বিশ্ববিদ্যালয়ে ভর্তি বাড়ছে, কমছে চাকরির সুযোগ—
সংকটের মধ্যেই আগামী সেপ্টেম্বরে যুক্তরাজ্যে রেকর্ড ২ লাখ ৬২ হাজার ৮২০ জন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। ফলে উচ্চশিক্ষা শেষে চাকরির বাজারে প্রবেশ করতে যাওয়া তরুণদের জন্য প্রতিযোগিতা আরও কঠিন হয়ে উঠতে পারে।
গ্র্যাজুয়েটদের চাকরির বাজারের অবনতির চিত্র আরও স্পষ্ট হয় কয়েক বছর আগের পরিসংখ্যানের সঙ্গে তুলনা করলে। ২০১৭ সালে যুক্তরাজ্যে গ্র্যাজুয়েটদের জন্য ৫৫ হাজারের বেশি চাকরির সুযোগ ছিল। এবার সেই সংখ্যা ১০ হাজারের নিচে নেমে এসেছে।
স্বাস্থ্যসেবা ও আতিথেয়তা খাতেও কমেছে নিয়োগ—
অ্যাডজুনা জানিয়েছে, স্বাস্থ্যসেবা, নার্সিং, আতিথেয়তা, লজিস্টিকসসহ বিভিন্ন খাতে চাকরির বিজ্ঞপ্তি কমেছে। প্রতিষ্ঠানটির মতে, বসন্তে চাকরির বাজারে যে পুনরুদ্ধারের ইঙ্গিত দেখা গিয়েছিল, তা এখন আবার উল্টো দিকে যাচ্ছে। অ্যাডজুনার সহপ্রতিষ্ঠাতা অ্যান্ড্রু হান্টার বলেন, জুলাইয়ের পরিসংখ্যান কোনো সাময়িক ওঠানামা নয়, বরং পরিস্থিতির অবনতির ইঙ্গিত। এক বছরের ব্যবধানে চাকরির সুযোগ কমার হার আরও বেড়েছে এবং প্রতি চাকরির বিপরীতে আবেদনকারীর সংখ্যাও গত বছরের তুলনায় বেশি হয়েছে।
এআই ও বাড়তি শ্রম ব্যয়ে চাপ—
যুক্তরাজ্যের চাকরির বাজারে নিয়োগ কমার পেছনে ব্যবসায়ীদের বাড়তি শ্রম ব্যয়ের চাপও ভূমিকা রাখছে। জাতীয় বিমা অবদান ও ন্যূনতম মজুরি বৃদ্ধির কারণে প্রতিষ্ঠানগুলোর কর্মী নিয়োগের খরচ বেড়েছে।
এর পাশাপাশি কিছু কোম্পানি নতুন কর্মী নিয়োগের পরিবর্তে অটোমেশন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিতে বিনিয়োগকে অগ্রাধিকার দিচ্ছে। বিশেষ করে এন্ট্রি-লেভেল বা ক্যারিয়ারের শুরুর দিকের কিছু চাকরি এআইয়ের কারণে ঝুঁকির মুখে পড়েছে।
প্রায় ১০ লাখ তরুণ শিক্ষা ও চাকরির বাইরে—
চাকরির বাজারের এই পরিস্থিতির প্রভাব তরুণদের মধ্যেও পড়ছে। যুক্তরাজ্যের অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিসটিকসের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম প্রান্তিকে দেশটিতে প্রায় ১০ লাখ তরুণ শিক্ষা, চাকরি বা প্রশিক্ষণের বাইরে ছিলেন। তাঁদের ‘নিট’ (NEET) বলা হয়।
কয়েকটি খাতে বাড়ছে চাকরি—
তবে সব খাতে চাকরির সুযোগ কমেনি। অ্যাডজুনার তথ্য অনুযায়ী, সদ্য পাস করা তরুণদের জন্য ভ্রমণ, শিক্ষকতা, নির্মাণ ও কারিগরি এবং উৎপাদন খাতে চাকরির সংখ্যা বেড়েছে।
অ্যান্ড্রু হান্টার বলেন, পরিস্থিতি পুরোপুরি খারাপ নয়। শিক্ষকতা, ভ্রমণ এবং বাণিজ্য ও নির্মাণ খাতে এখনো চাকরির সুযোগ বাড়ছে, উৎপাদন খাতও একই পথে এগোচ্ছে। তবে এসব খাতের তালিকা খুবই ছোট। ফলে অন্যান্য খাতের চাকরিপ্রার্থীদের জন্য তিন মাস আগের তুলনায় এখন পরিস্থিতি আরও কঠিন।