শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাব্য দিনক্ষণ এবং তাঁকে আনতে বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থার উড়োজাহাজ চাওয়ার বিষয়টি ঘিরে মঙ্গলবার ঢাকার রাজনৈতিক ও কূটনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিদেশি কূটনীতিকদের সঙ্গে সরকারের বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই প্রসঙ্গে কড়া প্রতিক্রিয়া জানান হুমায়ুন কবির।
‘বাস্তবতা আর আকাঙ্ক্ষা এক নয়’
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, কেউ মনে মনে দেশে ফেরার স্বপ্ন দেখতে পারেন, এমনকি ঘুমের মধ্যে দুঃস্বপ্নও দেখতে পারেন। কিন্তু সেই আকাঙ্ক্ষার সঙ্গে বাস্তব পরিস্থিতির কোনও মিল নেই। তার কথায়, “তিনি স্বাভাবিক বাণিজ্যিক ফ্লাইটের যাত্রী নন।” হাসিনাকে ফিরিয়ে আনার একমাত্র পথ প্রত্যর্পণ বলেও দাবি করেন তিনি। বলেন, তাঁকে দেশে ফেরানো হলে হ্যান্ডকাফ পরিয়ে অথবা কঠোর নিরাপত্তা ও পর্যবেক্ষণের মধ্যে দিয়েই আনতে হবে।
হুমায়ুনের বক্তব্য, অর্থ ব্যয় করে পরামর্শদাতা নিয়োগ করে নানা ধরনের বিবৃতি বা লেখা প্রকাশ করা যেতে পারে। কিন্তু তাতে বাস্তব পরিস্থিতির পরিবর্তন হয় না। তাঁর কথায়, “রিয়েলিটি (বাস্তবতা) আর ডিজায়ার (আকাঙ্ক্ষা) দুই জিনিস। আপনাকে দুটোর মধ্যে পার্থক্য করতে হবে।”
মঙ্গলবার একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের (রয়টার্স) প্রতিবেদনে বলা হয়েছে, হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী জানিয়েছেন, আগামী ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান আওয়ামী লীগ সভাপতি। তাঁকে দেশে ফেরানোর জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজের ব্যবস্থা করতে সরকারের কাছে আবেদন জানানো হয়েছে। মোজাম্মেল আলীর বক্তব্য, সংবিধানবহির্ভূতভাবে হাসিনাকে নির্বাসনে পাঠানোর পর বিজয় দিবসে তাঁর প্রত্যাবর্তন নিশ্চিত করা সরকারের দায়িত্ব।
নির্দিষ্ট দিন উল্লেখ করে দেশে ফেরার ইচ্ছা প্রকাশ এই প্রথম। ফলে বাংলাদেশের রাজনৈতিক ও আইনি পরিস্থিতিতে নতুন করে উত্তেজনা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
‘পলাতক আসামির জন্য বিমান চাওয়া বিরল ঘটনা’
হাসিনার প্রত্যাবর্তনের দাবিকে আরও কঠোর ভাষায় আক্রমণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি মো. আমিনুল ইসলাম। মঙ্গলবার নিজের কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন, একজন পলাতক আসামির হয়ে অন্য কারও বিমান চাওয়ার ঘটনা পৃথিবীতে বিরল। তার মতে, এই দাবি কোনও ভাবেই গ্রহণযোগ্য নয়।
আমিনুলের বক্তব্য, মুখপাত্রের মাধ্যমে উড়োজাহাজ চাওয়ার বিষয়টি ‘উন্মাদনা’ ছাড়া কিছু নয়। বিদেশে অবস্থানরত সাজাপ্রাপ্ত ও বিচারাধীন আসামিদের বিভিন্ন রাজনৈতিক তৎপরতা প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের ভূখণ্ডের বাইরে তাঁরা কী করছেন, তা নিয়ে সংশ্লিষ্ট দেশের সঙ্গে কূটনৈতিক চ্যানেলেই যোগাযোগ করা সম্ভব।
তবে বিদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের কর্মকাণ্ড বাংলাদেশের ভাবমূর্তিকে প্রভাবিত করছে বলে দাবি করেন প্রধান কৌঁসুলি। তাঁর বক্তব্য, এসব তৎপরতার মধ্য দিয়ে আওয়ামী লীগ এবং তার সদস্যদের বিরুদ্ধে ওঠা অভিযোগ আন্তর্জাতিক মহলে আরও দৃশ্যমান হচ্ছে। দলটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে প্রমাণিত করা গেলে বিচারের মাধ্যমে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রয়োজন হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার নিয়ে আমিনুল জানান, দলটির বিরুদ্ধে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিচারের একটি অভিযোগ রয়েছে। একজন প্রতিমন্ত্রী ওই অভিযোগের আবেদনকারী এবং তদন্ত চলছে। তদন্ত শেষ হলে পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানানো হবে।
কূটনীতিকদের সামনে সরকারের অবস্থান
মঙ্গলবার সকালে ঢাকার বিদেশি দূতাবাস, জাতিসংঘ এবং আন্তর্জাতিক সংস্থাগুলির প্রধানদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমন্ত্রণ জানিয়ে দেশের সামগ্রিক পরিস্থিতি তুলে ধরে সরকার। ব্রিফিং করেন হুমায়ুন কবির। তাঁর দাবি, এটি ছিল নিয়মিত কূটনৈতিক মতবিনিময়ের অংশ। বিনিয়োগ, বাণিজ্য, সরকারের নীতি এবং সন্ত্রাসবাদ মোকাবিলায় বাংলাদেশের অবস্থান নিয়ে আলোচনা হয়েছে।
প্রতিমন্ত্রীর বক্তব্য, সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ এবং এ বিষয়ে সরকারের অবস্থানও কঠোর। আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে সাম্প্রতিক সহিংসতার প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, বিচ্ছিন্ন হামলা চালিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানোর চেষ্টা হচ্ছে। কিন্তু তার উল্টো প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। তাঁর দাবি, আতঙ্কিত হচ্ছে হামলাকারীরাই।
‘জয় বাংলা’ স্লোগান প্রসঙ্গে কটাক্ষ করে হুমায়ুন বলেন, স্লোগান দিয়ে কেউ কেউ পালিয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে। একই সঙ্গে তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার দৃঢ় অবস্থান নেবে এবং আওয়ামী লীগের যে কোনও সন্ত্রাসী কর্মকাণ্ডের মোকাবিলা করবে।
কাদের সন্ত্রাসী বলা হচ্ছে, সাংবাদিকদের এমন প্রশ্নে হুমায়ুন সরাসরি আওয়ামী লীগকে দায়ী করেন। তাঁর অভিযোগ, বাংলাদেশে সন্ত্রাসবাদে হাসিনার ভূমিকা রয়েছে এবং দিল্লি থেকে তাঁর মদতেই এই কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। তিনি আরও বলেন, বর্তমান সরকার জনগণের বিপুল সমর্থন নিয়ে ক্ষমতায় এসেছে। তাই পরিস্থিতি মোকাবিলায় তারা আত্মবিশ্বাসী।
পাসপোর্ট-এনআইডি নিয়েও চিঠি
হাসিনার দেশে ফেরার প্রস্তুতি নিয়ে এর আগে আরও একটি পদক্ষেপের কথা সামনে এসেছে। গত ৯ নভেম্বর দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনকে চিঠি দিয়ে নতুন পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়েছিল ম্যাট্রিক্স চেম্বার্স। ১৯ নভেম্বর ওই অনুরোধের অগ্রগতি জানতে ফের চিঠি দেন সংস্থাটির আইনজীবী স্টিভেন পাওলস। তার পাঁচ দিন পরই হাসিনার মুখপাত্রের তরফে বিজয় দিবসে ফেরার জন্য বিমান চাওয়ার বিষয়টি প্রকাশ্যে আসে।
এর আগে হাসিনা জানিয়েছিলেন, ডিসেম্বরেই দেশে ফিরতে চান তিনি এবং আদালতে আত্মসমর্পণ করতে প্রস্তুত। তবে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় তাঁর প্রত্যাবর্তন ঘিরে অনিশ্চয়তা কাটেনি। আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ। দলের বহু শীর্ষ নেতা ভারতে অথবা অন্য দেশে আত্মগোপনে রয়েছেন, অনেকে কারাগারে।
গত বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২০২৪ সালের গণঅভ্যুত্থান দমনে প্রাণঘাতী অভিযান চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগে হাসিনার অনুপস্থিতিতেই তাঁকে মৃত্যুদণ্ড দেয়। ভারত থেকে তিনি অভিযোগ অস্বীকার করে আসছেন।
রবিবার বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানিয়েছেন, হাসিনা দেশে ফিরলে তাঁকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হবে। তাঁকে ফিরিয়ে আনতে বিমান পাঠানো নিয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের সরকারের কোনও আনুষ্ঠানিক আলোচনাও হয়নি।
ফলে ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করলেও হাসিনার প্রত্যাবর্তনের প্রশ্নে দিল্লি ও ঢাকার মধ্যে কূটনৈতিক যোগাযোগ, প্রত্যর্পণ প্রক্রিয়া এবং বাংলাদেশের আইনি অবস্থানই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিজয় দিবসে তাঁর দেশে ফেরা আদৌ সম্ভব কি না, তার উত্তর এখনও স্পষ্ট নয়।