মঙ্গলবার ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বাসসকে জানান, অনেক আবেদনকারী নিবন্ধনের প্রাথমিক ধাপ সম্পন্ন করলেও বায়োমেট্রিক তথ্য দিচ্ছেন না। ফলে এসব আবেদন বছরের পর বছর অনিষ্পন্ন থেকে যাচ্ছে। আবেদন নিষ্পত্তির গতি বাড়াতে সমন্বয় কমিটির বৈঠকে ছয় মাসের সময়সীমা নির্ধারণের সিদ্ধান্ত হয়েছে।
জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশন্স) মো. সাইফুল ইসলাম জানান, অনলাইনে আবেদন করার পর আবেদনকারীকে বায়োমেট্রিক তথ্য দেওয়ার জন্য এসএমএস পাঠানো হয় অথবা নির্ধারিত কেন্দ্রে ডেকে পাঠানো হয়। এরপরও কেউ সাড়া না দিলে ছয় মাস পূর্ণ হওয়ার পর তাঁর আবেদন বাতিল করা হবে।
তবে আবেদন বাতিল হলেই এনআইডি পাওয়ার সুযোগ শেষ হয়ে যাবে না। নির্ধারিত সময়ের মধ্যে বায়োমেট্রিক তথ্য না দেওয়ায় আবেদন বাতিল হলে সংশ্লিষ্ট ব্যক্তি পরবর্তী সময়ে নতুন করে আবেদন করতে পারবেন।
ইসি কর্মকর্তারা বলছেন, অনির্দিষ্টকাল ধরে আবেদন ঝুলিয়ে রাখার সুযোগ নেই। তাই আবেদনকারীদেরও নিবন্ধনের পরবর্তী ধাপ দ্রুত সম্পন্ন করতে হবে।
এদিকে নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এনআইডি সংশোধনের জন্য এখন পর্যন্ত ৬৫ লাখ ১৫ হাজার ৮৪২টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে ১ লাখ ১৯ হাজার ৮৭৪টি আবেদন এখনো নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। বাকি আবেদনগুলো নিষ্পত্তি করা হয়েছে।