বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

বিনোদন

ব্যতিক্রম রূপে আ খ ম হাসান, নেপথ্যের গল্প জানালেন নির্মাতা

ব্যতিক্রম রূপে আ খ ম হাসান, নেপথ্যের গল্প জানালেন নির্মাতা

অভিনয় জগতে তিনি অনেক পুরোনো, তার ক্যারিয়ারও বেশ দীর্ঘ। এতকাল মূলত ছোট পর্দাতেই ছিল তার একক আনাগোনা। শুরু থেকেই নিজের দুর্দান্ত অভিনয়গুণে দর্শকহৃদয় জয় করে নিয়েছেন তিনি। বিশেষ করে জনপ্রিয় নাট্যকার বৃন্দাবন দাসের রচনায় ‘রঙের মানুষ’ কিংবা ‘হারকিপটে’র মতো জনপ্রিয় ধারাবাহিক নাটকগুলোতে তার সাবলীল ও অনবদ্য উপস্থিতি এখনো দর্শকের মুখে মুখে ফেরে। বলা হচ্ছে দর্শকপ্রিয় অভিনেতা আ খ ম হাসানের কথা।

কালের পরিক্রমায় বিনোদনের মাধ্যম পাল্টাচ্ছে, দর্শক এখন ওটিটিমুখী হচ্ছেন। আর নতুন এই মাধ্যমে যখন ছোট পর্দার এমন দাপুটে ও পুরোনো অভিনেতাদের দেখা মেলে, তখন দর্শকেরা শুধু অভিভূতই হন না, নস্টালজিকও হয়ে পড়েন। আ খ ম হাসানের ক্ষেত্রেও ঠিক তেমনটাই ঘটেছে। ওটিটি প্ল্যাটফর্ম চরকি অরিজিনালের আসন্ন ওয়েব ফিল্ম ‘লাইফলাইন’–এ দেখা যাবে এই অভিনেতাকে।

সম্প্রতি ফেসবুকে আ খ ম হাসান নিজেই এই চলচ্চিত্রে তার চরিত্রটির একটি বিশেষ লুক শেয়ার করেন। যেখানে তাকে ভেজা চুলে, চোখে জল ও এক চরম আকুলতা মেশানো বিষণ্ণ ও আতঙ্কিত চাউনিতে তাকিয়ে থাকতে দেখা গেছে। নতুন এই লুক প্রকাশ পেতেই সামাজিক মাধ্যমে দর্শকদের মাঝে ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে।

ওয়েব ফিল্মটিতে আ খ ম হাসানকে বেছে নেওয়ার কারণ জানতে চাইলে এর পরিচালক কাজী আসাদ ঢাকা পোস্টকে জানান, ‘আমরা যে চরিত্রটির জন্য অভিনেতা খুঁজছিলাম, উনি সেটার সাথে একদম পারফেক্টলি ফিট করেন। আর সবচেয়ে বড় কথা, উনি তো আসলে অত্যন্ত দুর্দান্ত একজন অ্যাক্টর। তবে সামহাউ ওনাকে আমরা সবসময় একটু কমেডি বেসড কাজেই বেশি দেখে অভ্যস্ত। সিরিয়াস ক্যারেক্টারে হয়তো নির্মাতারা ওনাকে একটু কম কাজ করান। কিন্তু আমাদের গল্পের প্রয়োজনে, নির্দিষ্ট ক্যারেক্টারের জন্য ওনাকেই আমাদের দরকার ছিল।’ 

আ খ ম হাসানের এই রূপ দেখে দর্শকদের মাঝে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল ও ইতিবাচক প্রতিক্রিয়া। বিভিন্ন ফেসবুক পেজ ও কমেন্ট বক্সে দর্শকেরা তাদের ভালোলাগা ও নস্টালজিয়া প্রকাশ করছেন। অনেকেই মন্তব্য করেছেন, ওটিটিতে দীর্ঘ সময় ধরে তারা আ খ ম হাসানের মতো অভিনেতাদের অভাব অনুভব করছিলেন এবং যেকোনো ভালো ওয়েব সিরিজ দেখার সময় তার কথা মনে পড়ত। নেটিজেনদের মতে, তিনি একজন ‘জাত শিল্পী’ ও ‘কিংবদন্তি অভিনেতা’। দর্শকদের একাংশ আশা প্রকাশ করে লিখেছেন, আ খ ম হাসানের এখন নিয়মিত ওটিটি প্ল্যাটফর্মে কাজ করা উচিত এবং দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে নিজের অবস্থান আরও মজবুত করা প্রয়োজন।

নেটিজেনদের এমন দাবির সঙ্গে পুরোপুরি একমত পোষণ করেছেন খোদ নির্মাতা কাজী আসাদও। বলেন, ‘হ্যাঁ, এটা আমরাও চাই। আমরাও চাই বিধায়ই আসলে ওনাকে নিয়ে কাজ করছি। ওনার মতো অ্যাক্টরের আসলে আরও বেশি ভালো ভালো কাজ পাওয়া প্রয়োজন। আগে একটা সময় ওটিটি যেহেতু ছিল না, তাই অনেক গুণী শিল্পীকে প্রপারলি ইউটিলাইজ করার সুযোগ ছিল না; তখন একই টাইপের কনটেন্ট বা নাটক হচ্ছিল। এখন সুযোগ তৈরি হয়েছে, যে কারণে আমরা চেষ্টা করছি। ইনফ্যাক্ট আমার আগের কাজ দেখলেও দেখবেন যে, আমি ক্যারেক্টারের সাথে ফিট করলে সবসময় একটু পুরনো ও অভিজ্ঞ আর্টিস্টদেরই কাস্ট করার চেষ্টা করি।’

সামাজিক মাধ্যমে অনেকেই মনে করছেন, পুরোনো প্রজন্মের এমন অভিজ্ঞ অভিনেতারা যখন নতুন প্রজন্মের আধুনিক নির্মাতাদের সাথে কাজ করবেন, তখন তানিম নূরের সাথে মোশাররফ করিম বা চঞ্চল চৌধুরীর কোলাবোরেশনের মতোই দারুণ সব কনটেন্ট উপহার পাওয়া যাবে। আ খ ম হাসানকে যদি চঞ্চল চৌধুরী কিংবা মোশাররফ করিমদের মতো ওভাবে মেইন ক্যারেক্টারে এনে হাইলাইট করা হতো, তবে তিনি কতটা দুর্দান্ত পারফরম্যান্স দিতে পারতেন— এমন প্রশ্নের জবাবেও নির্মাতা কাজী আসাদ খানিকটা বাস্তবসম্মত ব্যাখ্যা দেন।

তার কথায়, ‘দেখেন, এইটা তো আসলে অনেক কিছুর ওপরে ডিপেন্ড করে। পারফর্মার তো আসলে পারফর্মারই। কোন পারফর্মার কীভাবে ফ্লোরিশ করবে এটা শুধু তার পারফরম্যান্সের ওপরে ডিপেন্ড করে না; ইন্ডাস্ট্রি পলিসি, পরিচালকদের চয়েস— অনেক কিছুর ওপরেই আসলে নির্ভর করে। তবে হ্যাঁ, উনি খুবই ভালো অ্যাক্টর এবং উনি যে জায়গায় এখন বিলং করেন, অবভিয়াসলি হয়তো আরও বেটার কাজ যদি উনি পেতেন তবে হয়তো আরও বেশি ফ্লোরিশ করতে পারতেন। আমরা যে পারপাসে ওনাকে কাস্ট করতে চেয়েছিলাম, সেটা অডিয়েন্স ফিল্মটা দেখলেই বুঝতে পারবে যে প্রপার কাজ হয়েছে।’

জনপ্রিয় এই অভিনেতার সাথে প্রথমবার কাজের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে পরিচালক কাজী আসাদ জানান, ওনার সাথে এটা প্রথম কাজ হলেও অভিজ্ঞতা খুব চমৎকার।

ওটিটির দুনিয়ায় আ খ ম হাসানের যাত্রা অবশ্য এবারই প্রথম নয়। এর আগে ওটিটি প্ল্যাটফর্ম ‘বঙ্গ’-তে মুক্তি পেয়েছিল তার অভিনীত ওয়েব ফিল্ম ‘তাজমহল’। সীমান্তের দুই প্রান্তের দুটি হৃদয়ের আবেগঘন এক প্রেমের গল্প নিয়ে নির্মিত সেই চলচ্চিত্রে অভিনেতা ফাইজুল ইয়ামিন এবং কলকাতার সৃজা দত্তর সঙ্গে অভিনয় করেছিলেন আ খ ম হাসান। তবে এবার ‘লাইফলাইন’–এর এই ভিন্নধর্মী ওটিটি কনটেন্টে নতুন রূপের আ খ ম হাসানকে দেখার জন্য দর্শকরা এখন মুখিয়ে আছেন।

‘লাইফলাইন’-এ আ খ ম হাসান ছাড়াও আরও একঝাঁক গুণী তারকা অভিনয় করেছেন। তাদের মধ্যে রয়েছেন বিদ্যা সিনহা মিম, গাজী রাকায়েত, খায়রুল আলম সবুজ, নাজনীন হাসান চুমকি, আনিসা নূর ও ফাতেমাতুজ জোহরা।

চলচ্চিত্রটির মূল গল্প লিখেছেন মাহমুদুল হাসান ও কাজী আসাদ। আর এর চিত্রনাট্য ও সংলাপ যৌথভাবে তৈরি করেছেন আসাদুজ্জামান আবীর ও কাজী আসাদ। এর আগে গত বুধবার বহুল প্রতীক্ষিত এই চরকি অরিজিনাল ফিল্মটির ট্রেলার প্রকাশ পেয়েছে। ট্রেলারে দেখা যায়, একজনকে খুঁজে বের করার জন্য এক কঠিন এবং দুর্গম যাত্রায় রওনা হয়েছেন শহুরে তরুণী অনন্যা, যে চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম। আর তার এই অনিশ্চিত ও ঝুঁকিপূর্ণ যাত্রায় সঙ্গী হয়েছেন কোরবান তথা রেজওয়ান পারভেজ। মূলত ভালোবাসা, দায়িত্ববোধ, সময়ের সঙ্গে লড়াই এবং এক অনিশ্চিত যাত্রার রোমাঞ্চকর গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘লাইফলাইন’। আগামী ২১ জুন ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেতে যাচ্ছে চলচ্চিত্রটি।

আরও

‘মুহূর্ত উপভোগের চেয়ে মানুষ এখন ভিডিও করতে বেশি ব্যস্ত’

বিনোদন

‘মুহূর্ত উপভোগের চেয়ে মানুষ এখন ভিডিও করতে বেশি ব্যস্ত’

প্রযুক্তির উৎকর্ষতায় আমূল বদলে গেছে মানুষের জীবন। অনুভূতিগুলো যেন ক্ষণস্থায়ী হয়ে উঠেছে সকলের। আজকাল গানের আসরেও মানুষ মন...

২০২৬-০৬-০৭ ১০:৫২

সালমান খানের আইনি নোটিশ ছিঁড়ে ফেললেন প্রযোজক

বিনোদন

সালমান খানের আইনি নোটিশ ছিঁড়ে ফেললেন প্রযোজক

কৃষ্ণসার হরিণ শিকারের বিতর্কিত ঘটনা নিয়ে নির্মিতব্য ‘কালা হিরাণ’ সিনেমার প্রযোজক অমিত জানিকে আইনি নোটিশ পাঠিয়েছেন বলিউড...

২০২৬-০৬-০৪ ২৩:৪৮

ববির বাসায় চুরির ঘটনায় গ্রেপ্তার ২, উদ্ধার ৪ ভরি স্বর্ণ

বিনোদন

ববির বাসায় চুরির ঘটনায় গ্রেপ্তার ২, উদ্ধার ৪ ভরি স্বর্ণ

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা ইয়ামিন হক ববির বাসায় চুরির ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেপ্তারকৃতরা...

২০২৬-০৬-০৪ ২৩:১৯