যুক্তরাজ্যের ভিসা ও অভিবাসন বিভাগ (ইউকেভিআই)-এর নতুন এক পরিসংখ্যানে উঠে এসেছে উদ্বেগজনক এই চিত্র। চলতি বছরের মে থেকে অক্টোবর পর্যন্ত ছয় মাসে ভিসার বিশ্বাসযোগ্যতা যাচাইয়ের জন্য সাক্ষাৎকার নেওয়া হয়েছে ১১ হাজার ৪১৫ জন সম্ভাব্য শিক্ষার্থীর। তাঁদের মধ্যে ৯ হাজার ৪৩ জনকে বিশ্বাসযোগ্য মনে করেননি কর্মকর্তারা। অর্থাৎ সাক্ষাৎকারে অংশ নেওয়া শিক্ষার্থীদের ৭৯ শতাংশের আবেদন প্রত্যাখ্যাত হয়েছে। দ্য পিআইই নিউজের হাতে আসা ইউকেভিআইয়ের গবেষণা ও খাতভিত্তিক ব্রিফিং প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
দেশভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, সাক্ষাৎকারের পর ভিসা প্রত্যাখ্যানের হারে সবচেয়ে এগিয়ে নেপাল। দেশটির ৯২ শতাংশ শিক্ষার্থীর আবেদন বাতিল হয়েছে। দ্বিতীয় অবস্থানে ভারত, তাদের প্রত্যাখ্যানের হার ৮৯ শতাংশ। নাইজেরিয়ার ক্ষেত্রে এই হার ৮৪ শতাংশ। বাংলাদেশ ও শ্রীলঙ্কার ৭৯ শতাংশ এবং পাকিস্তানের ৭৩ শতাংশ শিক্ষার্থীর আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে। তবে ইউকেভিআই সতর্ক করেছে, মাত্র ছয় মাসের তথ্য দিয়ে পুরো বছরের পরিস্থিতি বিচার করা ঠিক হবে না।
প্রতিবেদনে ভিসা প্রত্যাখ্যানের কয়েকটি কারণও তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে পছন্দের বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠান সম্পর্কে পর্যাপ্ত ধারণা না থাকা, কেন যুক্তরাজ্যে পড়তে যেতে চান তার যথাযথ ব্যাখ্যা দিতে না পারা এবং নির্বাচিত শিক্ষাক্রম ভবিষ্যৎ পরিকল্পনার সঙ্গে কীভাবে সম্পর্কিত, তা বোঝাতে ব্যর্থ হওয়া। পাশাপাশি ইংরেজিতে দক্ষতার ঘাটতি এবং পড়াশোনার খরচের অর্থের উৎস নিয়েও প্রশ্ন তুলছে কর্তৃপক্ষ।
এদিকে নির্দিষ্ট কিছু দেশের শিক্ষার্থীদের সাক্ষাৎকারে ডাকার প্রবণতাও বেড়েছে। বিশেষ করে নাইজেরিয়ার ক্ষেত্রে ২০২৫ সালের তুলনায় ২০২৬ সালে সাক্ষাৎকারের হার ৭ শতাংশ থেকে বেড়ে ২১ শতাংশ হয়েছে। ইউকেভিআইয়ের ভাষ্য, আবেদনকারীদের মধ্যে পরিবর্তিত প্রবণতা ও ঝুঁকি বিবেচনায় নিয়ে বাড়তি যাচাই-বাছাই করা হচ্ছে।
তবে শিক্ষার্থী ভিসায় কঠোর যাচাইয়ের উদ্দেশ্য আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা কমানো নয় বলে জানিয়েছেন ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়ার্ক, স্টাডি, ফ্যামিলি অ্যান্ড ইউক্রেন সার্ভিসেস বিভাগের প্রধান অলিভার রে। তাঁর মতে, প্রকৃত শিক্ষার্থীদের শনাক্ত করাই কর্তৃপক্ষের অগ্রাধিকার। একই সঙ্গে তিনি স্বীকার করেছেন, সব ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্ত যে সঠিক হয়, তা নয়।
ভিসা প্রত্যাখ্যানের পাশাপাশি আশ্রয় আবেদনের পরিসংখ্যানও বাংলাদেশের জন্য উদ্বেগের। যুক্তরাজ্যে পড়তে যাওয়া আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে আশ্রয় চাওয়ার প্রবণতায় পাকিস্তান রয়েছে শীর্ষে। এরপর ভারত, বাংলাদেশ ও নাইজেরিয়া। এর আগে আশ্রয় আবেদনের ঝুঁকি বিবেচনায় আফগানিস্তান, ক্যামেরুন, সুদান ও মিয়ানমারের নাগরিকদের শিক্ষার্থী ভিসার ক্ষেত্রে বিশেষ বিধিনিষেধ আরোপ করেছিল ব্রিটিশ সরকার।