ঢাকার রাজনৈতিক মহলে এখন আলোচনার কেন্দ্রে প্রধানমন্ত্রীর এই উদ্যোগ। রবিবার সন্ধ্যায় লন্ডন থেকে দেশে ফেরার কথা এনসিপির আহ্বায়ক তথা জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের। সোমবার দুপুরে তাঁর নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদল তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসবে। দলের বাকি প্রতিনিধিদের নাম নাহিদের সঙ্গে আলোচনা করেই চূড়ান্ত করা হবে বলে এনসিপি সূত্রের খবর।
প্রধানমন্ত্রীর আমন্ত্রণকে ইতিবাচক বলেই দেখছে এনসিপি। তবে ঐক্যের প্রশ্নে তাদের অবস্থানও স্পষ্ট। দলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার জানিয়েছেন, ২৩ নভেম্বরের বৈঠকে অংশ নেবে এনসিপি। তাঁর বক্তব্য, জাতীয় ঐক্যের ভিত্তি হতে হবে গণভোটের রায় কার্যকর করা, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিচার এবং জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যার বিচার।
এনসিপির সদস্যসচিব তথা সাংসদ আখতার হোসেনের কথাতেও সেই শর্তের ইঙ্গিত রয়েছে। তাঁর মতে, ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলির মধ্যে স্বাভাবিক একটি ঐক্য আগে থেকেই ছিল। এখন নতুন করে ঐক্যের প্রয়োজনীয়তা দেখা দেওয়ার অর্থ, সেই বোঝাপড়ায় কোথাও ফাটল ধরেছে। কেন এমন পরিস্থিতি তৈরি হয়েছে, তা চিহ্নিত করে ঐক্যের স্থায়ী ভিত্তি তৈরি করা জরুরি।
জুলাই সনদই বিরোধীদের ঐক্যের শর্ত
তারেকের সংলাপের উদ্যোগকে বুঝতে গেলে জুলাই গণ-অভ্যুত্থান-পরবর্তী রাজনৈতিক সমীকরণের দিকে তাকাতে হবে। শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগবিরোধী দলগুলির মধ্যে যে রাজনৈতিক সমন্বয় তৈরি হয়েছিল, তা এখন আগের মতো অটুট নেই। বিশেষত জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং গণভোটের রায় কার্যকর করা নিয়ে সরকার ও বিরোধীদের মধ্যে মতপার্থক্য প্রকাশ্যে এসেছে।
গত বুধবার সংসদের অধিবেশনের শেষ দিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে একান্ত বৈঠক হয় বিরোধী দলনেতা তথা জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের। সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রায় ১৫ মিনিটের ওই আলোচনায় আওয়ামী লীগের নাশকতা মোকাবিলায় বিরোধীদের একজোট করার প্রস্তাব দেন প্রধানমন্ত্রী। সর্বদলীয় মিছিলের বিষয়েও কথা হয় বলে জামায়াতের সাংসদদের দাবি।
তবে শফিকুর রহমান পাল্টা রাজনৈতিক দলগুলির সঙ্গে সংলাপের পরামর্শ দেন। জামায়াত সূত্রের বক্তব্য, তাঁর মতে, জুলাই জাতীয় সনদের ভিত্তিতেই ফ্যাসিবাদবিরোধী ঐক্য গড়ে উঠেছিল। সেই ঐক্য ফিরিয়ে আনতে হলে সরকারকে সনদ এবং গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। জামায়াতের সাংসদ সাইফুল আলম খান মিলনের দাবি, বিরোধী দলনেতার বক্তব্য মনোযোগ দিয়ে শুনেছেন প্রধানমন্ত্রী এবং তাঁর মনোভাব ইতিবাচক ছিল।
এই বৈঠকের পরেই রাজনৈতিক দলগুলির সঙ্গে পৃথক আলোচনার প্রস্তুতি শুরু হয়েছে বলে বিএনপি ও সরকার-ঘনিষ্ঠ সূত্রের খবর। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সংলাপ আয়োজনের পরিকল্পনা রয়েছে। গোটা প্রক্রিয়া তত্ত্বাবধান করছে প্রধানমন্ত্রীর দফতর। এনসিপির পর জামায়াতে ইসলামী-সহ অন্যান্য দলের সঙ্গেও আলোচনার সম্ভাবনা রয়েছে। তবে আমন্ত্রিত দলের তালিকা ও আলোচনার বিষয় এখনও চূড়ান্ত হয়নি।
শফিকুর রহমান বর্তমানে অস্ট্রেলিয়া সফরে রয়েছেন। সেখান থেকে মালয়েশিয়া যাওয়ার কথা তাঁর। ২৬ নভেম্বর দেশে ফেরার কথা জামায়াত আমিরের।
নাশকতার অভিযোগে বাড়ছে রাজনৈতিক চাপ
প্রধানমন্ত্রীর উদ্যোগের নেপথ্যে রয়েছে সাম্প্রতিক হিংসার ঘটনাও। শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরবেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা করার পর গোপালগঞ্জ-সহ বিভিন্ন জেলায় ককটেল বিস্ফোরণ, যানবাহনে আগুন, পুলিশের একাধিক স্থাপনায় হামলা এবং গ্রামীণ ব্যাংকের শাখা কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বিএনপির সাংসদ ও নেতাদের বাড়িতেও হামলা এবং অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।
বাংলাদেশ পুলিশের দাবি, এসব ঘটনার সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনগুলির নেতা-কর্মীরা যুক্ত। যদিও প্রতিটি ঘটনার দায় স্বাধীনভাবে যাচাই করা যায়নি। অন্য দিকে, বিভিন্ন হামলার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর আওয়ামী লীগের কিছু নেতা-কর্মীকে তা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গিয়েছে বলে অভিযোগ।
গত ১৮ নভেম্বর জাতীয় সংসদে আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ বলে উল্লেখ করেন তারেক রহমান। তাঁর বক্তব্য, এই গোষ্ঠীকে আর মাথা তুলে দাঁড়াতে দেওয়া যাবে না। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তিগুলিকে এক মঞ্চে আসার আহ্বান জানান তিনি।
পরদিন ১৯ নভেম্বর জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের বৈঠকে প্রধানমন্ত্রীর আহ্বানকে স্বাগত জানানো হয়। তবে জোটের নেতারা স্পষ্ট করেন, ঐক্যের ভিত্তি হতে হবে গণভোটের রায় বাস্তবায়ন। শনিবার ঢাকায় বিক্ষোভ কর্মসূচিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারও একই দাবি জানান।
১১-দলীয় ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আযাদের অভিযোগ, জুলাই সনদ বাস্তবায়নে সরকারের গড়িমসির কারণেই ফ্যাসিবাদবিরোধী ঐক্য দুর্বল হয়েছে। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হকও জানিয়েছেন, সাত দফা দাবি থেকে তাঁরা সরছেন না। জনগণের মতামতের বাইরে কোনও পদক্ষেপ নেবে না জোট। জুলাই সনদ, গণভোটের রায় এবং জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষাকেই ঐক্যের ভিত্তি করতে হবে বলে তাঁর বক্তব্য।
সংসদ থেকে রাজপথে প্রতিরোধের প্রস্তুতি
রাজনৈতিক সংলাপের পাশাপাশি আওয়ামী লীগের বিরুদ্ধে সাংগঠনিক প্রতিরোধের প্রস্তাবও উঠেছে সংসদে। বুধবার জামায়াতের সাংসদ নাজিবুর রহমান প্রতিটি সংসদীয় আসনে সাংসদদের নেতৃত্বে ফ্যাসিবাদ প্রতিরোধ কমিটি গঠনের প্রস্তাব দেন। গোপালগঞ্জে এক সাংসদের বাড়িতে আগুন এবং স্থানীয় এক জামায়াত নেতার দোকান পুড়িয়ে দেওয়া ও লুটের অভিযোগ তুলে তিনি প্রশাসনের মধ্যেও ফ্যাসিবাদের প্রভাব থাকার দাবি করেন। এ ক্ষেত্রে শুধু বদলি নয়, কঠোর শাস্তির ব্যবস্থা করার আহ্বান জানান তিনি।
অন্য দিকে, আওয়ামী লীগের নাশকতা মোকাবিলায় বিএনপির সাংসদদের নিজেদের নির্বাচনী এলাকায় সক্রিয় থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। বুধবার বিএনপির সংসদীয় দলের বৈঠকে অধিবেশন শেষ হওয়ার পর সাংসদদের এলাকায় ফিরে পরিস্থিতির উপর নজর রাখতে বলেন তারেক। ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশও দেন তিনি বলে দলীয় সূত্রের খবর।