তিনি বলেন, স্থানীয় নির্বাচনকে সামনে রেখে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সাংগঠনিক শক্তি বাড়াতে কমিটি গঠন অত্যন্ত জরুরি। এ লক্ষ্যেই দেশের প্রতিটি জেলায় সফর করছে এনসিপি।
শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর জেলা কমিটির সমন্বয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন সারজিস আলম। পৌর শহরের সোনারবাংলা চাইনিজ রেস্টুরেন্টে এনসিপির জেলা কমিটির ব্যানারে এ সভার আয়োজন করা হয়।
সারজিস বলেন, “দেশের প্রত্যেকটি ইউনিয়নে সাংগঠনিক কমিটি থাকবে। এবার স্থানীয় নির্বাচনে দেশের প্রত্যেকটি ইউনিয়নে এনসিপি থেকে প্রার্থী ঘোষণা করতে চাই। এনসিপি থেকে একজন করে প্রাথমিকভাবে সমর্থন দেবো।”
তিনি বলেন, এই প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি বড় রাজনৈতিক দল হিসেবে এনসিপির গড়ে ওঠা এবং আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন হবে।
বিএনপিকে সারজিসের সতর্কবার্তা
বিএনপির উদ্দেশে সারজিস আলম বলেন, সংসদে বিরোধী দলকে যথাযথভাবে কথা বলার সুযোগ দিতে হবে। সংসদকে এককভাবে সরকারদলীয় সংসদে পরিণত করার চেষ্টা দেশের গণতান্ত্রিক চর্চার জন্য ভালো ফল বয়ে আনবে না বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, “বিরোধী দলকে রিসিভ করতে শিখুন, তাদের কথা বলতে দিন। আপনারা এ বিষয়গুলো সংশোধন করে কাজ করেন। আপনারা যদি দেশের মানুষের জন্য কাজ করেন, আমরা সহযোগিতা করবো।”
তবে সরকার জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে গেলে এনসিপি জনগণের পক্ষে অবস্থান নেবে বলেও জানান তিনি।
‘বিএনপি সরকার ব্যর্থতার দিকে যাচ্ছে’
বিএনপি নেতৃত্বাধীন সরকারের ছয় মাসের কর্মকাণ্ড নিয়েও সমালোচনা করেন সারজিস আলম। তিনি বলেন, সরকার জ্বালানি ও আইনশৃঙ্খলাসহ কয়েকটি খাতকে অগ্রাধিকার দেওয়ার কথা বললেও এসব ক্ষেত্রে তারা ব্যর্থ হয়েছে।
তার অভিযোগ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। মধ্যবিত্ত শ্রেণির মানুষও ঋণগ্রস্ত হয়ে পড়ছেন এবং স্বাভাবিক জীবনযাপন করতে পারছেন না।
সারজিস আরও বলেন, মানুষ ঠিকমতো গ্যাস পাচ্ছে না, বিদ্যুৎ সংকট রয়েছে এবং বিভিন্ন কলকারখানা থেকে কর্মী ছাঁটাই করা হচ্ছে। এসব কারণে বিএনপি সরকার ধীরে ধীরে ব্যর্থতার দিকে যাচ্ছে বলেও দাবি করেন তিনি।
বিভাগীয় শহরে লংমার্চ
১১ দলীয় জোটের লংমার্চ কর্মসূচি প্রসঙ্গে সারজিস বলেন, জনগণের দাবিগুলো তুলে ধরতে বিভাগীয় শহরগুলোতে লংমার্চ কর্মসূচি পালন করা হচ্ছে।
তিনি বলেন, বিরোধী দল হিসেবে এবং সরকারের শুভাকাঙ্ক্ষী হিসেবেও জনগণের দাবির বিষয়ে সরকারের সঙ্গে সরাসরি কথা বলতে চান তারা। একই সঙ্গে সরকারের কোথায় ব্যর্থতা রয়েছে, তা জনগণের সামনে তুলে ধরার লক্ষ্যেও মাঠে থাকবে এনসিপি।
সারজিসের ভাষ্য, “মাঠ পর্যায়ে মানুষের কাছে তারা ধীরে ধীরে অজনপ্রিয় হয়ে পড়ছে।”