বার্তা সংস্থা রয়টার্সকে মঙ্গলবার এসব তথ্য জানিয়েছেন শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী। তাঁর দেওয়া বিবৃতি অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশি উড়োজাহাজে করেই ভারতে গিয়েছিলেন শেখ হাসিনা। এবারও একইভাবে দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্য সরকারের কাছে বিমান পাঠানোর আহ্বান জানিয়েছেন তিনি।
মুখপাত্রের ভাষ্য, সংবিধানবিরোধী পরিস্থিতিতে তাঁকে দেশত্যাগে বাধ্য করা হয়েছিল। তাই বিজয় দিবসে দেশে ফেরার ব্যবস্থা করা সরকারের দায়িত্ব।
তবে এই দাবিতে সাড়া দিতে রাজি নয় বাংলাদেশ সরকার। রয়টার্সকে পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, শেখ হাসিনা একজন দণ্ডিত অপরাধী ও পলাতক আসামি। তাঁকে দেশে ফিরতে হলে প্রত্যর্পণ চুক্তির আওতায় ভারতের মাধ্যমে আসতে হবে। সে ক্ষেত্রে তাঁকে গ্রেপ্তার করে কঠোর নজরদারিতে রাখা হবে বলেও জানান তিনি। শেখ হাসিনার জন্য বিশেষ উড়োজাহাজ পাঠানোর অনুরোধকে সরকার বিবেচনা করবে না বলেও স্পষ্ট করেছেন প্রতিমন্ত্রী।
শেখ হাসিনার বিরুদ্ধে ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন দমনে প্রাণঘাতী অভিযান পরিচালনার নির্দেশ দেওয়ার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলা হয়। গত বছর তাঁর অনুপস্থিতিতেই বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁকে মৃত্যুদণ্ড দেন। তবে নির্বাসনে থাকা শেখ হাসিনা এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি আমিনুল ইসলামও শেখ হাসিনার নিজ উদ্যোগে দেশে ফেরার প্রত্যাশাকে অযৌক্তিক বলে মন্তব্য করেছেন। তাঁর মতে, দণ্ডিত পলাতক আসামির প্রত্যাবর্তনের জন্য সরকারের বিমান পাঠানোর কোনো কারণ নেই।
এদিকে শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের অনুরোধ ভারত বিবেচনা করছে বলে গত এপ্রিলে জানিয়েছিল দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি নয়াদিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় রয়টার্সের সর্বশেষ প্রশ্নেরও তাৎক্ষণিক জবাব দেয়নি।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি মাসের শুরুতে নতুন পাসপোর্ট ও অন্যান্য নথিপত্র পাওয়ার উদ্যোগ নেওয়ার পর বাংলাদেশে তাঁকে ঘিরে রাজনৈতিক ও আইনি উত্তেজনা বেড়েছে। জাতিসংঘের হিসাব অনুযায়ী, ২০২৪ সালের আন্দোলন ও সহিংসতায় নিহতের সংখ্যা ১ হাজার ৪০০ পর্যন্ত হতে পারে।