রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

অন্যান্য

ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে ১৪৪টি প্রতিবেদনের লেখক রহস্যে ঘেরা ‘আহসান তাসনিম’

ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে ১৪৪টি প্রতিবেদনের লেখক রহস্যে ঘেরা ‘আহসান তাসনিম’

বাংলাদেশ নিয়ে ভারতের সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হচ্ছে নিয়মিত। কখনো রাজনীতি, কখনো কূটনীতি, কখনো দুই দেশের সম্পর্ক কিংবা অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে বিশ্লেষণ। এসব খবরের মধ্যে একটি নাম বেশ পরিচিত হয়ে উঠেছে—আহসান তাসনিম। ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া-তে বাংলাদেশবিষয়ক একের পর এক প্রতিবেদন প্রকাশিত হচ্ছে তাঁর নামে। ২০২৪ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত তাঁর নামে অন্তত ১৪৪টি প্রতিবেদন শনাক্ত করা গেছে। পরিচয় দেওয়া হচ্ছে ঢাকায় কর্মরত সংবাদদাতা হিসেবে। অথচ বিস্ময়করভাবে তাঁর ছবি নেই, বিস্তারিত পেশাগত পরিচয় নেই, এমনকি সাংবাদিক মহলেও পরিচিত নন তিনি। তাহলে কে এই আহসান তাসনিম?

সম্প্রতি গঙ্গার পানি বণ্টন চুক্তি নিয়ে তাঁর নামে প্রকাশিত একটি প্রতিবেদন নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে।

বাংলাদেশ ও ভারতের মধ্যে ১৯৯৬ সালে সই হওয়া ৩০ বছর মেয়াদি গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ১২ ডিসেম্বর। এর আগে ২৩ নভেম্বর *টাইমস অব ইন্ডিয়া* প্রকাশ করে ‘Dhaka seeks Ganga treaty renewal, drops demand for fresh deal’ শিরোনামের একটি প্রতিবেদন। এতে দাবি করা হয়, নতুন চুক্তির দাবি থেকে সরে এসে বিদ্যমান চুক্তি নবায়নের দিকে এগোচ্ছে বাংলাদেশ।

প্রতিবেদনের মূল অংশে অবশ্য এ বিষয়ে কিছুটা অনিশ্চয়তা রাখা হয়েছে। বলা হয়েছে, চুক্তি নবায়ন কিংবা অন্তর্বর্তীকালীন মেয়াদ বাড়ানোর বিষয়টি দুই দেশের রাজনৈতিক নেতৃত্বের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। কিন্তু শিরোনামে বাংলাদেশের অবস্থান পরিবর্তনের বিষয়টি অনেকটাই নিশ্চিত করে উপস্থাপন করা হয়েছে।

বাংলাদেশের সরকারি অবস্থান কী বলছে?

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বাংলাদেশ নতুন চুক্তির দাবি থেকে সরে এসেছে—এমন বক্তব্যের পক্ষে নির্দিষ্ট কোনো সরকারি নথি, সংশ্লিষ্ট কর্মকর্তার বক্তব্য কিংবা সুনির্দিষ্ট তথ্যসূত্র তুলে ধরা হয়নি।

অথচ বাংলাদেশের সরকারি বক্তব্যে পাওয়া যাচ্ছে ভিন্ন অবস্থান। গত ৮ অক্টোবর বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) এক প্রতিবেদনে পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী জানিয়েছিলেন, সরকার পুরোনো চুক্তি শুধু নবায়ন করতে চায় না; বরং নতুন অথবা সংশোধিত চুক্তির পক্ষে। শুষ্ক মৌসুমে বাংলাদেশের প্রয়োজনীয় পানিপ্রবাহ নিশ্চিত করতে গ্যারান্টি ব্যবস্থা রাখার ওপরও গুরুত্ব দিয়েছিলেন তিনি।

মন্ত্রী বলেছিলেন, ‘১৯৯৬ সালের গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ এ বছরই শেষ হচ্ছে। বর্তমান চুক্তি শুধু নবায়ন না করে বাংলাদেশ সরকার নতুন বা সংশোধিত চুক্তি চায়। এতে বাংলাদেশের প্রয়োজনীয় শুষ্ক মৌসুমের পানি নিশ্চিত করতে গ্যারান্টি ব্যবস্থা থাকা গুরুত্বপূর্ণ। আমাদের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় এটি খুবই গুরুত্বপূর্ণ।’

পরবর্তী সময়ে গঙ্গা চুক্তি নিয়ে ভারতের সঙ্গে যোগাযোগের উদ্যোগের কথাও জানান পানিসম্পদমন্ত্রী। তাঁর ভাষ্য অনুযায়ী, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রতিবেশী দেশকে দুটি চিঠি পাঠানো হয়েছে। ব্যক্তিগতভাবেও চিঠি পাঠিয়েছিলেন তিনি। কিন্তু কোনো চিঠিরই জবাব পাওয়া যায়নি।

এ ছাড়া ১৯ নভেম্বর গঙ্গা চুক্তি নিয়ে কারিগরি কমিটির সংবাদ বিজ্ঞপ্তিতেও নতুন চুক্তির দাবি প্রত্যাহারের কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। ফলে বাংলাদেশ অবস্থান পরিবর্তন করেছে—টাইমস অব ইন্ডিয়ার এমন দাবির পক্ষে প্রকাশিত তথ্যগুলো যথেষ্ট নয়।

১৪৪টি প্রতিবেদন, অথচ লেখকের পরিচয় অজানা

আহসান তাসনিমের নামে প্রকাশিত প্রতিবেদনগুলোর তালিকা পর্যালোচনা করলে দেখা যায়, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, সংখ্যালঘু সম্প্রদায়, শেখ হাসিনা, ভারত-বাংলাদেশ সম্পর্ক ও কূটনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে নিয়মিত লিখেছেন তিনি।

২০২৪ সালের অক্টোবর থেকে তাঁর নামে প্রতিবেদন প্রকাশের তথ্য পাওয়া যায়। পুরোনো প্রতিবেদনগুলোর একটি ‘Bangladesh's Hindus mull cancelling Durga Puja amid security concerns’। এটি সর্বশেষ হালনাগাদ করা হয়েছিল ২০২৪ সালের ৮ অক্টোবর।

চলতি বছরের ১ অক্টোবর প্রকাশিত একটি প্রতিবেদনেও তাঁকে টাইমস অব ইন্ডিয়ার ঢাকাস্থ সংবাদদাতা হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে।

কিন্তু এতগুলো প্রতিবেদনের লেখকের ব্যক্তিগত পরিচয় সম্পর্কে সংবাদমাধ্যমটির ওয়েবসাইটে বিস্তারিত কোনো তথ্য নেই। নেই তাঁর ছবি, পূর্ববর্তী কর্মস্থল, পেশাগত জীবনের বিবরণ কিংবা যোগাযোগের ঠিকানা। ফেসবুক, এক্স ও লিংকডইনসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে নামের একাধিক বানানে অনুসন্ধান করেও তাঁর সঙ্গে নির্ভরযোগ্যভাবে সংশ্লিষ্ট কোনো অ্যাকাউন্ট শনাক্ত করা যায়নি।

সাংবাদিকদের কাছেও অপরিচিত

আহসান তাসনিমের পরিচয় নিশ্চিত করতে বাংলাদেশের সাংবাদিক সংগঠনগুলোর কয়েকজন প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

ইন্ডিয়ান মিডিয়া করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ইমক্যাব) যুগ্ম সাধারণ সম্পাদক মীর আফরোজ জামান জানিয়েছেন, তাঁদের সংগঠনের সদস্যদের মধ্যে আহসান তাসনিম নামে কেউ নেই। টাইমস অব ইন্ডিয়ার বাংলাদেশ প্রতিনিধি হিসেবে তাঁর পরিচয় সম্পর্কেও নিশ্চিত কোনো তথ্য দিতে পারেননি তিনি।

বাংলাদেশি জার্নালিস্টস ইন ইন্টারন্যাশনাল মিডিয়ার (বিজেআইএম) প্রতিষ্ঠাতা আহ্বায়ক স্যাম জাহানও জানিয়েছেন, এই নামে কোনো সাংবাদিককে তিনি চেনেন না। সংগঠনটির ৩৫ জন সদস্যের মধ্যে টাইমস অব ইন্ডিয়ার কোনো প্রতিনিধি নেই।

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ডিক্যাব) সভাপতি এ কে এম মঈনুদ্দিন জানিয়েছেন, তাঁদের ৪০ সদস্যের তালিকায়ও এই নামে কেউ নেই। একইভাবে ওভারসিজ করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ওকাব) সভাপতি নজরুল ইসলাম মিঠু জানিয়েছেন, তাঁদের ৫৪ সদস্যের মধ্যে টাইমস অব ইন্ডিয়ার কোনো প্রতিনিধি নেই।

দিল্লিতেও মেলেনি খোঁজ

আহসান তাসনিমের পরিচয় নিয়ে অনুসন্ধানের চেষ্টা করেছিলেন নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সাবেক মিনিস্টার (প্রেস) ফয়সাল মাহমুদও। তিনি বাংলাদেশি জার্নালিস্টস ইন ইন্টারন্যাশনাল মিডিয়ার (বিজেআইএম) সাবেক সদস্যসচিব।

দিল্লিতে দায়িত্ব পালনের সময় টাইমস অব ইন্ডিয়ার দিল্লি ও মুম্বাই কার্যালয়ে যোগাযোগ করেছিলেন তিনি। উদ্দেশ্য ছিল আহসান তাসনিমের সঙ্গে সাক্ষাৎ করে তাঁর পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া। কিন্তু সংবাদমাধ্যমটির কাছ থেকে কোনো সাড়া কিংবা সাক্ষাতের সময় পাননি।

ফয়সাল মাহমুদের ভাষায়, ‘আমি কোনো ট্রেস পাইনি ভদ্রলোকের।’

সামাজিক যোগাযোগমাধ্যমেও অনুসন্ধান চালিয়েছিলেন তিনি। এক্সে একই নামে একটি অ্যাকাউন্ট থাকার সম্ভাবনা থাকলেও সেটিকে বিশ্বাসযোগ্য মনে হয়নি। বাংলাদেশে টাইমস অব ইন্ডিয়ার কোনো প্রতিনিধি থাকার তথ্যও তাঁর জানা নেই। তাঁর ভাষ্য, গত সাত-আট বছরে বাংলাদেশে সংবাদমাধ্যমটির কোনো প্রতিনিধি ছিলেন না।

একই দাবি ছড়িয়েছে একাধিক ভারতীয় সংবাদমাধ্যমে

গঙ্গা চুক্তি নিয়ে বাংলাদেশের অবস্থান পরিবর্তনের দাবিটি শুধু টাইমস অব ইন্ডিয়াতেই সীমাবদ্ধ থাকেনি। ভারতের একাধিক ইংরেজি, হিন্দি ও বাংলা সংবাদমাধ্যমেও একই ধরনের প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

২৩ নভেম্বর হিন্দি সংবাদমাধ্যম দৈনিক জাগরণ দাবি করে, নতুন চুক্তির দাবি ছেড়ে বিদ্যমান চুক্তি নবায়নে রাজি হয়েছে বাংলাদেশ। একই দিন সপ্তাশ্ব টিভি, নিউজবাইটস, নর্থইস্ট নাউ, আরএনএ মিডিয়া ও নিউজ কর্ণাটকেও কাছাকাছি বক্তব্যের প্রতিবেদন প্রকাশিত হয়।

এসব প্রতিবেদনের কয়েকটিতে তথ্যের উৎস হিসেবে টাইমস অব ইন্ডিয়ার নাম উল্লেখ করা হয়েছে। পরদিন ২৪ নভেম্বর *দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস*ও কয়েকটি প্রতিবেদনের বরাতে জানায়, নতুন চুক্তির পরিবর্তে বিদ্যমান চুক্তি নবায়নে বাংলাদেশ সম্মত বলে মনে হচ্ছে। তবে সেখানেও সূত্রগুলোর পরিচয় সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়নি।

ভারতের বাংলা সংবাদমাধ্যম কলকাতা২৪x৭ বাংলাদেশের অবস্থান পরিবর্তনকে ভারতের কঠোর অবস্থানের ফল হিসেবে উপস্থাপন করে। অন্যদিকে দ্য নবদিগন্ত টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনটি মূল লিংকসহ পুনঃপ্রকাশ করে।

জবাব মেলেনি টাইমস অব ইন্ডিয়ার

আহসান তাসনিমের পরিচয় এবং গঙ্গা চুক্তি নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যসূত্র সম্পর্কে জানতে টাইমস অব ইন্ডিয়ার সম্পাদকীয় কর্তৃপক্ষের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করা হয়েছে।

সংবাদমাধ্যমটির গ্রিভ্যান্স অফিসার ইন্দ্রজিৎ রায়ের কার্যালয়ে ফোন ও ইমেইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। পাশাপাশি ম্যানেজিং এডিটর রোহিত শরণের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করা হয়েছিল। কিন্তু তাঁদের কারও কাছ থেকেই সাড়া পাওয়া যায়নি।

এ ছাড়া টাইমস অব ইন্ডিয়ার সম্পাদকীয় কর্তৃপক্ষ এবং আহসান তাসনিমের সঙ্গে যৌথভাবে প্রতিবেদন প্রকাশ করেছেন কিংবা তাঁর কাছ থেকে তথ্য নিয়েছেন—এমন কয়েকজন সাংবাদিকের প্রকাশ্য পেশাগত ইমেইল ঠিকানায় যোগাযোগ করা হয়। প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ফলে প্রশ্ন দুটি এখনো অমীমাংসিত। প্রথমত, গঙ্গা চুক্তি নিয়ে বাংলাদেশের অবস্থান পরিবর্তনের দাবির নির্ভরযোগ্য ভিত্তি কী? দ্বিতীয়ত, টাইমস অব ইন্ডিয়ায় বাংলাদেশের সংবাদদাতা হিসেবে পরিচিত আহসান তাসনিমের প্রকৃত পেশাগত পরিচয় কী?

১৪৪টি প্রতিবেদনের বাইলাইন একজন সাংবাদিকের দীর্ঘ কর্মতৎপরতার ইঙ্গিত দিতে পারে। কিন্তু সেই পরিচয়ের পক্ষে দৃশ্যমান পেশাগত তথ্য, সহকর্মীদের স্বীকৃতি কিংবা সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের স্পষ্ট বক্তব্য না থাকলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে। অনুসন্ধানে আহসান তাসনিমের অস্তিত্ব নেই—এমন সিদ্ধান্তে পৌঁছানোর মতো প্রমাণ পাওয়া যায়নি। তবে তাঁর পরিচয়ও স্বাধীনভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।

আর গঙ্গা চুক্তির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে কোনো দেশের অবস্থান পরিবর্তনের খবর প্রকাশের ক্ষেত্রে শুধু একটি অজ্ঞাত সূত্রের ওপর নির্ভর করা কতটা যুক্তিসংগত, সেই প্রশ্নও থেকে যাচ্ছে।

আরও

কুশনার-এমবিজেডের ঘনিষ্ঠতা থেকে কাতার অবরোধ: মধ্যপ্রাচ্যের ক্ষমতার নেপথ্য কাহিনি

অন্যান্য

কুশনার-এমবিজেডের ঘনিষ্ঠতা থেকে কাতার অবরোধ: মধ্যপ্রাচ্যের ক্ষমতার নেপথ্য কাহিনি

জ্যারেড কুশনারকে ঘিরে অভিযোগগুলো শুধু ব্যক্তিগত সম্পর্ক বা পারিবারিক দ্বন্দ্বের গল্প নয়। এর সঙ্গে জড়িয়ে আছে মধ্যপ্রাচ্যে...

২০২৬-১১-২৮ ১০:২২

গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে আমার দেশ সম্পাদকের বাসায় পুলিশ

অন্যান্য

গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে আমার দেশ সম্পাদকের বাসায় পুলিশ

আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের বাসায় গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে হাজির হয়েছেন পুলিশের এক উপপরিদর্শক (এসআই)। বুধব...

২০২৬-১১-২৬ ১৫:৫১

ক্যামেলটের সোনালি পর্দার আড়ালে, কেনেডির জীবনে যেসব নারী ঘিরে ছিলেন বিতর্ক

অন্যান্য

ক্যামেলটের সোনালি পর্দার আড়ালে, কেনেডির জীবনে যেসব নারী ঘিরে ছিলেন বিতর্ক

১৯৬২ সালের ১৯ মে। নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির ৪৫তম জন্মদিনের আয়োজন। একে একে মঞ...

২০২৬-১১-২৬ ১১:৪৭

হাসির দৃশ্যের আড়ালে আচরণের পাঠ, ‘ব্যাচেলর পয়েন্ট’ কী শেখাচ্ছে দর্শককে?

অন্যান্য

হাসির দৃশ্যের আড়ালে আচরণের পাঠ, ‘ব্যাচেলর পয়েন্ট’ কী শেখাচ্ছে দর্শককে?

একটি সংলাপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ছে, কোনো চরিত্রের অঙ্গভঙ্গি তরুণদের আড্ডায় জায়গা করে নিচ্ছে, আবার কোনো দৃশ্য থ...

২০২৬-১১-২৬ ১১:৪৫

বিদেশের দোকানে ‘মেড ইন বাংলাদেশ’, ট্যাগের আড়ালে শ্রমিকের গল্প

অন্যান্য

বিদেশের দোকানে ‘মেড ইন বাংলাদেশ’, ট্যাগের আড়ালে শ্রমিকের গল্প

প্রবাসে কেনাকাটার কোনো দোকানে হঠাৎ চোখে পড়ে পরিচিত দুটি শব্দ—‘মেড ইন বাংলাদেশ’। পোশাকের ট্যাগে দেশের নাম দেখে থমকে দাঁড়া...

২০২৬-১১-২৫ ১১:৫৪

বনানীর বটগাছে বিরল অতিথি, ঢাকায় দেখা মিলল সাদাগলা ফুটকির

অন্যান্য

বনানীর বটগাছে বিরল অতিথি, ঢাকায় দেখা মিলল সাদাগলা ফুটকির

রাজধানীর ব্যস্ত সড়ক, যানজট আর বহুতল ভবনের ভিড়ে হঠাৎই এক বিরল অতিথির আগমন। বনানীর ১১ নম্বর ব্রিজের পাশের একটি বটগাছে দেখা...

২০২৬-১১-২৫ ১১:৪৯