প্রতিবেদনে বলা হয়েছে, বিধ্বস্ত হেলিকপ্টারটি মার্কিন বন বিভাগের সঙ্গে চুক্তির আওতায় হেলিকপ্টার ট্রান্সপোর্ট সার্ভিসেসের মাধ্যমে পরিচালিত হয়ে আসছিল। সিকোরস্কি এস-৬৪ ‘স্কাইক্রেন’ নামের হেলিকপ্টারটি শুক্রবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে রিচফিল্ডের কাছে একটি জলাধার এলাকায় দাবানলের দক্ষিণ-পূর্ব প্রান্তের কাছাকাছি বিধ্বস্ত হয়।
দুর্ঘটনার ২৪ ঘণ্টারও বেশি সময় পর শনিবার ন্যাশনাল ইন্টারএজেন্সি ফায়ার সেন্টার (এনআইএফসি) নিহতের বিষয়টি নিশ্চিত করেছে। সংস্থাটি জানিয়েছে, দুর্ঘটনায় আরও দুই ক্রু সদস্য ‘মারাত্মকভাবে আহত’ হয়েছিলেন। এ ছাড়া নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।
এনআইএফসি জানিয়েছে, ভয়াবহ দাবানল পরিস্থিতি এবং খাড়া ভূখণ্ডের কারণে উদ্ধারকারী দলগুলো ধ্বংসস্তূপের কাছে পৌঁছাতে পারেনি। শনিবার মৃতদেহগুলো উদ্ধার করা হলেও নিহতদের নাম প্রকাশ করা হয়নি।
প্রতিবেদনে বলা হয়েছে, এনআইএফসি ওই এলাকার বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। এ ছাড়া এলাকাটির সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে।
ডেপুটি ইনসিডেন্ট কমান্ডার টাইলার হেক্ট বলেন, দুর্ঘটনার পর অগ্নিনির্বাপণের কাজ পুনরায় শুরু করার আগে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে কর্মীরা ‘কৌশলগত বিরতি’ নিয়েছিলেন।