জুতা পরিধান ও খোলার সুন্নত : জুতা পরার সময় ডান পায়ে আগে পরা এবং খোলার সময় বাম পা থেকে আগে খোলা সুন্নত। আবু হুরায়রা (রা.) হতে বর্ণিত, তিনি বলেন, রাসুল (সা.) বলেছেন ‘যখন তোমাদের কেউ জুতা পরিধান করবে, তখন প্রথমে ডান পায়ে পরিধান করবে। আর যখন জুতা খুলবে, তখন বাম পা থেকে আগে খুলবে। যাতে ডান দিকটা পরিধানের সময় প্রথম হয় এবং খোলার সময় শেষ হয়।’ (বুখারি : ৫৮৫৫)
পানি পানের সুন্নত : বসে পানি পান করা সুন্নত। আবু হুরায়রা (রা.) হতে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, ‘তোমাদের কেউ যেন দাঁড়িয়ে পান না করে। কেউ ভুলে পান করলে সে যেন তা বমি করে ফেলে’ (মুসলিম : ২০২৬)। পান করার সময় পাত্রের বাইরে নিশ্বাস ফেলা এবং তিনবারে পান করা সুন্নত। আনাস (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) পান করার সময় তিনবার শ্বাস গ্রহণ করতেন এবং বলতেন- এতে উত্তমরূপে তৃপ্তি লাভ হয়, পিপাসার ক্লেশ দ্রুত দূর হয় এবং অতি সহজে গলাধঃকরণ হয়।’ (মুসলিম : ২০২৮)
সালাম দেওয়া : পরিচিত-অপরিচিত সবাইকে সালাম দেওয়া সুন্নত। আব্দুল্লাহ বিন আমর (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, এক লোক রাসুল (সা.)-এর কাছে জানতে চাইলেন, ইসলামের কোন কাজ সবচেয়ে উত্তম? রাসুল (সা.) বললেন- তুমি লোকদের আহার করাবে এবং পরিচিত-অপরিচিত সবাইকে সালাম দেবে।’ (বুখারি : ১২)
ঘরের নফল আদায় : নফল নামাজ ঘরে আদায় করা সুন্নত। ইবনে উমর (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, তোমরা তোমাদের ঘরেও কিছু নামাজ আদায় করো। ঘরকে কবরে পরিণত করো না’ (বুখারি : ৪৩২)। অন্য হাদিসে রাসুল (সা.) বলেছেন, তোমরা তোমাদের ঘরেও নামাজ আদায় করো। কারণ ফরজ নামাজ ব্যতীত অন্য নামাজ ঘরে আদায় করা উত্তম।’ (বুখারি : ৭৩১)