বুধবার সন্ধ্যায় পিরোজপুরের নাজিরপুরে প্রাক্তন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিমের দু’টি বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে খবর, ৫০-৬০ জনের একটি দল মাটিভাঙা ইউনিয়নের তারাবুনিয়ায় তাঁর পৈতৃক বাড়িতে হামলা চালিয়ে দু’টি টিনের ঘরে আগুন ধরিয়ে দেয়। একই সময়ে উপজেলা সদরে তাঁর তিনতলা বাড়িতেও আগুন দেওয়া হয়। নাজিরপুর থানার ওসি তরিকুল ইসলাম জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ২০২৪ সালের ৫ অগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই বাড়িতে এর আগেও দু’বার আগুন লাগানো হয়েছিল।
গোপালগঞ্জে সাংসদের বাড়িতে লুটপাট, পাঁচ কোটি টাকার ক্ষতি
হিংসার অন্যতম কেন্দ্র গোপালগঞ্জের টুঙ্গিপাড়া। গোপালগঞ্জ-৩ আসনের সাংসদ এস এম জিলানীর পৈতৃক বাড়িতে মঙ্গলবার রাতে হামলা ও অগ্নিসংযোগের পাশাপাশি লুটপাটের অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, কয়েকশো হামলাকারী লাঠিসোঁটা ও অস্ত্র নিয়ে বাড়িতে চড়াও হয়। প্রাণভয়ে পরিবারের সদস্যদের প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নিতে হয়। সাংসদের বোন সেতারা কবিরের অভিযোগ, বাড়িতে আগুন দেওয়ার আগে দু’টি ফ্রিজ, তিনটি ওভেন এবং ২০-২৫ ভরি সোনার গয়না লুট করা হয়েছে। আশপাশের কয়েকটি বাড়িতেও আগুন দেওয়া হয়।
বুধবার রাত ২টো ১০ মিনিট নাগাদ দমকলের দু’টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। দমকলের অনুমান, ক্ষতির পরিমাণ প্রায় পাঁচ কোটি টাকা। তবে বিক্ষোভকারীদের বাধায় প্রথম দিকে ঘটনাস্থলে পৌঁছতে পারেনি দমকল। সাংসদের বাড়িতে হামলার আগে টুঙ্গিপাড়া থানাতেও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
এই ঘটনার প্রতিবাদে কুমিল্লায় প্রাক্তন সাংসদ আ ক ম বাহাউদ্দিন বাহারের বাড়িতে পাল্টা অগ্নিসংযোগের ঘটনা ঘটে। মঙ্গলবার রাতে বিএনপি ও তার সহযোগী সংগঠনের একদল কর্মী মিছিল করে তাঁর বাড়িতে যান। অভিযোগ, বাড়ির নীচে ব্যক্তিগত কার্যালয়ের ফটকের ভিতরে পেট্রল ঢেলে আগুন ধরানো হয়। কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মেরাজ উদ্দিন জানিয়েছেন, গোপালগঞ্জে হামলার প্রতিবাদে এই কর্মসূচি নেওয়া হয়েছিল। পুলিশ জানিয়েছে, ভবন তালাবদ্ধ থাকায় ভিতরে কেউ ঢুকতে পারেননি।
সিরাজগঞ্জ থেকে ঢাকার মিরপুর, একের পর এক হামলা
সিরাজগঞ্জেও বুধবার একাধিক অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। রাত সাড়ে তিনটে নাগাদ জেলা বিএনপির কার্যালয়ে ১৯ নভেম্বরের লকডাউনের সমর্থনে ব্যানার টাঙায় নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা বলে অভিযোগ। পরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর ও আগুন দেওয়া হয়। প্রাক্তন সাংসদ হাবিবে মিল্লাত মুন্না এবং জেলা ছাত্রলীগ সভাপতি রবিউল ইসলাম রুবেলের বাড়িতেও অগ্নিসংযোগের খবর পাওয়া গিয়েছে। তবে রুবেলের বাড়িতে কারা আগুন দিয়েছে, তা এখনও স্পষ্ট নয়।
রাজধানীর মিরপুরে নিষিদ্ধ যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন নিখিলের বাড়িতেও হামলা চালায় ছাত্রদলের কর্মীরা বলে অভিযোগ। বুধবার রাত ৯টা নাগাদ ৪০-৫০ জনের একটি দল মল্লিকা হাউজিংয়ের বাড়িতে ঢুকে আসবাব ও ক্রেস্ট ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। কাফরুলে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাজী মেজবাউল হক সাচ্চুর বাড়ির গ্যারেজেও দুপুরে আগুন দেওয়া হয়। একটি মোটরসাইকেল ও সোফা পুড়ে যায়। বাধা দিতে গিয়ে নিরাপত্তাকর্মী মারধরের শিকার হন।
গোপালগঞ্জের ঘটনায় ঢাকার বিভিন্ন এলাকায়ও উত্তেজনা ছড়িয়েছে। কাশিয়ানী এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে গাছ কেটে ফেলে অবরোধ তৈরি করা হয়। গোপালগঞ্জের সাংসদ কে এম বাবরের ক্লিনিক ও কার্যালয়েও হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, ১০-১৫ জনের একটি দল সেখানে চার-পাঁচটি ককটেল বিস্ফোরণের পর ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। কয়েকটি ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম লুটের অভিযোগও উঠেছে। কাশিয়ানীতে জামায়াত নেতার ওষুধের দোকান এবং স্থানীয় বিএনপি নেতার বাড়িতেও হামলা ও আগুন দেওয়ার খবর পাওয়া গিয়েছে।
বাসে আগুন, রেললাইনেও নাশকতা; প্রাণ গেল দু’জনের
দেশের পরিবহণ ব্যবস্থাও হামলার লক্ষ্য হয়েছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে দু’টি বাস, সিদ্ধিরগঞ্জে একটি স্টাফ বাস এবং চানমারিতে দু’টি লেগুনায় আগুন দেওয়া হয়। পিরোজপুরের ভান্ডারিয়ায় বাহক পরিবহণ ও লিসা পরিবহণের দু’টি বাসে আগুন লাগলে একটি বাসের ভিতরে ঘুমিয়ে থাকা সহকারী সিয়াম (২৫) দগ্ধ হয়ে মারা যান। বরিশালের নথুল্লাবাদেও একটি বাসে আগুন দেওয়া হয়েছে। গৌরনদীতে একটি বাঁশবোঝাই ট্রাকে পেট্রল বোমা ছোড়ার পাশাপাশি মহাসড়কের দু’টি জায়গায় টায়ার জ্বালিয়ে অবরোধ তৈরি করা হয়।
রেলপথেও হামলার ঘটনা ঘটেছে। নেত্রকোনার বারহাট্টা ও ঠাকুরাকোনার মধ্যবর্তী পাটলি এলাকায় রেললাইনে আগুন দেওয়া হয়। অতিথপুর রেলস্টেশনেও আগুন ধরানো হয়। নারায়ণগঞ্জের ফতুল্লায় চলন্ত ট্রেনের একটি কামরায় আগুন দেওয়া হলেও রেলের কর্মীরা তা নিয়ন্ত্রণে আনেন।
ফরিদপুরের ভাঙ্গায় মঙ্গলবার রাতে বিএনপির কার্যালয়ে হামলা ও তিনটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়ার পর সংঘর্ষে কৃষক দলের নেতা রাজু মোল্লা (৩৪) নিহত হন। তিনি ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন।
গ্রামীণ ব্যাঙ্ক, পুলিশ বক্সেও আগুন
হবিগঞ্জ, বরিশাল, ময়মনসিংহ, রাজশাহী, টাঙ্গাইল, দিনাজপুর ও চট্টগ্রামের সাতকানিয়ায় গ্রামীণ ব্যাঙ্কের বিভিন্ন শাখা ও কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। অধিকাংশ ক্ষেত্রেই দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ক্ষয়ক্ষতি হয়নি। বরিশালের আঞ্চলিক কার্যালয়ের ঘটনায় মামলা হয়েছে। অন্যত্র সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে হামলাকারীদের শনাক্তের চেষ্টা করছে পুলিশ। নেত্রকোনার চিরাম ইউনিয়ন বিএনপি কার্যালয় এবং চট্টগ্রামের মুরাদপুরে একটি পুলিশ বক্সেও আগুন দেওয়া হয়েছে।
দক্ষিণ কেরানীগঞ্জে সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীর বাড়ির সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় যুব মহিলা লীগের নেত্রী নিগার সুলতানাকে গ্রেফতার করেছে পুলিশ। অন্য দিকে, কুমিল্লার চৌদ্দগ্রামে মহাসড়কের পাশে একটি বড় গাছের গোড়া কেটে বিপজ্জনক অবস্থায় ফেলে রাখা হয়েছিল। মেহেরপুরের গাংনীতে ছ’টি ককটেলসদৃশ বস্তু উদ্ধার হয়েছে। সেগুলির সঙ্গে ‘জয় বাংলা’ লেখা চিরকুটও পাওয়া গিয়েছে।
সাংসদদের এলাকায় থাকার নির্দেশ তারেক রহমানের
এই পরিস্থিতিতে বিএনপির সাংসদদের নিজ নিজ নির্বাচনী এলাকায় গিয়ে রাজনৈতিক পরিস্থিতি সামাল দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সংসদীয় দলের বৈঠকে তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার এবং মাঠে থাকার নির্দেশ দেন। বৈঠকে নিজের বাড়িতে হামলার বিবরণ দিয়ে আবেগঘন বক্তব্য রাখেন সাংসদ এস এম জিলানী। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে শীঘ্রই কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
প্রশাসনের বিরুদ্ধে সাংসদদের অভিযোগের প্রসঙ্গে তারেক রহমান বলেন, প্রশাসন কথা না শুনলে তাঁকে জানাতে হবে। রাজনৈতিক আবেগের বদলে আত্মবিশ্বাস নিয়ে মাঠে কাজ করার পরামর্শও দেন তিনি। তবে দেশের বিভিন্ন প্রান্তে একের পর এক অগ্নিসংযোগ, হামলা ও প্রাণহানির ঘটনায় রাজনৈতিক উত্তেজনা যে আরও গভীর হচ্ছে, তা স্পষ্ট। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের ভূমিকা এবং দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়ার দিকেই এখন নজর।