গোপালগঞ্জে কার্যত অচল জনজীবন, থানায় আগুন
সবচেয়ে উত্তপ্ত পরিস্থিতি গোপালগঞ্জে। বৃহস্পতিবার সকাল থেকেই ঢাকা-খুলনা মহাসড়কের ঘোনাপাড়া-সহ বিভিন্ন এলাকায় দেশীয় অস্ত্র হাতে বিক্ষোভকারীদের অবস্থান করতে দেখা যায়। রাস্তার উপর গাছের গুঁড়ি, বৈদ্যুতিক খুঁটি ফেলে একাধিক জায়গায় যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। কয়েকটি স্থানে টায়ারেও আগুন জ্বালানো হয়। শহরের অধিকাংশ দোকানপাট বন্ধ। জরুরি কাজে বেরিয়ে বহু মানুষকে বৃষ্টির মধ্যে হেঁটে গন্তব্যে পৌঁছতে হয়েছে।
স্থানীয় সূত্রের খবর, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েকশো নেতা-কর্মী রামদা, হকিস্টিক, চায়নিজ কুড়াল এবং লগি-বইঠা নিয়ে বিক্ষোভে অংশ নেন। ঢাকা-খুলনা মহাসড়কের বিভিন্ন অংশে অবরোধের জেরে দেড় শতাধিক পণ্যবাহী গাড়ি আটকে পড়েছে। কয়েক জন ট্রাকচালকের অভিযোগ, রাস্তা পার করে দেওয়ার আশ্বাস দিয়ে তাঁদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে।
এর মধ্যেই বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা নাগাদ মুকসুদপুর থানায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। স্থানীয় সাংবাদিকদের দাবি, আগের সন্ধ্যা থেকেই থানা ভবনে পুলিশকর্মীদের উপস্থিতি ছিল না। হামলাকারীরা থানায় ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেন। পুলিশের সরকারি গাড়ি এবং বিভিন্ন মামলায় বাজেয়াপ্ত করে রাখা যানবাহন-সহ মোট ১০টি গাড়িতে আগুন দেওয়া হয়েছে বলে খবর।
অন্য দিকে, গোপালগঞ্জ-২ আসনের সাংসদ ডা. কে এম বাবরের হাসপাতাল ও কার্যালয়েও হামলা চালানোর অভিযোগ উঠেছে নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে। বুধবার রাতে থানাপাড়ায় আরাফ জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভাঙচুরের পাশাপাশি আসবাবপত্রে আগুন ধরানো হয়। ককটেল বিস্ফোরণেরও অভিযোগ রয়েছে। হাসপাতালের কর্মীদের দাবি, ওষুধ ও চিকিৎসার সরঞ্জাম লুট করা হয়েছে। ঘটনার সময় তিন জন রোগী ভর্তি ছিলেন। পরে তাঁদের এবং নার্সদের সেখান থেকে সরিয়ে নেওয়া হয়।
চট্টগ্রাম থেকে নড়াইল, রাজনৈতিক সংঘর্ষে প্রাণহানি
চট্টগ্রামের আনোয়ারায় বিএনপি সাংসদ সরওয়ার জামাল নিজামের বাড়ির মাত্র ১০০ মিটার দূরে রামদা ও লগি-বইঠা হাতে মিছিল করার অভিযোগ উঠেছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে। বুধবার রাতে বারখাইন ইউনিয়নের তৈলাদ্বীপ এলাকায় ওই মিছিলের পরে রাস্তায় পেট্রল ঢেলে আগুন লাগানো হয়। ছড়িয়ে পড়া ভিডিয়োয় ২০-২৫ জন মুখোশ ও হেলমেট পরা যুবককে দেখা গিয়েছে। আনোয়ারা থানার পুলিশ জানিয়েছে, ঘটনায় সন্দেহভাজন দু’জনকে আটক করা হয়েছে।
নড়াইলের কালিয়ায় আবার বিএনপি নেতা-কর্মীদের একটি প্রতিবাদী মিছিলে হামলায় দু’জনের মৃত্যু হয়েছে। নিহত শাহীন ইসলাম (৪৫) কালিয়া পৌর কৃষক দলের সাংগঠনিক সম্পাদক এবং সোহেল শেখ (৩৫) উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক। বুধবার সন্ধ্যায় ৪০-৫০টি মোটরসাইকেল ও গাড়ি নিয়ে বেরোনো মিছিলের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা হয়। কয়েকটি মোটরসাইকেলেও আগুন ধরিয়ে দেওয়া হয়। আহত শাহীন ও সোহেলকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁদের মৃত্যু হয়। প্রাথমিক ভাবে নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজনের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। তবে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের তথ্য এখনও সামনে আসেনি।
প্রাক্তন মন্ত্রীদের বাড়ি ও পরিবহণে হামলা
মাদারীপুরে প্রাক্তন নৌমন্ত্রী শাজাহান খানের পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান সার্বিক ফিলিং স্টেশনে বুধবার সন্ধ্যায় হামলা ও ভাঙচুর হয়েছে। পুলিশ জানিয়েছে, ইট-পাটকেল ছুড়ে জানালার কাচ ভাঙা হয়। কারা হামলা চালিয়েছে, তা এখনও নিশ্চিত নয়।
পিরোজপুরের নাজিরপুরে প্রাক্তন মন্ত্রী শ ম রেজাউল করিমের গ্রামের বাড়ি এবং উপজেলা সদরের আরেকটি বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর পাওয়া গিয়েছে। চাঁদপুরে প্রাক্তন মন্ত্রী দীপু মনি এবং প্রাক্তন সাংসদ সুজিত রায় নন্দীর বাড়িতেও আগুন লাগে। স্থানীয় বাসিন্দা ও দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।
বরিশালের নথুল্লাবাদ বাস টার্মিনালে একটি বিকল বাসে আগুন লাগে। বাস মালিকদের একাংশের দাবি, মাদক সেবনের সময় ইঞ্জিনের উপরের আসনে আগুন লাগে। অন্য দিকে, এক বাসশ্রমিকের অভিযোগ, জানালা দিয়ে পেট্রল ছিটিয়ে আগুন লাগানো হয়েছিল। রাজশাহীর বিআরটিসি টার্মিনালে বৃহস্পতিবার রাত আড়াইটে নাগাদ পেট্রল বোমা ছুড়ে দু’টি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। দু’টিই পুড়ে যায়।
বিজিবি মোতায়েন, দূরপাল্লার বাস বন্ধ
পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা, গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর, ফরিদপুর, ময়মনসিংহ ও চট্টগ্রামে বিজিবি মোতায়েন করা হয়েছে। সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, ঢাকায় ২৩, চট্টগ্রামে ১৫, নারায়ণগঞ্জে ৬, গাজীপুরে ১৫, গোপালগঞ্জে ২৭, ময়মনসিংহে ২ এবং ফরিদপুরে ৩ প্লাটুন বাহিনী দায়িত্ব পালন করছে। আরও পাঁচ প্লাটুন প্রস্তুত। জেলা প্রশাসন ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর সঙ্গে সমন্বয় করে গুরুত্বপূর্ণ স্থাপনা এবং শিল্পাঞ্চলে নজরদারি চলছে। ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরার ভিডিয়োও পর্যবেক্ষণ করছে বিজিবি সদর দফতর।
গোপালগঞ্জে অশান্তির জেরে খুলনা থেকে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কক্সবাজার, বরিশাল ও রাজবাড়ীগামী একাধিক দূরপাল্লার বাস চলাচল সাময়িক বন্ধ রেখেছেন পরিবহণ মালিকেরা। বিকল্প পথে কিছু বাস চললেও যাত্রীদের দুর্ভোগ বেড়েছে।
শ্রমিক অসন্তোষে পোশাকশিল্পেও উদ্বেগ
রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি গাজীপুর ও সাভার-আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ পরিস্থিতিকে আরও জটিল করেছে। মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুরের মাওনা ও গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করেন। সেখানে ১০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। শ্রম আইন অনুযায়ী অর্ধশতাধিক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে।
সাভার ও আশুলিয়ায় ২৯টি কারখানা বন্ধ এবং ১০টিতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। আরও ১৭টি কারখানায় শ্রমিকেরা উপস্থিত থাকলেও কাজ করেননি। ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ-সহ একাধিক দাবিতে এই আন্দোলন চলছে। শ্রমিক সংগঠনগুলির দাবি, গ্রেফতার শ্রমিক নেতাদের মুক্তি এবং সব পক্ষকে নিয়ে আলোচনার মাধ্যমেই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব।
বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে একের পর এক অশান্তির ঘটনায় জনজীবন, পরিবহণ এবং শিল্প উৎপাদন—তিন ক্ষেত্রেই অনিশ্চয়তা বাড়ছে। পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হলেও রাজনৈতিক সংঘাত ও শ্রমিক অসন্তোষের একযোগে বিস্তার প্রশাসনের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে।