ক্ষতিগ্রস্ত কৃষক মাসুম আলী জানান, তিনি রাজনগর গ্রামের মাঠে ৩০ শতক জমিতে প্রায় ২০০টি কলাগাছ রোপণ করেন। দীর্ঘদিন ধরে পরিচর্যা করে গাছগুলো বড় করে তুলছিলেন তিনি। শনিবার রাতে কে বা কারা তার কলাবাগানে ঢুকে ১৫০টি কলাগাছ কেটে দেয়।
রোববার সকালে জমিতে গিয়ে কাটা অবস্থায় কলাগাছগুলো পড়ে থাকতে দেখে হতবাক হয়ে যান মাসুম আলী। পরে বিষয়টি স্থানীয়দের জানান তিনি। এ ঘটনায় তার প্রায় ৭০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
স্থানীয়রা জানান, রাতের আঁধারে এভাবে একটি কৃষকের কলাগাছ কেটে দেওয়ার ঘটনায় এলাকায় উদ্বেগ সৃষ্টি হয়েছে। তারা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এ ঘটনায় কৃষক মাসুম আলী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।