তারেক রহমানের শৈশব কেটেছে সাদামাটা পারিবারিক পরিবেশে। ঢাকা সেনানিবাসের শাহীন স্কুল অ্যান্ড কলেজে পড়াশোনা করেছেন তিনি। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের পাঠ শেষ করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে।
১৯৮৮ সালে বগুড়ার গাবতলী উপজেলায় বিএনপির প্রাথমিক সদস্যপদ গ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে যাত্রা শুরু করেন তারেক রহমান। এরপর দলের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করে একসময় বিএনপির চেয়ারম্যান হন তিনি।
রাজনৈতিক জীবনে নানা চড়াই-উতরাই পেরিয়েছেন তারেক রহমান। ২০০৭ সালে সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় গ্রেপ্তার ও কারাবন্দী হন তিনি। ওই সময় তাঁর বিরুদ্ধে একাধিক মামলা হয়। পরে দীর্ঘ সময় দেশের বাইরে অবস্থান করেন। গত বছরের ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তিনি।
সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে দুটিতেই জয়ী হন তারেক রহমান। ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। তাঁর বাবা জিয়াউর রহমান রাষ্ট্রপতি এবং মা খালেদা জিয়া প্রধানমন্ত্রী হিসেবে দেশ পরিচালনা করেছেন।