্তাহে ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে পর্যালোচনা বৈঠক করবে নির্বাচন কমিশন।
তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনের জন্য আচরণবিধি চূড়ান্ত করা হয়েছে। এ মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল দেওয়া হবে। তবে নভেম্বর ও ডিসেম্বর শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ সময় হওয়ায় নির্বাচন আয়োজনের ক্ষেত্রে বিষয়টি বিবেচনায় নেওয়া হবে।
ইসি কমিশনার জানান, ভোটকেন্দ্র হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবহার করা হবে এবং শিক্ষকরা ভোটগ্রহণকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন। তাই শিক্ষার্থীদের পরীক্ষা চলাকালীন সময় এড়িয়ে পরীক্ষার আগে অথবা পরে নির্বাচনের তারিখ নির্ধারণ করা হবে।
ভোটার স্থানান্তরের বিষয়ে তিনি বলেন, ভোটার স্থানান্তর একটি নিয়মিত কার্যক্রম। অনেকে মনে করেন, বিশেষ কোনো উদ্দেশ্যে ভোটার স্থানান্তর করা হয়। আসলে তা নয়। এ জন্য কমিশন নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করে দিয়েছে।
এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে জামায়াতের দাবির প্রসঙ্গে আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ইসির পর্যবেক্ষণ হলো—শিক্ষকদের রাজনৈতিক সংশ্লিষ্টতা শিক্ষাঙ্গনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার ক্ষেত্রে অন্তরায় হতে পারে। এতে শিক্ষকদের নিরপেক্ষতা লঙ্ঘিত হওয়ার আশঙ্কা রয়েছে।
তিনি আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচনে সব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের ব্যবস্থা করা হবে। পাশাপাশি বডি-ওর্ন ক্যামেরার সংখ্যা বাড়ানো হবে এবং প্রয়োজন অনুযায়ী ড্রোন ব্যবহার করা হবে। ভোটকেন্দ্রগুলোর অবকাঠামোগত সমস্যা সমাধানেও কাজ চলছে।
একসঙ্গে সব ইউনিয়ন পরিষদের নির্বাচন করা কঠিন উল্লেখ করে ইসি কমিশনার বলেন, ব্যয় সংকোচনের বিষয়টি বিবেচনায় থাকবে। তবে একসঙ্গে সব ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে না; ধাপে ধাপে নির্বাচন আয়োজন করা হবে।
সহিংসতামুক্ত ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে রাজনৈতিক দল, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে মতবিনিময়ের পরিকল্পনা রয়েছে বলেও জানান আনোয়ারুল ইসলাম সরকার।
তিনি বলেন, ইউপি নির্বাচনে ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা ও বডি-ওর্ন ক্যামেরার সংখ্যা বাড়ানোর পাশাপাশি ভোটের সার্বিক নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রযুক্তি ব্যবহার করা হবে।