রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যাচ্ছে, নিরাপত্তা নিয়ে উদ্বেগের কেন্দ্রবিন্দুতে এখন গণপরিবহণ ও জনবহুল এলাকা। বিশেষ করে রাতের দিকে বাসে অগ্নিসংযোগ এবং ককটেল বিস্ফোরণের খবর সাধারণ যাত্রীদের মধ্যে আতঙ্ক বাড়াচ্ছে। তবে এই ঘটনাগুলির সঙ্গে শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তনের সরাসরি যোগ রয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়।
প্রত্যাবর্তন ঘিরে নতুন রাজনৈতিক সমীকরণ
২০২৪ সালের ৫ অগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বাংলাদেশে রাজনৈতিক মেরুকরণ অব্যাহত থাকলেও বড় ধরনের সংঘাতের পরিস্থিতি তৈরি হয়নি। গত ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সরকার ও বিরোধী দলের মতবিরোধ মূলত সংসদীয় বিতর্ক, রাজনৈতিক বক্তব্য এবং কর্মসূচির মধ্যেই সীমাবদ্ধ ছিল। যদিও সংস্কার প্রশ্নে বিরোধীদের আন্দোলন সাম্প্রতিক সময়ে জোরদার হয়েছে।
এর মধ্যে গত বছরের নভেম্বরে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাকে তাঁর অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ২০২৪ সালের গণ-অভ্যুত্থান দমনে প্রাণঘাতী অভিযান চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগে এই রায়। ভারত থেকে সেই অভিযোগ অস্বীকার করে আসছেন হাসিনা। রায়ের পর তাঁকে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশের তরফে কূটনৈতিক তৎপরতা চলছে। বিরোধীরাও প্রত্যর্পণের দাবিতে সরব।
সোমবার নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে পাঠানো চিঠিতে হাসিনার আইনজীবীরা নতুন পাসপোর্ট ও এনআইডি দেওয়ার অনুরোধ জানিয়েছেন। আওয়ামী লীগ নেতাদের বক্তব্য, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পরই তাঁর দেশে ফেরার দিনক্ষণ স্থির হবে।
বিএনপির সংসদীয় দলের বৈঠকেও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী তথা বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সংসদ সদস্যদের রাজপথে থেকে ষড়যন্ত্র মোকাবিলার আহ্বান জানিয়েছেন। তাঁর বক্তব্য, বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে। সেই চুক্তি এবং প্রচলিত আইন মেনেই সরকার প্রয়োজনীয় পদক্ষেপ করবে।
অন্য দিকে, নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদনের বিষয়টিকে ‘চরম হাস্যকর’ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তাঁর বক্তব্য, নতুন পাসপোর্ট নিয়ে দেশে ফেরার সুযোগ নেই। প্রত্যর্পণ চুক্তির আওতায় ভারত সরকারের কাছে হাসিনাকে হস্তান্তরের অনুরোধ জানাতে পারে বাংলাদেশ।
এক রাতে ১৫-২০টি বিস্ফোরণ ও অগ্নিসংযোগ
রাজনৈতিক চাপানউতোরের মধ্যেই ৮ নভেম্বর, রবিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ঢাকার বিভিন্ন এলাকায় বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেনের দেওয়া তথ্য অনুযায়ী, ওই দিন প্রায় ১০টি এলাকায় ১৫-২০টি এমন ঘটনা ঘটেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই ছয়টি, মতান্তরে নয়টি ককটেল বিস্ফোরণের খবর পাওয়া যায়। নীলক্ষেত মোড়, বিশ্ববিদ্যালয়ের তোরণ, সিনেট ভবন, আধুনিক ভাষা ইনস্টিটিউট, টিএসসি সংলগ্ন মেট্রো স্টেশন সড়ক এবং সুফিয়া কামাল হলের সামনে বিস্ফোরণ ঘটে। ওই রাতে তিন জনকে আটক করে পুলিশ।
ভাটারায় জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী পরিবহণের একটি বাসে আগুন দেওয়া হয়। পল্লবী থানার সামনে ককটেল ছোড়ার ঘটনায় এক জন আহত হন। মালিবাগে সিআইডি কার্যালয়ের সামনে, মিরপুর, ক্যান্টনমেন্ট রেলস্টেশন, তেজগাঁও, পান্থপথ ও যাত্রাবাড়ীতেও বিস্ফোরণের খবর আসে। পুলিশ জানিয়েছে, কয়েকটি ঘটনায় মোটরসাইকেল ব্যবহার করা হয়েছে।
বাংলাদেশ পুলিশের তথ্য অনুযায়ী, ১ অক্টোবর থেকে ৮ নভেম্বর পর্যন্ত দেশ জুড়ে ৩১টি ককটেল বিস্ফোরণ এবং ১৪টি পরিবহণে অগ্নিসংযোগের ঘটনা নথিভুক্ত হয়েছে। আহত হয়েছেন দু’জন। এই ঘটনাগুলিতে মোট ৫১ জনকে গ্রেফতার করা হয়েছে।
দায় নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ
পুলিশের অভিযোগ, এই নাশকতার ঘটনায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের সদস্যদের একাংশ জড়িত থাকতে পারেন। তবে পুলিশের বক্তব্যেই স্পষ্ট, তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে।
উপ-পুলিশ কমিশনার আকতার হোসেন জানিয়েছেন, কিছু ক্ষেত্রে অর্থের বিনিময়ে লোক নিয়োগের তথ্যও পাওয়া যাচ্ছে।
অন্য দিকে, আওয়ামী লীগের মুখপাত্র মোহাম্মদ আলী আরাফাত অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, দলকে বদনাম করতে অন্য পক্ষই এই ঘটনাগুলি ঘটিয়ে দায় চাপাচ্ছে। যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমও একই অভিযোগ তুলেছেন।
পুলিশের এআইজি কামরুন মুনিরা জানিয়েছেন, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা জোরদার করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মোহাম্মদ মুজিবুর রহমানের মতে, বাংলাদেশে বর্তমানে যে রাজনৈতিক স্থিতিশীলতা রয়েছে, তা নষ্ট হতে দেওয়া চলবে না। তাঁর বক্তব্য, পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের দায়িত্ব সবচেয়ে বেশি। শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে রাজনৈতিক অনিশ্চয়তা দীর্ঘায়িত হলে কোনও পক্ষই যাতে সংঘাতের সুযোগ নিতে না পারে, তা নিশ্চিত করতে হবে সরকারকে।