ইরানের আন্তর্জাতিক ফ্লাইটের ওপর যুক্তরাষ্ট্রের জারি করা নিষেধজ্ঞা নিয়ে প্রতিবেশী দেশগুলোকে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সর্বোচ্চ নিরাপত্তা সংস্থা সুপ্রিম সিকিউরিটি কাউন্সিলের প্রধান নির্বাহী অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহসিন রেজায়ী।
তিনি বলেছেন, প্রতিবেশী দেশগুলো যদি যুক্তরাষ্ট্রের এ নিষেধাজ্ঞা বাস্তবায়নে সহযোগিতা করে, তাহলে তাদের ফ্লাইট ও বিমানবন্দরগুলো ইরানের প্রতিরক্ষা বাহিনীর লক্ষ্যবস্তুতে পরিণত হবে।
গত কাল বৃহস্পতিবার ইরানের আধা সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মোহসিন রেজায়ী বলেছেন, “যদি প্রতিবেশি দেশগুলো ইরানের আন্তর্জাতিক ফ্লাইট বন্ধের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করে, সেক্ষেত্রে আমরা নিশ্চিত করে বলছি যে তাদের বিমানবন্দরগুলো আর কার্যকর থাকবে না। আমরা পদক্ষেপ নেবো।”
গত ১৯ আগস্ট ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধাভিযান ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সে অভিযানের অংশ হিসেবে গত ২১ সেপ্টেম্বর ইরানের আন্তর্জাতিক ফ্লাইটে নিষেধাজ্ঞা জারির ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। এ দিন মার্কিন সংবাদমাধ্যম এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “২৩ সেপ্টেম্বর থেকে ইরানের বৈশ্বিক বিমান পরিষেবা বন্ধ হয়ে যাচ্ছে। এ দিন থেকে কোনো ইরানি বিমান পরিষেবা সংস্থার উড়োজাহাজ যদি বিদেশের কোনো বিমান বন্দরে অবতরণ করে— সেটি জ্বালানি পাবে না, ল্যান্ডিং পরিষেবা পাবে না এমনকি কোনো বিদেশি বিমান বন্দরে ইরানি কোনো বিমানের টিকিটও বিক্রি করা যাবে না।”