শিল্পীদের ভাষায় বনসাইকে বলা হয় ‘জীবন্ত শিল্প’। কারণ, একটি গাছকে ছাঁটাই, বাঁকানো ও পরিচর্যার মাধ্যমে নির্দিষ্ট আকৃতি দিয়ে নান্দনিক রূপ দেওয়া হয়। প্রাচীন মিসরীয় সভ্যতায় পাত্র বা টবে গাছ ও গাছের চারা রোপণের ইতিহাস পাওয়া যায়। বর্তমানে ভারত ও চীনে বনসাইয়ের উল্লেখযোগ্য চর্চা রয়েছে। এ ছাড়া থাইল্যান্ড, জাপান, দক্ষিণ কোরিয়া ও ভিয়েতনামেও বিভিন্ন আকার ও পদ্ধতিতে বনসাই চর্চা করা হয়।
বনসাই করার উপযুক্ত গাছ
সাধারণত যেসব গাছের বৃদ্ধি ধীরগতির, কাণ্ড মোটা হয় এবং দীর্ঘদিন সতেজ থাকে, সেসব গাছ বনসাই করার জন্য উপযোগী। বয়স বাড়ার সঙ্গে যেসব গাছের ছাল মোটা হয়, সেগুলোও বনসাইয়ের জন্য ভালো।
কিছু গাছের শিকড় ছাঁটাই করার পরও নতুন শিকড় গজানোর সক্ষমতা থাকে। এসব গাছ বনসাই হিসেবে দীর্ঘদিন বেঁচে থাকতে পারে। তবে যে স্থান বা দেশে বনসাই করা হবে, সেখানকার আবহাওয়ার সঙ্গে গাছের উপযোগিতা বিবেচনা করা জরুরি।
বীজ থেকে গাছ তৈরি করার চেয়ে কাটিং, কলম বা গ্রাফটিংয়ের মাধ্যমে চারা তৈরি করলে বনসাইয়ের আকৃতি নির্ধারণ করা তুলনামূলক সহজ হয়। এতে গাছের কাণ্ড ও শাখা-প্রশাখা প্রয়োজন অনুযায়ী আকৃতি দেওয়া যায়।
বনসাইয়ের মাটি
বনসাইয়ের জন্য পানি নিষ্কাশন উপযোগী দো-আঁশ মাটি ব্যবহার করা ভালো। মাটির সঙ্গে কম্পোস্ট, বালি, ইটের গুঁড়া, পাথরের গুঁড়া, পোড়ামাটির গুঁড়া ও ছাই মেশানো যেতে পারে। প্রয়োজনে কেঁচো সার বা গোবর সারও ব্যবহার করা যায়।
তবে মাটি এমনভাবে প্রস্তুত করতে হবে, যাতে অতিরিক্ত পানি সহজে বের হয়ে যেতে পারে। টবে পানি জমে থাকলে গাছের শিকড় ক্ষতিগ্রস্ত হতে পারে এবং বনসাই মারা যাওয়ার আশঙ্কা থাকে।
চারা সংগ্রহ
বনসাইয়ের জন্য বিভিন্ন স্থান থেকে চারা সংগ্রহ করা যায়। বীজ থেকে চারা তৈরি করার পাশাপাশি কাটিং, লেয়ারিং ও এয়ার লেয়ারিংয়ের মাধ্যমেও চারা সংগ্রহ করা সম্ভব। নার্সারি থেকেও বনসাইয়ের উপযোগী চারা সংগ্রহ করা যায়।
বট, পাকুড় ও অশ্বত্থের মতো গাছের ছোট চারা অনেক সময় পুরোনো দেয়াল বা ইটের স্তূপ থেকেও সংগ্রহ করা যায়। এসব গাছের স্বাভাবিক বৃদ্ধির ধরন ও কাণ্ডের গঠন বনসাই তৈরির জন্য উপযোগী হতে পারে।
বনসাইয়ের টব বা পাত্র
বনসাইয়ের জন্য সাধারণত বড় পাত্রের প্রয়োজন হয় না। অপেক্ষাকৃত ছোট ও অগভীর পাত্রেই বনসাই চাষ করা হয়। তবে পাত্রের নিচে পানি নিষ্কাশনের জন্য অবশ্যই ছিদ্র থাকতে হবে।
পাত্রে পানি জমে থাকলে শিকড়ের স্বাভাবিক বৃদ্ধি বাধাগ্রস্ত হতে পারে। এমনকি অতিরিক্ত পানি জমে থাকলে গাছ মারা যেতে পারে।
কখন বনসাই করবেন
সাধারণত বর্ষাকালে বনসাইয়ের চারা সংগ্রহ ও রোপণের উপযোগী সময় পাওয়া যায়। তবে সঠিক পরিবেশ ও পরিচর্যার ব্যবস্থা থাকলে বছরের অন্যান্য সময়েও বনসাই করা সম্ভব।
সঠিক গাছ নির্বাচন, উপযুক্ত মাটি, ছোট পাত্র এবং নিয়মিত ছাঁটাই ও পরিচর্যার মাধ্যমে একটি সাধারণ গাছকেও দীর্ঘদিন ধরে নান্দনিক বনসাইয়ে রূপ দেওয়া যায়।
টিএস