স্বাস্থ্য অধিদপ্তরের রোববারের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি পাঁচজনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ ছাড়া ময়মনসিংহ, চট্টগ্রাম ও খুলনা বিভাগে একজন করে মারা গেছেন। নতুন ভর্তি রোগীদের মধ্যে ৮৭৩ জন ঢাকা বিভাগের।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ১৫ নভেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৬২ হাজার ৫০৯ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৫৬ হাজার ১৯৪ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৫ হাজার ৮১৬ জন।
বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে—৬৬ হাজার ৭৬০ জন। চট্টগ্রামে ২৩ হাজার ৮৫০, খুলনায় ২৩ হাজার ৮৪১ এবং বরিশালে ১৯ হাজার ৯৭০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন আরও ৪০০ ডেঙ্গু রোগী। চলতি বছর মহানগরে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪ হাজার ৯৭৩। এ সময়ে এখানে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ২১৯ জনের।
বিশেষজ্ঞদের মতে, ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু মৌসুমি অভিযান যথেষ্ট নয়। এডিস মশার প্রজননস্থল ধ্বংস, নিয়মিত নজরদারি এবং স্থানীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ জরুরি। বাড়ি ও আশপাশে জমে থাকা পানি পরিষ্কার রাখার পাশাপাশি মশার বংশবিস্তার রোধে সবার সচেতনতা প্রয়োজন।